বলিউডে এবার সানি দেওল-তনয় করণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৩ সালে ‘বেতাব’ ছবির মাধ্যমে অভিনয়ে অভিষেক হয়েছিল ধর্মেন্দ্র-তনয় সানি দেওলের। পরে বলিউডে পা রাখেন সানির দুই ভাই—ববি ও অভয়। এবার দেওল পরিবারের ঐতিহ্য সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব পেতে যাচ্ছেন সানির ছেলে করণ দেওল। আগামী বছর বলিউডে তাঁর অভিষেক হবে। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ায় দেওয়া এক সাক্ষাত্কারে সানি জানিয়েছেন, ‘আগামী বছরের কোনো এক সময় বলিউডে অভিনয় শুরু করবে করণ। আমার হাত ধরেই বলিউডে অভিষেক হবে তাঁর। এমনও হতে পারে, আমি নিজেই ছবিটি পরিচালনা করব। আমি চাই, রুপালি জগতে পা রাখার আগে একজন ভালো অভিনেতা হওয়ার জন্য যা যা প্রয়োজন, সেগুলো ভালোভাবে রপ্ত করুক সে।’ সানি আরও জানিয়েছেন, ‘এই মুহূর্তে সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা ছবিটির জন্য ভালো একটি চিত্রনাট্য খুঁজছি। রোমান্টিক ছবি দিয়েই ববি, অভয় ও আমার অভিষেক হয়েছিল বলিউডে। কাজেই এটা নিশ্চিত, করণের অভিষেকও এ ধরনের ছবির মাধ্যমেই হবে।’ করণের বয়স ২১ বছর। এরই মধ্যে তিনি অভিনয়ের বিদ্যা রপ্ত করতে প্রস্তুতি শুরু করে দিয়েছেন; ‘বেতাব’খ্যাত চিত্রনির্মাতা রাহুল রাওয়ালির অভিনয় স্কুলে ভর্তি হয়েছেন। রাহুল পরিচালিত ব্লকবাস্টার হিট ছবি ‘বেতাব’ রাতারাতি তারকাখ্যাতি এনে দিয়েছিল সানিকে। সেই রাহুলের কাছে অভিনয় শিখে বলিউডে করণ প্রতিষ্ঠা পান কি না, ভবিষ্যত্ই সেটা বলে দেবে।