বলিউডে ফিরছেন জিনাত আমান
৩৬ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের খবর ছড়ানোর পর সম্প্রতি আবারও খবরের শিরোনাম হলেন এক সময়ের পর্দা কাঁপানো বলিউডের অভিনেত্রী জিনাত আমান। এক খবরে জিনিউজব্যুরো জানিয়েছে, থ্রিডি ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে প্রত্যাবর্তন ঘটছে জিনাতের। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন আশীষ ভবসর। সৌন্দর্য প্রতিযোগিতার অন্ধকার দিক নিয়ে নির্মিতব্য ছবিটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য এরই মধ্যে সবুজ সংকেত দিয়েছেন জিনাত। খবরটির সত্যতা নিশ্চিত করে নির্মাতা আশীষ জানিয়েছেন, ছবিটিতে একটি সৌন্দর্য প্রতিযোগিতার চেয়ারপারসন চরিত্রে দেখা যাবে ১৯৭০ সালের মিস এশিয়া প্যাসিফিক জিনাতকে। তাঁর চরিত্রটির নাম মায়া। আগামী ২০ মার্চ ভারতের চণ্ডীগড়ে ছবিটির শুটিং শুরুর সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।১৯৫১ সালের ১৯ নভেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন জিনাত আমান। তাঁর বাবা ছিলেন চিত্রনাট্যকার আমানুল্লাহ খান। ‘মুঘল-এ-আজম’, ‘পাকিজা’র মতো ছবির চিত্রনাট্য লিখেছিলেন আমানুল্লাহ খান। মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারান জিনাত। ‘ফেমিনা’ ম্যাগাজিনে সাংবাদিক হিসেবে পেশা জীবন শুরু করেন। পরে জড়ান মডেলিংয়ের সঙ্গে। ১৯৭০ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় রানার আপ হন। একই বছর তিনি মিস এশিয়া প্যাসিফিক নির্বাচিত হন।১৯৭১ সালে ২০ বছর বয়সে ‘হালচাল’ ছবির ছোট একটি চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল জিনাত আমানের। একই বছর মুক্তি পায় তাঁর অভিনীত ‘হাঙ্গামা’ ছবিটি। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ইয়াদোঁ কি বারাত’, ‘বালিকা বধূ’, ‘ধরম বীর’, ‘হীরালাল পান্নালাল’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘ডন’ ‘বুম’, ‘আগলি আউর পাগলি’ ইত্যাদি। জিনাত অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘না জানে কিউ’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। কাজের স্বীকৃতি হিসেবে ফিল্মফেয়ার, বিএফজেএ, জি সিনে, আইফাসহ বহু পুরস্কার ঝুলিতে ভরেছেন গুণী এ অভিনেত্রী।