বলিউডে আবার জেমস-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্নিং ছবিতে ‘বেবাসি’ গানের দৃশ্য
ওয়ার্নিং ছবিতে ‘বেবাসি’ গানের দৃশ্য

বলিউডে জেমস মানেই যেন আরও একটি আলোড়ন। আরও একটি তোলপাড়। আরও একটি ঝড়। ‘ভিগি ভিগি’, ‘চল চলে’র সেই পথ ধরে আরও একটি হিট গান বলিউডকে উপহার দিলেন বাংলাদেশের এই সংগীত-তারকা। ভারতের প্রথম ‘আন্ডারওয়াটার’ ত্রিমাত্রিক ছবি ওয়ার্নিং-এ ‘বেবাসি’ শিরোনামে একটি গান গেয়েছেন জেমস। ছবির প্রচারণায় এরই মধ্যে গানটি মুক্তি দেওয়া হয়েছে।
গানটির দৃশ্যায়নে দর্শকেরা এক ঝলক ওয়ার্নিং ছবির কিছু দৃশ্যও দেখতে পাবেন। অবশ্য শুধু এই গানটির জন্য আলাদা করে মিউজিক ভিডিও করা হয়েছে বলে জানা গেছে। প্রযুক্তি ব্যবহার করে সেই গানটির দৃশ্যায়ন করা হয়েছে পানির নিচে! চমকের তাই অভাব নেই।
সন্তোষ বারমোলা, মঞ্জরি ফাদনিস, জিতিন গুলাতি, সুজানা রদ্রিগেজ অভিনীত এ ছবিতে দেখা যাবে সাত বন্ধু পাঁচ বছর পর ফিজি দ্বীপে মিলিত হয়। কিন্তু আবার একসঙ্গে হওয়ার এই আনন্দ দ্রুতই আতঙ্কে পরিণত হয়, যখন তারা সীমা লঙ্ঘন আর ‘ওয়ার্নিং’ অগ্রাহ্য করে। গুরমিত সিং পরিচালিত এ থ্রিলার ছবিটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর।
জেমসের গানটি ইউটিউবে দেখা যাবে: www.youtube.com/watch?v=Qs6en1Xg7CQ ঠিকানায়।