বলিউডে সর্বোচ্চ করদাতা সালমান
এ বছর বলিউডের তারকাদের মধ্যে সবচে বেশি কর দিলেন সালমান খান। সম্প্রতি আগাম আট কোটি ভারতীয় রুপি কর দিয়েছেন ৪৬ বছর বয়সী এ ‘দাবাং’ তারকা।সালমান খান অভিনীত ‘দাবাং’, ‘রেডি’, ও ‘বডিগার্ড’ ছবিগুলোর প্রতিটিই ১০০ কোটি রুপি ব্যবসা করেছে। সর্বশেষ, গত ১৫ আগস্ট মুক্তি পাওয়া ‘এক থা টাইগার’ ছবিটি এরই মধ্যে আয় করেছে প্রায় ২০০ কোটি রুপি। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, এই ছবির জন্য ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন সালমান। আর এবার তিনি সংবাদে এলেন আট কোটি রুপি কর দিয়ে। ভারতের আয়কর বিভাগের এক কর্মকর্তার বরাতে পিটিআই জানিয়েছে, অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, অক্ষয় কুমার থেকে শুরু করে বলিউডের প্রথম সারির সব তারকাকে টপকে সবচে বেশি কর দেওয়ার নজির স্থাপন করেছেন সালমান। তিনি গত বছর পাঁচ কোটি রুপি কর দিয়েছিলেন, এ বছর আগাম কর দিয়েছেন আট কোটি রুপি। বেশি কর দেওয়ার জন্য বলিউডে সুনাম আছে ‘খিলাড়ি’ তারকা অক্ষয় কুমারের। গত বছর সালমানের মতো তিনিও কর দিয়েছিলেন পাঁচ কোটি রুপি। আর এ বছর তিনি কর দিয়েছেন সাড়ে সাত কোটি রুপি।এ বছর বড় অঙ্কের কর দিয়েছেন, বলিউডের এমন তারকাদের মধ্যে রয়েছেন অমিতাভ বচ্চন (পাঁচ কোটি), শাহরুখ খান (পাঁচ কোটি), আমির খান (সোয়া তিন কোটি), সাইফ আলী খান (তিন কোটি), ঐশ্বরিয়া রাই বচ্চন (তিন কোটি), ক্যাটরিনা কাইফ (দুই কোটি ৬০ লাখ) এবং কারিনা কাপুর (দুই কোটি বিশ লাখ)। এ ছাড়া, ভারতের তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার এ বছর আগাম কর দিয়েছেন দুই কোটি রুপি। গত বছর তাঁর পরিশোধিত করের পরিমাণ ছিল এক কোটি পঁচাত্তর লাখ রুপি।