বলিউড: অস্কার আজও অধরা
সত্যজিৎ রায় ১৯৯২ সালে সম্মানসূচক অস্কার জিতলেও এখন পর্যন্ত কোনো বলিউডের ছবি বিশ্বের সবচে মর্যাদাপূর্ণ এ পুরস্কার ঘরে তুলতে পারেনি। গত এক দশকে বলিউডের ছবি অস্কারে পাঠানো নিয়ে বারবার বিতর্ক উঠেছে। অস্কারের জন্য ছবি বাছাইয়ের ক্ষেত্রে অদূরদর্শিতা, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ তুলেছেন চলচ্চিত্রবোদ্ধা ও সমালোচকেরা। এমনকি বাছাই-প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে আদালতে মামলাও হয়েছে এবং রায় এসেছে মামলার পক্ষে। সম্প্রতি অস্কারে পাঠানোর জন্য ২০টি চলচ্চিত্র থেকে বাছাই করে মনোনয়ন দেওয়া হয়েছে বাঙালি বংশোদ্ভূত বলিউডের চিত্রনির্মাতা অনুরাগ বসুর ‘বরফি’ ছবিটি। আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ৮৫তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে প্রতিযোগিতায় অংশ নেবে সদ্য মুক্তি পাওয়া ছবিটি। যথারীতি এবারও বিতর্ক উঠেছে ছবি মনোনয়ন নিয়ে।প্রখ্যাত বাঙালি চিত্রনির্মাতা ঋতুপর্ণ ঘোষ বলেছেন, ‘আমি নিশ্চিত নই, অস্কারের জন্য “বরফি” ছবিটি বাছাই করার সিদ্ধান্ত আদৌ সঠিক কি না। আমি বুঝি না, অস্কারের মতো সম্মানজনক পুরস্কারের জন্য আঞ্চলিক ছবিগুলো কেন উপেক্ষা করা হয়। বিগত পাঁচ বছরে মাত্র দুটি আঞ্চলিক ছবি অস্কারে পাঠানো হয়েছে। ভারতে অনেক মানসম্পন্ন আঞ্চলিক ছবি নির্মিত হয়েছে। দেশের বাইরে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সেগুলো প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ছবিগুলো অস্কারে পাঠানোর জন্য বিবেচনা করা হয়নি। মনে প্রশ্ন জাগে, তবে কি ভারতীয় ছবি মানে কেবল বলিউডের ছবি!’ ২০০২ সালে মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বনসালি পরিচালিত সাহিত্যনির্ভর ছবি ‘দেবদাস’। ৫০ কোটি ভারতীয় রুপি বাজেটের ছবিটি ছিল তখন পর্যন্ত বলিউডের ইতিহাসে সবচে ব্যয়বহুল। সে বছর ‘দ্য লিজেন্ড অব ভগত সিং’, ‘কাভি খুশি কাভি গম’, ‘অগ্নিবর্ষা’ ও তামিল ছবি ‘কানাথিল মুতথামিত্তাল’কে পেছনে ফেলে অস্কারে যাওয়ার টিকিট পেয়ে যায় ‘দেবদাস’। এতে ক্ষোভ প্রকাশ করে নির্মাতা ডেভিড ধাওয়ান বলেছিলেন, ‘আমার মতে, “দেবদাস”-এর পরিবর্তে “ভগত সিং” ছবিটি মনোনয়ন করা উচিত ছিল। কারণ, সব দিক থেকে অস্কারে যাওয়ার যোগ্যতা বেশি ছিল এই ছবির। ভালো নির্মাণশৈলীর পাশাপাশি এ ছবিতে একটা সর্বজনীন আবেগ লুকিয়ে আছে, যা পশ্চিমা দর্শকও বুঝতে পারত এবং অনেক বেশি সমর্থন পাওয়া যেত ছবিটির জন্য।’ ২০০৫ সালে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘পহেলি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও ছবিটি অস্কারে প্রতিযোগিতা করার জন্য চূড়ান্ত মনোনয়ন পায়। ‘মঙ্গল পান্ডে’, ‘বীর-জারা’, ‘ইকবাল’, ‘স্বদেশ’, ‘পরিণীতা’, ‘ব্ল্যাক’, কিংবা ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’র মতো মানসম্পন্ন ও ব্যবসাসফল ছবিগুলো বাদ দিয়ে ‘পহেলি’কে অস্কারের টিকিট দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া (এফএফআই)। এমন হঠকারী সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’র সহকারী পরিচালক রুচি নারায়ণ বলেন, ‘অস্কারে কখনোই বছরের সেরা ছবি পাঠানো হয়নি ভারত থেকে।’ সে বছর ‘পহেলি’র পাশাপাশি এককভাবে মহেশ দাত্তানির ‘মর্নিং রাগা’ ছবিটিও অস্কারে অংশ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত ওই দুই ছবির একটির কপালেও অস্কারের শিকে ছেঁড়েনি। পরের বছর অস্কারে প্রতিযোগিতা করার দৌড়ে ‘রং দে বাসন্তী’ ছবির কাছে হেরে যায় ‘লাগে রাহো মুন্নাভাই’। অবশ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছবিটির অসংখ্য ভক্তের অনুরোধে ‘লাগে রাহো মুন্নাভাই’কে নিয়ে ঠিক ঠিক অস্কার আসরে হাজির হয়ে যান ছবিটির পরিচালক রাজকুমার হিরানি ও প্রযোজক বিধু বিনোদ চোপড়া। কিন্তু আগের বছরের ধারাবাহিকতায় ২০০৬ সালেও অস্কার ট্রফি ছোঁয়ার স্বপ্ন অধরাই থেকে যায় ভারতের। ২০০৭ সালে ‘চাক দে ইন্ডিয়া’, ‘গান্ধী মাই ফাদার’, ‘ধর্ম’ ও ‘গুরু’ ছবিগুলোর পরিবর্তে অস্কারের টিকিট দেওয়া হয় বছরের অন্যতম ফ্লপ ছবি ‘একলব্য—দ্য রয়্যাল গার্ড’কে। বরাবরের মতো এবারও অস্কারের জন্য ছবি বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে সমালোচনার ঝড় তোলেন চলচ্চিত্রবোদ্ধারা। অ্যাসোসিয়েশন অব মোশন পিকচার্স অ্যান্ড টিভি প্রোগ্রামসের তৎকালীন প্রেসিডেন্ট পেহলাজ নিহালনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘জুরি বোর্ড এমন একটি ছবি নির্বাচন করেছে, যে ছবিটি সাধারণ মানুষ আগেই প্রত্যাখ্যান করেছে। এটা নিন্দনীয় এবং জুরি বোর্ডের এমন সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তি আমি খুঁজে পাইনি।’জুরি বোর্ডের স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে ‘ধর্ম’ ছবির নির্মাতা ভাবনা তলোয়ার আদালতে মামলা ঠুকে দেন। মামলার অভিযোগে তিনি বলেন, ‘অস্কারের জন্য ছবি বাছাইয়ের ক্ষেত্রে এফএফআই যে ধরনের স্বেচ্ছাচারিতা করছে, তা কেবল আমাদের চলচ্চিত্রশিল্পের জন্যই নয়, পুরো ভারতবাসীর জন্য বিব্রতকর। “একলব্য” ছবির বাছাই-প্রক্রিয়ার পুরোটাই গলদে পূর্ণ। ছবিটির পরিচালক বিধু বিনোদ চোপড়ার সঙ্গে দহরম-মহরম আছে জুরি বোর্ডের সদস্য সুধীর মিশ্র, জগদীশ শর্মা ও রঞ্জিত ভাদুরের। মূলত, তাঁরাই কলকাঠি নেড়ে এ অপকর্ম করেছেন।’ পরে এই মামলার পক্ষে রায় দেন মুম্বাইয়ের উচ্চ আদালত। রায়ে বলা হয়, সব দিক বিবেচনা করে দেখা যাচ্ছে, এ বছর অস্কারে ছবি পাঠানোর ক্ষেত্রে পক্ষপাত করা হয়েছে। এতকিছুর পর শেষ পর্যন্ত ‘একলব্য’ ছবিটিই অস্কারে পাঠানো হয়।২০১০ সালে অস্কারে যায় আমির খান প্রযোজিত ‘পিপলি লাইভ’ ছবিটি। যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও এই দৌড়ে হেরে যায় ‘উড়ান’ ছবিটি। ছবিটির প্রযোজক সঞ্জয় সিং বলেন, ‘নিঃসন্দেহে যথেষ্ট ভালো একটি ছবি “পিপলি লাইভ”। কিন্তু অস্কারে যাওয়ার জন্য ছবিটির যোগ্যতা কতটুকু তা নিয়ে বিতর্ক উঠতেই পারে। কারণ, এ ছবিতে কোনো নতুনত্ব নেই। বারবার আমরা কেবল বাণিজ্যিকভাবে সফল ছবিগুলোই অস্কারে পাঠাতে পারি না।’