বলিউডি অভিনেতাদের ‘বানর’ বললেন কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠোঁটকাটা স্বভাবের জন্য বলিউডি অভিনেত্রী কারিনা কাপুর বেশ পরিচিত। আগপাছ না ভেবে অকপটে মনের কথা বলে ফেলেন তিনি। তাঁর করা মন্তব্যে কেউ মনে আঘাত পেল কি পেল না, তা নিয়ে খুব একটা মাথা ঘামান না তিনি। এবার কারিনার ঝাঁজালো বাক্যবাণের শিকার হয়েছেন বলিউডি অভিনেতারা। ছবির প্রচারণা নিয়ে তাঁদের বাড়াবাড়ি ধরনের দৌড়ঝাঁপকে বানরের সঙ্গে তুলনা করেছেন সদ্যবিবাহিত এ অভিনেত্রী।কারিনা বলেন, ‘ছবির বাণিজ্যিক সাফল্যের জন্য ইদানীং প্রচারণার কাজে মাত্রাতিরিক্ত দৌড়ঝাঁপ করছেন বলিউডি অভিনেতারা। ভবনের ছাদে উঠে চেঁচাচ্ছেন, রাস্তায় তিড়িংবিড়িং করে লাফালাফি করছেন। এসব দেখে মনে হচ্ছে, দিনকে দিন তাঁরা যেন বানরের মতো হয়ে যাচ্ছেন।’ এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। কারিনা আরও বলেন, ‘উদাহরণ হিসেবে “দাবাং ২” ছবির কথা বলতে পারি। এ ছবির গুণগত মান যদি ভালো হয়, তবে এমনিতেই দর্শক হলে গিয়ে ছবিটি দেখবে। ঢাকঢোল পিটিয়ে প্রচারণা চালানোর বিষয়টি খুব জরুরি নয়।’ কারিনার এমন বেফাঁস মন্তব্যে বলিউডের অভিনেতারা কী প্রতিক্রিয়া জানান, সেটাই এখন দেখার বিষয়।