বলিউডে ফুটবল-জ্বর
সময় পেলেই টুইটারে বসে যান শাহরুখ খান। এখন চলছে ফুটবল-জ্বর। সে জ্বরে শাহরুখও আক্রান্ত। টুইটারের বন্ধুদের তিনি লিখেছেন তাঁর পছন্দের দল সম্পর্কে, ‘ব্রাজিল আমার সব সময়ের পছন্দ। কিন্তু আমি আর্জেন্টিনা, জার্মানি, ইতালির খেলাও পছন্দ করি। মনে হচ্ছে, গা বাঁচানো উত্তর দিচ্ছি। কিন্তু এটা তো সত্যি, এই চার দলই ভালো খেলে।’ কোনো দলের ভক্তকেই খেপিয়ে দিতে চাননি শাহরুখ। তবে তাঁর কথিত ‘শত্রু’ সালমান খান নাকি আর্জেন্টিনার ভক্ত। বিশেষ করে মেসির জাদুতে মাতোয়ারা সালমান খান। এখনো শুটিংয়ের ফাঁকে সময় পেলে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন সালমান। গত বছরই তো তাঁর ‘বিং হিউম্যান’-এর উদ্যোগে চ্যারিটি ফুটবল ম্যাচের আয়োজন করেন। সময়ের হার্ট থ্রব রণবীর কাপুর থেকে সালমানের ভাই সোহেল খান, আরবাজ খান—অনেকেই ছিলেন খেলোয়াড়ের তালিকায়। রণবীর কাপুর ব্রাজিলের ভক্ত। ফিল্মি পরিবেশে ছোটবেলা থেকে মানুষ হলেও খেলাধুলার প্রতি রণবীরের সমান আগ্রহ। অর্জুন রামপাল, জন আব্রাহামও দক্ষিণ আফ্রিকায় বসে এবার খেলা দেখার প্রস্তুতি নিচ্ছেন। জনের প্রেমিকা বিপাশা বসু ইতিমধ্যে সেমিফাইনাল ও ফাইনালের তারিখগুলো খালি করে রেখেছেন। দক্ষিণ আফ্রিকায় জনের সঙ্গে বসে মজা করে খেলা দেখবেন, নিজের ব্লগে লিখেছেন বিপাশা। দল পছন্দ নিয়ে বিপাশার গা বাঁচানো উত্তর, নির্দিষ্ট কোনো দলকে পছন্দ করি না। তবে মেসির খেলা অনেক পছন্দ করি। বিশ্বাস করুন, কখনোই কোনো দলকে আমি অন্ধভাবে পছন্দ করি না। যে ভালো খেলে, তাকে সমর্থন করি।অভিষেক বচ্চন অবশ্য ব্রাজিলের অন্ধ ভক্ত। ‘ছয় নম্বর ট্রফিটা শিগগিরই ব্রাজিলের ঘরে উঠতে যাচ্ছে।’ টুইটারে লিখেছেন অভিষেক। সারা বছরই চেলসির খেলা দেখার জন্য পাগলামি করেন অভিষেক। যেখানেই থাকুন তিনি, খেলা ‘মিস’ করা যাবে না। অভিষেকের এই ‘চেলসি’প্রীতি দেখে ঝুম বারাবার ঝুম ছবিতে পরিচালক শাদ আলীও চেলসি দলকে কাহিনিতে অন্তর্ভুক্ত করেন। শাহরুখের নির্মাতারাও যেমন সুযোগ পেলেই তাঁর ছবিতে ফুটবলের দৃশ্য রাখার চেষ্টা করেন। কাভি আলবিদা না কেহনা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ম্যায় হু না, জোশ প্রতিটি ছবিতেই ফুটবল খেলেছেন শাহরুখ। বাস্তবে আইপিএলের দলের মালিক হলেও চাক দে ইন্ডিয়া ছবিতে প্রমীলা হকি দলের কোচ শাহরুখের সবচেয়ে পছন্দের খেলা ফুটবল। স্কুল ও কলেজ-জীবনে সব সময়ই নিজ স্কুল ও কলেজের ফুটবল দলের অধিনায়ক ছিলেন শাহরুখ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের হান্স রাজ কলেজে পড়ার সময় শাহরুখ ও তাঁর দল আন্তকলেজ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হয়েছিল। কৌতুকের সুরে শাহরুখ বলেন, ‘খেলাধুলার পেছনে আমি যত সময়, মেধা ব্যয় করেছি, ওগুলো পড়াশোনার পেছনে করলে এত দিনে ভারত একজন বারাক ওবামাকে পেয়ে যেত।’শিল্পা শেঠি ও স্বামী রাজ কুন্দ্রও শাহরুখের মতো ক্রিকেট দলের মালিক হলেও ফুটবলের ভক্ত। সম্প্রতি আন্তর্জাতিকভাবে ফুটবল লিগ চালু করার পরিকল্পনাও চূড়ান্ত করেছে এই দম্পতি। এদের সঙ্গে সঞ্জয় দত্তও আছেন। আরেক ক্রিকেট দলের মালিক প্রীতি জিনতাকে ছোটবেলা থেকেই তাঁর কাছের মানুষ ‘টমবয়’ বলে খেপাত। তিন ভাই ও ভাইয়ের বন্ধুদের সঙ্গে ছোটবেলায় ফুটবল খেলতেন প্রীতি। একসময় ইতালির খেলোয়াড় ব্যাজিওর অন্ধ প্রেমিকা প্রীতি বর্তমানে মেসির প্রেমে পাগল। সব মিলিয়ে বলিউডেও জমে উঠেছে বিশ্বকাপ ফুটবল। আর আর খানসূত্র: ওয়েবসাইট