বলিউডে ‘রণবীর’ জ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. থ্রি ইডিয়টস ২. গজনি ৩. গাদার ৪. হাম আপকে হ্যায় কৌন ৫. দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ৬. ধুম টু ৭. রাব নে বানা দি জোড়ি ৮. রাজনীতি ৯. ওম শান্তি ওম ১০, কৃষ। তালিকাটা সর্বকালের সেরা ব্যবসাসফল হিন্দি ছবির। রোমান্টিক-কমেডি ছবির ফাঁকফোকর দিয়ে রাজনৈতিক ছবি রাজনীতি ঢুকে পড়েছে ইতিহাসের তালিকায়। পরিবেশকদের লাভের অঙ্ক বিবেচনায় রাজনীতি মাত্র দুই সপ্তাহে মূলধন উঠিয়ে ৪২ কোটি রুপি লাভও করেছে। ট্রেড পণ্ডিতদের ধারণা, এ সবই সম্ভব হয়েছে রণবীর-ক্যাটরিনার কারণে। দুজনকেই ‘আদর’ করে নাম দেওয়া হচ্ছে ‘হিট মেশিন’। রণবীরের নিত্যনতুন নামের বাহারে বলিউড এখন কাঁপছে—কিং কাপুর, তরুণদের আদর্শ, দশকের সেরা তারকা, ব্লকবাস্টার কাপুর ইত্যাদি। স্বয়ং কিং খান শাহরুখই তাঁর টুইটার-এ লিখেছেন, ‘রণবীরকে দেখলে আমার তরুণ বয়সের কথা মনে পড়ে যায়। যদিও আমি ওর মতো এত স্বচ্ছন্দে ক্যামেরার সামনে কাজ করতে পারতাম না। এ রকম নাচ, শরীরও ছিল না আমার।’ অমিতাভ বচ্চন প্লেনে বসে রণবীরের আজব প্রেম কি গজব কাহানি দেখে জানিয়েছেন, ‘এত অল্প বয়সে এতটা মেধার স্ফুরণ! আমি মুগ্ধ।’ কণ্ঠসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকর বলেন, ‘তরুণ নায়কদের মধ্যে রণবীরই আমার সবচেয়ে বেশি পছন্দ। ওর করা চরিত্রগুলো দেখুন! ঠিক ওর দাদা রাজ কাপুরের মতো। সুপার হিরো কিংবা অতি মানবিক কোনো চরিত্র নয়, প্রতিটি ছবিতে আমজনতা কিংবা মাটির কাছাকাছি চরিত্রে অভিনয় করে দর্শকের খুব কাছাকাছি চলে গিয়েছেন রণবীর।’ রাজনীতির পরিচালক প্রকাশ ঝার মতে, ‘রণবীরের সবচেয়ে বড় গুণ নিজের ওপর বিশ্বাস। ওয়েক আপ সিড-এ ওর মতো অনেক তরুণ নায়কই কঙ্কণা সেন শর্মার মতো নন-গ্ল্যামারাস অভিনেত্রীর বিপরীতে জুটিবদ্ধ হতে চাইত না। রণবীর অভিনয় করেছেন, হাতেনাতে সফলতাও পেয়েছেন। নাচ, গানবিহীন সিরিয়াস ছবি রকেট সিং সেলসম্যান অব দ্য ইয়ার-এ কাজ করাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল। ছবিটি ফ্লপও হয়েছে, কিন্তু রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। পুরস্কারও এসেছে এই ছবির জন্য। আজব প্রেম কি গজব কাহানির মতো হালকা চালের রোমান্টিক-কমেডি ছবিতে কাজ করে সফল হওয়ার পর অনেকেই চাইতেন একই ধাঁচের ছবিতে কাজ করতে। কিন্তু সে পথে না গিয়ে রণবীর রাজনীতির মতো সিরিয়াস ছবিতে ধূসর চরিত্রে কাজ করার সাহস দেখিয়েছেন, যেখানে রণবীর ছাড়া এ ছবির বাকি সব পুরুষ অভিনেতাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া; রণবীর তাঁদের মধ্যেও নিজেকে বের করে এনেছেন। এই গুণগুলোই রণবীরকে বছরের পর বছর বাঁচিয়ে রাখবে।’ মকবুল ফিদা হুসেন অবশ্য আরেক ধাপ এগিয়ে বলেন, ‘রণবীরই কাপুর খানদানের সত্যিকারের অভিনেতা। রাজ কাপুরের কোনো ছেলেই সত্যিকারের অভিনয় করতে পারেননি, যতটা পেরেছেন রণবীর।’ গর্বিত বাবা ঋষি কাপুর অবশ্য ছেলের এই সাফল্যের জন্য নিজের কৃতিত্ব নিতে চান না। তাঁর ভাষায়, ‘আমি রণবীরের বেড়ে ওঠার পেছনে এতটুকু সময় দিইনি। ওর মা-ই ওর দেখাশোনা করেছে। এমনকি ছোটবেলা থেকে রণবীর কখনোই আমার কাছে ওর সমস্যা সমাধান করার জন্য ছুটে আসেনি। সাওয়ারিয়া থেকে রাজনীতি—রণবীর সব সময় নিজের ইচ্ছাতেই ছবি সই করেছে।’