বলিউডে নতুন রেকর্ড করল কৃশ ৩!

বলিউডের ছবির ইতিহাসে অতীতের সব রেকর্ড ভেঙে ‘কৃশ ৩’ ছবিটি ৫০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে বলেই দাবি করেছেন এর পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন।
সুপার হিরো-নির্ভর সায়েন্স ফিকশন ঘরানার ‘কৃশ ৩’ ছবিটি মুক্তি পেয়েছিল ১ নভেম্বর। মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেলে ছবিটি। প্রথম দিনেই এর ঝুলিতে জমা পড়ে ২৫ কোটি ২০ লাখ রুপি। ৪ নভেম্বর ছবিটি আয় করে ৩৫ কোটি ৯১ লাখ রুপি। এর মাধ্যমে এক দিনে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে ‘কৃশ ৩’।
মুক্তির চার সপ্তাহের মাথায় ‘কৃশ ৩’ ৫০০ কোটি রুপি আয় করেছে ঘোষণা দেওয়ার পর রাকেশ রোশনের বিরুদ্ধে অতিরঞ্জিত তথ্য দেওয়ার অভিযোগ ওঠে। এর ব্যাখ্যা দিতে গিয়ে রাকেশ রোশন বলেন, ‘বিনোদন শুল্কসহ সবকিছু মিলিয়ে ‘‘কৃশ ৩’’ ছবির আয়ের পরিমাণ ৫০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে।’ এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
এখন পর্যন্ত সর্বাধিক আয়ের বলিউডের ছবির নামের তালিকায় রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’ (৩৯৫ কোটি রুপি), ‘থ্রি ইডিয়টস’ (৩৯২ কোটি রুপি), ‘এক থা টাইগার’ (৩১০ কোটি রুপি) এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ (৩০১ কোটি রুপি)।