বলিউডে সেরা সালমান-কারিনা
বলিউডের সেরা তারকা নির্বাচন মোটেও সহজ কোনো কাজ নয়। এই কঠিন কাজটি করার জন্য নতুন একটি পদ্ধতি চালু করেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। দুই শর বেশি প্রিন্ট মিডিয়া ও আড়াই শর বেশি টিভি চ্যানেলের কাছ থেকে তথ্য নিয়ে ‘টি স্কোর’ প্রস্তুত করা হয়েছে। গত দুই বছরে বলিউডের তারকাদের বক্স অফিস সাফল্য, বিভিন্ন সংবাদমাধ্যমে খবরের শিরোনাম হওয়ার সামর্থ্য, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ রক্ষার বিভিন্ন ওয়েবসাইটে জনপ্রিয়তা, পণ্যের দূতিয়ালিতে সাফল্যসহ বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে সেরা তারকার তালিকা। আর এ তালিকায় শীর্ষস্থান দখল করেছেন সালমান খান ও কারিনা কাপুর।৭৩ ‘টি স্কোর’ পেয়ে বলিউডের সেরা নারী তারকা নির্বাচিত হয়েছেন কারিনা কাপুর। আর ৭০ ‘টি স্কোর’ পেয়ে সেরা পুরুষ তারকার আসনটি দখল করেছেন সালমান খান। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।‘রা ওয়ান’ ও ‘বডিগার্ড’ ছবির সাফল্যের পাশাপাশি ৩২টি ব্র্যান্ডের দূতিয়ালি করেছেন কারিনা। এ ছাড়া পতৌদির নবাব ও বলিউডের অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে বিয়ের কারণে অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। সব মিলিয়ে কারিনার ‘টি স্কোর’ দাঁড়িয়েছে ৭৩। বলিউডের অভিনেত্রীদের মধ্যে কারিনার পরের অবস্থানে আছেন ক্যাটরিনা কাইফ, তাঁর ‘টি স্কোর’ ৬০।অন্যদিকে, সালমান অভিনীত ‘দাবাং’, ‘রেডি’, ‘বডিগার্ড’ ও ‘এক থা টাইগার’ ছবিগুলো বক্স অফিসে ঝড় তুলেছে। ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে—এমন বলিউডের অভিনেতার মধ্যে ১ নম্বরে আছেন সালমান। এক কোটিরও বেশিবার তাঁকে খোঁজা হয়েছে ইন্টারনেটে। সামাজিক যোগাযোগ রক্ষার ওয়েবসাইটগুলোতেও জনপ্রিয় তিনি। ‘বিগ বস’ টিভি রিয়েলিটি শোর সঞ্চালনা করেও দারুণ জনপ্রিয়তা পেয়েছেন এই তারকা। সব মিলিয়ে তাঁর ‘টি স্কোর’ দাঁড়িয়েছে ৭০। ৫৩ ‘টি স্কোর’ পেয়ে তাঁর পরের অবস্থানে আছেন অক্ষয় কুমার।তালিকা অনুযায়ী বলিউডের সেরা ১০ অভিনেত্রী হলেন: কারিনা কাপুর (৭৩), ক্যাটরিনা কাইফ (৬০), প্রিয়াঙ্কা চোপড়া (৫৩), বিপাশা বাসু (৩৫.৫), ঐশ্বরিয়া রাই (৩০), সোনাক্ষী সিনহা (২৯), বিদ্যা বালান (২৫), দীপিকা পাড়ুকোন (২৪.৫), আনুশকা শর্মা (২১) ও অসিন (২০.৫)।অন্যদিকে, সেরা ১০ অভিনেতা হলেন: সালমান খান (৭০), অক্ষয় কুমার (৫৩), শাহরুখ খান (৫২), রণবীর কাপুর (৪৮), অমিতাভ বচ্চন (৩২.৫), এমরান হাশমি (৩১), অজয় দেবগন (২৯.৫), সাইফ আলী খান (২৯), আমির খান (২৫.৫) ও হূতিক রোশান (২১.৫)।