
গেল বছর বলিউডের বক্স অফিস মাত হয়েছে শাহরুখের এক্সপ্রেস, সুপার হিরো কৃষের ঝড়, আমিরের ধুম আর দীপিকার লীলায়। রমরমিয়ে বক্স অফিসে হিটের সারি নিয়ে বাণিজ্য করেছে একরাশ সিক্যুয়েল ছবি। তবে বড় বাজেটের কিছু তারকাবহুল ছবিও মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। আবার অপেক্ষাকৃত কম বাজেটে তৈরি, নতুন মুখ নিয়ে গতানুগতিক ধারার বাইরে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের কাহিনি ও নির্মাণের কারণে সমালোচকদের প্রশংসা অর্জন করেছে বেশ কয়েকটি ছবি। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় বছরজুড়ে যেমন মেতেছিল বলিউডের বক্স অফিস, তেমনি নানা ঘটনা আর রটনায় বলিউড ভরপুর ছিল পুরো বছর
জিয়ার নিঃশব্দ বিদায়
বছরের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা ছিল জিয়া খানের আত্মহত্যা। ৩ জুন মুম্বাইয়ের জুহু বিচ-সংলগ্ন নিজ বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বছর পঁচিশের এই বলিউড অভিনেত্রী। প্রাথমিকভাবে সন্দেহের তির তাঁর প্রেমিক সুরাজ পাঞ্চলির দিকে গেলেও জিয়ার এই অকালমৃত্যুর রহস্য প্রতিনিয়ত নিয়েছে নতুন মোড়।
শাহরুখ-সালমানের কোলাকুলি
২০০৮ সালে সালমান খানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের জন্মদিনে এক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল দুই খানের মনোমালিন্য। এর পর থেকে বন্ধ হয়ে গিয়েছিল দুজনের মুখ দেখাদেখি। গেল বছরের রমজান মাসে রাজনীতিবিদ বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে পরস্পরকে জড়িয়ে ধরে পাঁচ বছরের সবচেয়ে আলোচিত শত্রুতার অবসান ঘটিয়ে আবারও বন্ধু হন শাহরুখ-সালমান। তবে বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতরে দূরত্ব খুব একটা যে কমেনি দুই খানের, এটা সবাই জানে।
বি কুইন দীপিকা
বলতে গেলে অবিশ্বাস্য একটা বছর কাটালেন দীপিকা পাড়ুকোন। একই বছর চারটি ব্লকবাস্টার (রেস টু, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, গলিয়োঁ কি রাসলীলা-রামলীলা) হিটের রেকর্ড এবং বক্স অফিসকে ভারত থেকে ৬০০ কোটি রুপির বেশি এনে দেওয়ার অনন্য রেকর্ড খান সাহেবরাও কখনো করে দেখাতে পারেননি। দীপিকা পাড়ুকোনই এখন বলিউডের সবচেয়ে সফল তারকা, বলিউডের সম্রাজ্ঞী।
বিচ্ছেদে হৃতিক-সুজান
বছরের শেষে এসে বলিউডপ্রেমীদের জন্য চরম হতাশার খবর ছিল হৃতিক রোশন ও তাঁর স্ত্রী সুজানের বিচ্ছেদ। কৃষ থ্রি মুক্তির পরপরই মিডিয়াতে জোর গুঞ্জন উঠেছিল, ঘর ভাঙছে হৃতিকের। তখন এই খবর রোশন পরিবার গুজব হিসেবে উড়িয়ে দিলেও ডিসেম্বরের ১৩ তারিখে বিচ্ছেদের খবর নিশ্চিত করেন হূতিক। এদিকে হৃতিক ও সুজানের বিচ্ছেদের পেছনে বলিউডের অভিনেতা অর্জুন রামপালের হাত রয়েছে বলে খবর প্রকাশিত হলেও বিষয়টি অস্বীকার করেন অর্জুন।
বলিউডের নতুন তারারা
গেল বছর নতুন মুখের মিছিলটা অনেক সম্ভাবনার উজ্জ্বল আলোয় দীপ্ত। ছোট পর্দা থেকে আসা সুদর্শন অভিনেতা সুশান্ত সিং রাজপুত কাই পো চে ও শুদ্ধ দেশি রোমান্স ছবি দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন। রানঝানা ছবিতে সহজ-সাবলীল অভিনয়ের চমক দেখিয়েছেন দক্ষিণী সিনেমার
