বলিউডে তারকার স্ত্রীদের দিনকাল
বলিউডে ফিল্মের তারকারা বেশির ভাগ সময় শুটিং বা অন্যান্য কাজে ব্যস্ত থাকেন। দিনে ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা শুটিং কিংবা অন্য কাজে ব্যস্ত থাকেন তাঁরা। প্রশ্ন উঠতে পারে তাহলে এই তারকাদের স্ত্রীদের তখন সময় কাটে কী করে? বসে, ঘুমিয়ে কিংবা টিভিতে ছবি দেখে? এমনটা ভাবা একেবারেই ভুল। ব্যস্ত তারকা-স্বামীদের পাশাপাশি এখন তাঁদের স্ত্রীরাও যথেষ্ট ব্যস্ত।শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের কথাই ধরা যাক। ছেলেমেয়ে বড় হতেই তিনি এখন বিজ্ঞাপনচিত্রে কাজের পাশাপাশি প্রোডাকশন হাউসে কস্টিউম ডিজাইন থেকে শুরু করে নানা কাজে ব্যস্ত। একইভাবে ব্যস্ত হূতিক রৌশনের স্ত্রী সুজান খান। মুম্বাইয়ে বান্দ্রা এলাকায় ইনটিরিয়র ডিজাইনিং স্টোর খুলে বসেছেন তিনি। নিজেও একজন ভালো ডিজাইনার। এখন তাঁর ডিজাইনের ব্যবসা বেশ ভালোই চলছে। এ জন্য সুজানের নাওয়া-খাওয়ার সময়ও নেই।একসময় বলিউডে নায়িকা ছিলেন তিনি। কিন্তু অক্ষয় কুমারকে বিয়ে করার পর পাকা গৃহিণী হয়ে গিয়েছিলেন রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে টুইঙ্কল খান্না। টুইঙ্কলও এখন ব্যস্ত নিজের ইনটিরিয়র ডিজাইনিংয়ের ব্যবসা নিয়ে। অবশ্য অভিনেত্রী হওয়ার আগে ইনটিরিয়র ডিজাইন ও স্থাপত্যবিদ্যা নিয়ে লেখাপড়াটা সেরে রেখেছিলেন টুইঙ্কল। এখন সেটাই ভালোভাবে কাজে লাগাচ্ছেন। ঘর সাজাতে নিজের তৈরি দারুণ দারুণ ডিজাইনের সম্ভার এখন তাঁর দক্ষিণ মুম্বাইয়ের স্টোরে রয়েছে। তাই অক্ষয় কুমারকে প্রায়ই রসিকতা করে বলতে শোনা যায় যে টুইঙ্কল এখন তাঁর চেয়েও বেশি ব্যস্ত।টুইঙ্কল, সুজানের মতোই আবার ইনটিরিয়র ডিজাইনিংয়ে পারদর্শী ববি দেওলের স্ত্রী তানিয়া দেওল। তানিয়ার একটা বাড়তি গুণও আছে। তা হলো—ইনটিরিয়রের সঙ্গে তিনি জুয়েলারি ডিজাইনও করে থাকেন। সোনা বা হীরের অলংকারের ডিজাইনে তানিয়ার বেশ নামডাক আছে মুম্বাইয়ে। যেমনটি সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুরও। তাঁরও জুয়েলারি ডিজাইন সারা ভারতে বেশ প্রশংসা কুড়িয়েছে।বলিউডে তারকাদের স্ত্রীরা প্রায় সবাই ইনটিরিয়র বা জুয়েলারি ডিজাইন নিয়ে ব্যস্ত থাকলেও ব্যতিক্রমও আছে। বনি কাপুরের স্ত্রী অভিনেত্রী শ্রীদেবী এখন ছবি আঁকায় ব্যস্ত। সামনেই বিদেশে তাঁর ছবির প্রদর্শনী হবে। তাই তিনি এখন তুলি আর রং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে পরিচালক ফারহান আকতারের স্ত্রী আধুনা আখতার এঁদের মধ্যে অন্য রকম। আধুনাকে চেনে না এমন কোনো নামী অভিনেত্রী কিংবা কোনো তাবৎ অভিনেতার স্ত্রী নেই বলিউডে। চুলের ডিজাইন কেমন হবে কিংবা কোন কাটিংটা কাকে মানাবে, এ ব্যাপারে বলিউড প্রমীলামহলে আধুনার উপদেশই শেষ কথা।