বলিউডে আগ্রহী ক্যাথরিন জেটা জোনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অঙ্গনে বলিউড এখন সুপরিচিত। হরহামেশাই বলিউডের ছবিতে কাজের আগ্রহ প্রকাশ করছেন হলিউডের নামীদামি তারকারা। এরই ধারাবাহিকতায় এবার বলিউডের ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন ‘দ্য মাস্ক অব জরো’খ্যাত হলিউডের অভিনেত্রী ক্যাথরিন জিটা জোনস। সপরিবারে ভারতে গিয়ে কুম্ভমেলায় যোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন ৪৩ বছর বয়সী এ তারকা। ২০০২ সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল ছবি ‘শিকাগো’তে শো গার্ল চরিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে অস্কার পেয়েছিলেন জেটা জোনস। ওই ছবিতে নাচের অভিজ্ঞতা থেকে তিনি মনে করছেন, বলিউডের ছবিতে তিনি দারুণ মানিয়ে যাবেন। কারণ, বলিউডের ছবির অবিচ্ছেদ্য অংশ হলো নাচ-গানের দৃশ্য। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। একটি ই-মেইল সাক্ষাত্কারে জেটা জোনস জানিয়েছেন, ‘মিউজিক্যাল ছবিতে কাজের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে, বলিউডের ছবিতে অনেক ভালো করতে পারব। এটা ঠিক যে, বলিউডের অভিনেতাদের সম্পর্কে আমার ধারণা খুব একটা নেই। তার পরও তাদের সঙ্গে অভিনয়ের সুযোগ পেলে অনেক ভালো লাগবে আমার।’ স্বামী মাইকেল ডগলাস ও সন্তানদের নিয়ে ভারত সফরের পরিকল্পনা করছেন বলেও জানিয়েছেন জেটা জোনস। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘এ বছরের কুম্ভমেলায় যোগ দিতে সপরিবারে ভারত যাওয়ার পরিকল্পনা করছি। এটা নিশ্চিত যে, পরিবারের সঙ্গে যেতে না পারলে আমি একাই যাব। কারণ, আবার ভারত সফরের জন্য আমি মরিয়া হয়ে উঠেছি।’ এর আগে ভারতের রাজস্থান ও মুম্বাই সফর করেছেন জেটা জোনস।