অভিনেতা ও ‘কোলাবেরি ডি’খ্যাত গায়ক ধানুশ। নতুন অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে মনীশ পাল (মিকি ভাইরাস), বরুণ শর্মা (ফুকরে, ওয়ার্নিং), নিম্রাতকৌর (দ্য লাঞ্চ বক্স), বাণী কাপুর (শুদ্ধ দেশি রোমান্স), তাপসী পান্নু (চশমে বাদ্দুর), রামচরণ তেজা (জাঞ্জির) প্রমুখ দর্শক-সমালোচকদের প্রশংসা অর্জন করেছেন।
বলিউড হারিয়েছে যাঁদের
গেল বছর মৃত্যুবরণ করেছেন বলিউডের অন্যতম প্রবীণ অভিনেতা প্রাণ। দীর্ঘ সময় অসুস্থ থাকার পর ১২ জুলাই ৯৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন একসময়ের জনপ্রিয় এই অভিনেতা। এ ছাড়া ২০১৩ সালে মারা গেছেন কিংবদন্তি গায়ক মান্না দে, প্রবীণ অভিনেতা জগদীশ রাজ, গুণী নির্মাতা ঋতুপর্ণ ঘোষ, প্রবীণ অভিনেতা ফারুক শেখ প্রমুখ।
একনজরে বলিউড বক্স অফিস

১০ ব্যবসাসফল ছবি
১. কৃষ থ্রি (২৪৪ কোটি রুপি) ২. চেন্নাই এক্সপ্রেস (২২৭ কোটি) ৩. ধুম থ্রি (২১১ কোটি, মাত্র নয় দিনের আয়) ৪. ইয়ে জাওয়ানি হে দিওয়ানি (১৮৯ কোটি) ৫. গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা (১১৬ কোটি) ৬. ভাগ মিলখা ভাগ (১০৮ কোটি) ৭. গ্র্যান্ড মাস্তি (১০২ কোটি) ৮. রেস টু (১০০ কোটি) ৯. আশিকি টু (৭৮ কোটি) ১০. স্পেশাল ছাব্বিশ (৬৬ কোটি) (ভারতীয় বক্স অফিসে আয়ের ভিত্তিতে)
এ ছাড়া সত্যাগ্রহ, আর...রাজকুমার, শুট আউট অ্যাট ওয়াডালা, রানঝানা, কাই পো চে, শুদ্ধ দেশি রোমান্স, এনি বডি ক্যান ড্যান্স, মাদ্রাজ ক্যাফে ছবিগুলো প্রযোজকদের মুখে হাসি ফুটিয়েছে।
১০ সমালোচকপ্রিয় ছবি
১. দ্য লাঞ্চ বক্স ২. শিপ অব থেসাস ৩. শহীদ ৪. লুটেরা ৫. কাই পো চে ৬. বোম্বে টকিজ ৭. স্পেশাল ছাব্বিশ ৮. মাদ্রাজ ক্যাফে ৯. রানঝানা ১০. শুদ্ধ দেশি রোমান্স
এ ছাড়া ভাগ মিলখা ভাগ, ডি-ডে, গো গোয়া গোন, ফাকরে, বিএ পাস, সত্যাগ্রহ, মাতরু কি বিজলি কা মানডোলা, বুলেট রাজা, শুট আউট অ্যাট ওয়াডালা ছবিগুলো সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।
ফ্লপের খাতায় ১০
জাঞ্জির, বস, ওয়ানস আপন অ্যা টাইম ইন মুম্বাই দোবারা, ফাটা পোস্টার নিকলা হিরো, গৌরী তেরে পেয়ার ম্যায়, মাতরু কি বিজলি কা মানডোলা, বুলেট রাজা, বেশরম, সত্য টু ও রাজ্জো ।
আলোচিত পাঁচ নায়ক
১. আমির খান ২. শাহরুখ খান ৩. হূতিক রোশন ৪. রণবীর কাপুর ৫. রণবীর সিং
এ ছাড়া ফারহান আখতার (ভাগ মিলখা ভাগ), জন এব্রাহাম (রেস টু, শুট আউট অ্যাট ওয়াডালা, মাদ্রাজ ক্যাফে), আদিত্য রায় কাপুর (আশিকি টু, ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি), সাইফ আলী খান (রেস টু), অনিল কাপুর (রেস টু), বিবেক ওবেরয় (কৃষ থ্রি, গ্র্যান্ড মাস্তি), অক্ষয় কুমার স্পেশাল ছাব্বিশ), শহীদ কাপুর (আর...রাজকুমার), অভিষেক বচ্চন (ধুম থ্রি), রিতেশ দেশমুখের (গ্র্যান্ড মাস্তি) অভিনয় প্রশংসিত হয়েছে।
আলোচিত পাঁচ নায়িকা
১. দীপিকা পাড়ুকোন ২. ক্যাটরিনা কাইফ ৩. প্রিয়াংকা চোপড়া ৪. সোনম কাপুর ৫. শ্রদ্ধা কাপুর
এ ছাড়া প্রশংসিত হয়েছে সোনাক্ষী সিনহা (লুটেরা, আর...রাজকুমার), পরিণীতি চোপড়া (শুদ্ধ দেশি রোমান্স), কঙ্গনা রনৌতের (কৃষ থ্রি, শুট আউট অ্যাট ওয়াডালা) অভিনয়।
সাজিদুল হক
জিনিউজ, ইন্ডিয়া টাইমস, বক্স অফিস ইন্ডিয়া, বলিউড হাঙ্গামা, মুম্বাই মিরর, উইকিপেডিয়া, আইএমডিবি অবলম্বনে