অবস্থা দেখে মনে হচ্ছে, সবাই এখন ‘রণবীর’জ্বরে কাঁপছেন। রণবীরও সুযোগ বুঝে পারিশ্রমিক হাঁকছেন ছবিপিছু ১০-১২ কোটি, বছরব্যাপী একটি পণ্যের মডেলিংয়ের জন্য ৭ দশমিক ৫ কোটি রুপি। অবশ্য এই সাফল্য এখনো রণবীরের মাথা ঘুরিয়ে দেয়নি। রণবীর নিজেই বলেন, ‘মাত্র একটি বড় ফ্লপ। তার পরই দেখবেন নতুন কলরব উঠবে—রণবীরের দিন শেষ। আমি তাই এসব নিয়ে খুব একটা ভাবি না। বরং অভিনয় নিয়েই আমার সব ভাবনা।’ মিথ্যে বলেননি নয়া ‘কিং কাপুর’। রকেট সিং-এ চরিত্রের প্রয়োজনে তাঁর মতো তরুণ অভিনেতা দাড়ি রেখেছেন। নতুন ছবি রকস্টার-এর জন্য গিটার বাজানো শিখছেন। সাইলেন্স-এ অভিনয়ের জন্য নিয়মিত ছুটে যাচ্ছেন হাসপাতালে। কাছ থেকে পর্যবেক্ষণ করছেন মূক ও বধিরদের। অভিনয়ের প্রতি এই আন্তরিকতা দেখেই এবারের ফিল্মফেয়ার পুরস্কারের সমালোচক বিভাগের জুরিরা রণবীরের গত বছরে মুক্তি পাওয়া সব কয়টি ছবির (ওয়েক আপ সিড, আজব প্রেম কি গজব কাহানি, রকেট সিং সেলসম্যান অব দ্য ইয়ার) জন্য তাঁকে সম্মাননা জানিয়েছেন। ‘তরুণদের আইকন’ রণবীরকে তাঁরা সেরা অভিনেতা হিসেবে পুরস্কৃত করেছেন। রণবীর অবশ্য এ ধরনের খেতাবে বেশ বিব্রত হন। তাঁর ভাষ্য, ‘আমি নই, অমিতাভ বচ্চন তরুণদের আইকন। আমি নিজেও যে অমিত স্যারকে অনুসরণ করি।’ ‘ব্লকবাস্টার কাপুর’-এর হাতে এ মুহূর্তে আছে সিদ্ধার্থ রাজ আনন্দের আনজানা আনজানি (প্রিয়াঙ্কা চোপড়া), অনুরাগ বসুর সাইলেন্স (প্রিয়াঙ্কা চোপড়া), ইমতিয়াজ আলীর রকস্টার (নার্গিস ফাকরী, ডায়না পেন্টি)। মনিরত্নমের আজান এবং অয়ন মুখার্জির ছবিতেও রণবীরের অভিনয় করার কথা।অভিনয়ের বাইরেও অবশ্য রণবীর সবখানে আলোচনায়। প্রসঙ্গ, প্রেম। দীপিকা আছে কি নেই, প্রিয়াঙ্কা নাকি ক্যাটরিনা?—গবেষণায় ব্যস্ত সবাই। রণবীর বলেন, ‘দীপিকার সঙ্গে আমি ছয়-সাত মাস আগেই প্রেমের যবনিকা টেনেছি। তবে বিশ্বাস করুন, আমরা এখনো ভালো বন্ধু। আমার দেখা ভালো মেয়ের একজন দীপিকা। ও কোনো ভালো কাজ করলে আমি ফোন করি। তেমনি রাজনীতি দেখে দীপিকা আমাকে শুভেচ্ছা জানিয়েছে। আমরা তো আর বাচ্চাটি নই। সাবেক প্রেমিকার সঙ্গে সুসম্পর্ক রাখাটাও একটা গুণ। আর নতুন প্রেমের কথা বলছেন? আমি সব সময়ই আমার সম্পর্কের কথা স্বীকার করে এসেছি। এখন যেহেতু বলছি, প্রিয়াঙ্কা কিংবা ক্যাটরিনার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক নেই—কথাটিকে সবার সম্মান জানানো উচিত। আমি এখন একা আছি, বেশ ভালো আছি। প্রেমের দিনগুলোতে ছেলে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারতাম না। ফুটবল খেলা, গিটার শেখা, ডিভিডিতে ছবি দেখা—এসব করতে সময় পেতাম না। এখন চুটিয়ে জীবনটাকে উপভোগ করছি। আর কিছুদিন পরই ২৮ পূর্ণ করব। চার বছরের মধ্যে বিয়ে করে বাবা হতে চাই। অন্তত আমার বয়স যখন ৫০ হবে, তখন যেন আমার ২০ বছরের ছেলে/মেয়েকে দিয়ে চলচ্চিত্র পরিচালনা করতে পারি—এটাই আমার স্বপ্ন। আর স্বপ্ন দেখতে তো কোনো ট্যাক্স লাগে না! আমি ভাই আগাগোড়াই একজন স্বপ্নভূক মানুষ।’  আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট