বলিউডে পা রাখছেন রিচার্ড গিয়ার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আই অ্যাম কালাম’ এবং ‘জলপরি’ ছবির সাফল্যের পর এবারে তৃতীয় ছবির চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন ভারতীয় চিত্র নির্মাতা নিলা মাধব পাণ্ডা। সাম্প্রতিক এক খবরে ইয়াহু নিউজ জানিয়েছে, ছবিটিতে অভিনয় করবেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা রিচার্ড গিয়ার। এ নিয়ে তৃতীয় ছবির কাজে হাত দিলেন নিলা। বিশ্ব খাদ্য নিরাপত্তার বিষয়বস্তু নিয়ে ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে। এ মুহূর্তে এর চিত্রনাট্য লেখার কাজ চলছে। এতে আই অ্যাম কালাম ছবির শিশুশিল্পী হার্শ মায়ারের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে।ছবিটিতে রিচার্ড গিয়ারের অভিনয় প্রসঙ্গে নিলা জানিয়েছেন, ‘এ বিষয়ে এখনই নির্দিষ্ট করে কিছু বলতে চাচ্ছি না। আমার আগের দুটি ছবির চেয়ে এ ছবিটি অনেক বড় পরিসরে নির্মাণের পরিকল্পনা করেছি। ইতিমধ্যে রিচার্ড গিয়ারের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তবে এখন পর্যন্ত তিনি পাকা কথা দেননি। অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলে তাঁকে সূত্রধর হিসেবে দেখা যাবে ছবিটিতে।’ নিলা আরও জানিয়েছেন, ‘ছবিটির কাহিনিতে দেখা যাবে, একজন ভিনদেশি ভারতের একটি গ্রামে আসেন। পরবর্তী সময়ে তিনি গ্রামটির সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। গুরুত্বপূর্ণ এই চরিত্রটিতেই অভিনয়ের সম্ভাবনা রয়েছে রিচার্ড গিয়ারের।’ উল্লেখ্য, আই অ্যাম কালাম ছবির মাধ্যমে গত বছর চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ওড়িশার ছেলে নিলা মাধব পাণ্ডা। প্রথম ছবিতেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন ৩৮ বছর বয়সী এ নির্মাতা। ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের জীবনী অবলম্বনে নির্মিত আই অ্যাম কালাম ছবিটি বেশ কয়েকটি জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারও ঝুলিতে ভরেছে। নিলা পরিচালিত দ্বিতীয় ছবি ‘জলপরি’ও এবারের কান চলচ্চিত্র উত্সবে যথেষ্ট প্রশংসিত হয়েছে। ছবিটি মুক্তি পাচ্ছে এ বছরের ২৮ জুলাই।