বলিউডে জ্যাকিপুত্র টাইগার আর অনিলপুত্র হর্ষবর্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে অভিষেক হচ্ছে জ্যাকি শ্রফ তনয় টাইগার শ্রফ এবং অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুরের। ‘হিরোপান্টি’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখতে যাচ্ছেন টাইগার। আর ‘বোম্বে ভেলভেট’ ছবিতে নির্মাতা অনুরাগ কশ্যপের সহকারী হিসেবে কাজ করবেন হর্ষবর্ধন। ‘হিরো’ ছবির মাধ্যমে বলিউড-অভিষেকের ৩০ বছর পর এবারে নিজের ছেলের বলিউড-অভিষেকের সাক্ষী হতে যাচ্ছেন জ্যাকি। সাজিদ নাদিয়াদওয়ালার ‘হিরোপান্টি’ ছবির নামভূমিকায় অভিনয় করবেন টাইগার। কাকতালীয়ভাবে বাবা-ছেলের অভিষেক ছবির শিরোনামও অনেকটা কাছাকাছি। সম্প্রতি এক খবরে এমন তথ্য দিয়েছে মিড-ডে। ‘হিরোপান্টি’ ছবির পরিচালক সাব্বির খান জানিয়েছেন, ‘ছবিতে স্বাধীনচেতা এক তরুণের চরিত্রে দেখা যাবে টাইগারকে। তাঁকে ঘিরেই পুরো ছবির কাহিনি আবর্তিত হয়েছে। ছবির কেন্দ্রীয় নারী চরিত্র চূড়ান্ত না হলেও সেপ্টেম্বর থেকেই ‘হিরোপান্টি’র শুটিং শুরু করব আমরা।’অনিল কাপুরের ছেলে হর্ষবর্ধনের বয়স ২০, উচ্চতা ৬ ফুট। লস অ্যাঞ্জেলেসে চিত্রগ্রহণ এবং চিত্রনাট্যের কোর্স করেছেন। এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে বসবাস করলেও শিগগিরই মুম্বাই ফিরে আসবেন। ফিরে এসেই বাবার পথ অনুসরণ করে বলিউডে পদচারণ শুরু করবেন। এরই মধ্যে ‘বোম্বে ভেলভেট’ ছবিতে অনুরাগ কাশ্যপের সহকারী হিসেবে হর্ষবর্ধনের কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। এ প্রসঙ্গে অনিল কাপুর জানিয়েছেন, ‘বেশ কয়েক বছর ধরেই অনুরাগ এবং হর্ষের মধ্যে যোগাযোগ রয়েছে।’ ক্যামেরার সামনে অভিনয়ের আগে ক্যামেরার পেছনে কাজ করাটা বলিউডের তারকাসন্তানদের ক্ষেত্রে একটি রীতিতেই পরিণত হয়েছে। বলিউড অভিষেকের আগে সঞ্জয় লীলা বনশালীর সহকারী হিসেবে কাজ করেছিলেন রণবীর কাপুর। এ ছাড়া নির্মাতা ডেভিড ধাওয়ানের ছেলে বরুণ ধাওয়ান ‘মাই নেম ইজ খান’ ছবির সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর এবার ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয় করছেন। আমির খানের ছেলে জুনায়েদ খানও ‘পিকে’ ছবিতে রাজকুমার হিরানির সহকারী হিসেবে কাজ করছেন।