বলিউডের আলোচিত পাঁচ ফ্লপ ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল বাজেট, ব্যাপক প্রচারণা, গুণী নির্মাতা ও তুমুল জনপ্রিয় তারকাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে পারলে চলচ্চিত্রের সাফল্যের সম্ভাবনা শতভাগ না হলেও অনেকটাই বেড়ে যায়। তবে এর বিপরীত চিত্রও বিরল নয়। সাফল্য পাওয়ার সব মন্ত্র মেনে ছবি তৈরির পরও বিভিন্ন কারণে অনেক ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ২০১২ সালে বলিউডে মুক্তি পাওয়া এমন পাঁচটি ছবি হলো: ‘এজেন্ট বিনোদ’, ‘প্লেয়ার্স’, ‘ডেঞ্জারাস ইশক’, ‘ডিপার্টমেন্ট’ ও ‘তেরি মেরি কাহানি’। মুক্তির আগে যথেষ্ট আলোচিত হয়েছিল এ ছবিগুলো। মুক্তির পরও অবশ্য এগুলো আলোচিত ছবি হিসেবেই বিবেচিত হয়েছে, তবে আলোচিত হয়েছে বক্স অফিসে ভরাডুবির কারণে। এজেন্ট বিনোদ বহুল আলোচিত বলিউডি তারকা জুটি সাইফ আলী খান ও কারিনা কাপুর বিয়ের আগে সর্বশেষ এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন। সাইফের নিজস্ব প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ছবিটি পরিচালনার দায়িত্বে ছিলেন ‘জনি গাদ্দার’খ্যাত বলিউডি চিত্রনির্মাতা শ্রীরাম রাঘবন। রাশিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, মরক্কোসহ বিশ্বের সাতটির বেশি দেশে ছবির দৃশ্যধারণের কাজ হয়েছে। মুক্তির আগে এই ছবির ব্যাপক প্রচারণার সময় বলা হয়েছিল, জেমস বন্ডের ভারতীয় সংস্করণ হলো ‘এজেন্ট বিনোদ’। কিন্তু প্রেক্ষাগৃহে ছবিটি দেখার পর তিতিবিরক্ত অনেক দর্শক এ ছবির নতুন নাম দেন ‘ট্রাভেল এজেন্ট বিনোদ’। হাস্যকর এ নামকরণই বলে দেয় ছবিটি থেকে দর্শকের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক কতটা বিস্তর ছিল! ছবিটির ব্যাপ্তি ১৫২ মিনিট বা আড়াই ঘণ্টার বেশি। অনেকের অভিযোগ, অযথা টেনে লম্বা করা হয়েছে ছবির কাহিনি। ছবিটির ব্যর্থতার অন্যতম মূল কারণ হিসেবে এর ব্যাপ্তিকেই দায়ী করা হয়েছে। ৬০ কোটি ভারতীয় রুপি বাজেটের ছবিটি সর্বসাকল্যে আয় করেছে ৫৪.৬ কোটি রুপি। প্লেয়ার্স‘রেস’খ্যাত বলিউডের আলোচিত নির্মাতা জুটি আব্বাস-মাস্তান ‘প্লেয়ার্স’ ছবির অন্যতম চমক হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন বলিউডের একাধিক জনপ্রিয় তারকাকে। হলিউডের তুমুল জনপ্রিয় ‘দ্য ইতালিয়ান জব’ ছবির এই ভারতীয় রিমেকে অভিনয় করেছেন বিপাশা বসু, সোনম কাপুর, অভিষেক বচ্চন, ববি দেওল ও নেইল নিতিন মুকেশ। কিন্তু এত কিছুর পরও বক্স অফিসে মোটেও ভালো খেলতে পারেনি ‘প্লেয়ার্স’; ভরাডুবি ঘটেছে শোচনীয়ভাবে। এই ছবির সঙ্গে সংশ্লিষ্ট প্রতিটি বিনিয়োগকারীকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। ৬০ কোটি রুপি বাজেটের ছবিটি লোকসান গুনেছে ২০ কোটি রুপি। ডেঞ্জারাস ইশকদীর্ঘ নয় বছর বিরতির পর ‘ডেঞ্জারাস ইশক’ ছবির মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন ঘটে একসময়ের পর্দা কাঁপানো বলিউডি অভিনেত্রী কারিশমা কাপুরের। এই ছবিতে আরও অভিনয় করেছেন রবি কিষান, জিমি শেরগিল, রজনীশ দুগাল প্রমুখ। কারিশমার প্রত্যাবর্তনসহ আরও নানা প্রচারণার কারণে সুপার-ন্যাচারাল থ্রিলারধর্মী ছবিটি নিয়ে শুরুর দিকে দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি হলেও মুক্তির পরপরই তা উবে যায়। ‘রাজ ৩’খ্যাত বিক্রম ভাটের মতো গুণী নির্মাতার কাছ থেকে এমন গৎবাঁধা পুনর্জন্মের কাহিনিনির্ভর ছবি পেয়ে ‘ভয়ংকর’ ধাক্কাই খেয়েছে সাধারণ দর্শক। মুক্তির পরপরই তারা ছবিটি প্রত্যাখ্যান করেছে। শুধু ভরাডুবিই নয়, বক্স অফিসে ছবিটির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। ডিপার্টমেন্ট‘সরকার’ (২০০৫) ও ‘সরকার রাজ’ (২০০৮)-এর পর রাম গোপাল ভার্মার সঙ্গে ‘ডিপার্টমেন্ট’ ছবিতে কাজ করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন। ছবির আরেক চমক সঞ্জয় দত্ত। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘দৌড়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন ভার্মা ও সঞ্জয়। ‘ডিপার্টমেন্ট’ ছবির মাধ্যমে ১৫ বছর পর আবার একত্র হন এই নির্মাতা-তারকা জুটি। এই ছবিতে আরও অভিনয় করেছেন হালের জনপ্রিয় তারকা রানা দাগবতী। পুলিশ ও আন্ডারওয়ার্ল্ডকে উপজীব্য করে ছবি বানিয়ে এর আগে সাফল্য পেলেও ‘ডিপার্টমেন্ট’ ছবির প্রতিটি ডিপার্টমেন্ট সাফল্যের সঙ্গেই ব্যর্থ হয়েছে। ‘আগ’ ছবির পর এটি রাম গোপাল ভার্মার দ্বিতীয় নিকৃষ্টতম ছবি বলে মত দিয়েছেন অনেকে। তেরি মেরি কাহানি শহীদ কাপুর ও প্রিয়াংকা চোপড়া অভিনীত ‘তেরি মেরি কাহানি’ ছবিটি যখন মুক্তি পায়, তখন শহীদ-প্রিয়াংকার বাস্তব জীবনের প্রেমের খবর ভাসছিল বলিউড-কেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যমে। অন্তত এই একটি কারণে হলেও ছবিটি ভালো ব্যবসা করবে বলে ধারণা করেছিলেন সবাই। এ ছাড়া ছবিটির পরিচালক প্রখ্যাত নির্মাতা কুনাল কোহলি। এর আগে তিনি ‘হাম তুম’ ও ‘ফানা’র মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। সবার ধারণাকে ভুল প্রমাণ করে শেষ পর্যন্ত বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘তেরি মেরি কাহানি’।