বলিউডের উত্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দাদাসাহেব ফালকে
দাদাসাহেব ফালকে

ভারতবর্ষে তথা বলিউডে প্রথম ছবি রাজা হরিশচন্দ্র নির্মিত হয় ১৯১৩ সালে। সে হিসাবে চলতি বছরে ১০০ বছর পূর্তি হলো বলিউডের। আর এ শতবর্ষ পূর্তি উপলক্ষে বলিউডের ক্ল্যাসিক সব ছবি ও খুঁটিনাটি সব বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরা হবে কয়েকটি পর্বে
আহমেদ শরীফ
বলিউড শব্দটা হলিউড থেকে ধার করা। সে সময় মুম্বাইয়ের নাম ছিল বোম্বে। তাই বোম্বের প্রথম অংশ আর হলিউডের শেষ অংশ নিয়ে করা হয় বলিউড। ১৯৭০ সালের দশকে ভারতীয় ম্যাগাজিনের এক কলাম লেখকের কল্যাণে লোকমুখে এভাবেই পরিচিত হয় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি।

১৮৯৯ সালে ভারতীয় ফটোগ্রাফার হরিশচন্দ্র সখারাম ভাতবদেকার ভারতীয় মোশন পিকচারে ইতিহাস গড়েন। সে সময়কার কুস্তিগিরদের নিয়ে দ্য রেসলারস নামে একটি শর্টফিল্ম তৈরি করেন তিনি। পরবর্তী সময়ে ১৯১৩ সালে প্রযোজক ও পরিচালক দাদাসাহেব ফালকের হাত ধরে যাত্রা শুরু করে বলিউড। সে বছর ৩ মে তাঁর পরিচালিত প্রথম ভারতীয় ছবি রাজা হরিশচন্দ্র মুক্তি পায় করোনেশন সিনেমায়। ছবিটি ছিল নির্বাক।

নির্বাক যুগের সমাপ্তি হয় ১৯৩১ সালে। সে বছর আরদেশির ইরানির প্রযোজনায় নির্মিত হয় প্রথম সবাক হিন্দি ছবি আলম আরা। দাদাসাহেব ফালকে যদি বলিউডের জনক হন, তাহলে ইরানি সবাক ছবির জনক। এ ছবির মাধ্যমে পুরো চলচ্চিত্রের চেহারাই পাল্টে যায়। অভিনয়, দক্ষতা, গান—সবকিছুই পরিপক্বতা পায় সেলুলয়েডে। বলিউডের অভিনেতা, অভিনেত্রীরা কথা বলা, চিৎকার করা, কান্না, হাসির মতো আরও বিশেষ কিছু কাজ করার সুযোগ পেলেন। তা হলো গান গাওয়া ও নাচা। আর এভাবে হিন্দি ছবি গান, অ্যাকশন ও সামাজিক ইস্যু নিয়ে তার নিজস্ব ধরন গড়ে তোলে।

সোনালি সময়

দেবিকা রানী
দেবিকা রানী

১৯৪০ থেকে ১৯৬০-এর দশকে এসে সমৃদ্ধ হয় বলিউড। ভারতের স্বাধীনতার পর বলিউড সে প্রেরণায় পায় দারুণ গতি। বিভিন্ন ছবিতে স্বাধীনতার জয়গান প্রকটভাবে দেখা যায়। ১৯৫০ থেকে ১৯৬০-এর দশককে বলিউডের ‘সোনালি সময়’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় ক্ল্যাসিক কিছু ছবি যেমন হয়েছে; বলিউডও পেয়েছে সর্বকালের সেরা কিছু পরিচালক, অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকা। গুরু দত্ত, মেহবুব খান, রাজকাপুর, বলরাজ সাহানি, নার্গিস, বিমল রায়, মীনা কুমারী, মধুবালা ও দিলীপ কুমারকে এ সময়েই পেয়েছে বলিউড।

মাসালা মুভি
১৯৭০-এর দশকে ধুম-ধারাক্কা অ্যাকশন, চটুল গান, কমেডির মিশেলে তৈরি ছবি বলিউডে ‘মাসালা’ মুভির যুগ এনে দেয়। বলিউডের নতুন যুগ হিসেবে স্বীকৃত এ সময়টা। পরিচালক রমেশ সিপ্পি উপহার দেন ভরপুর এন্টারটেইনমেন্ট মুভি শোলে। সুপারস্টার হিসেবে অমিতাভ বচ্চনের আসন পাকাপোক্ত হয় এ ছবির মাধ্যমে। এ সময় রাজেশ খান্না, সঞ্জীব কুমার, ওয়াহিদা রেহমানেরা নিজেদের অবস্থানে দৃঢ় থাকেন। 

বিশ শতকের জয়গান

বিশ শতকে ভারতীয় ছবি হলিউড ও চায়নিজ ছবির পাশাপাশি গ্লোবাল এন্টারপ্রাইজে পরিণত হয়। বর্তমানে প্রতিবছর বিশ্বের সবচেয়ে বেশি (গড়ে এক হাজারটি) ছবি মুক্তি পায় বলিউডে। ফ্রান্সে ৬৬তম কান চলচ্চিত্র উৎসবে বলিউডের ১০০ বছর পূর্তিকে সম্মাননা জানানো হয় আনুষ্ঠানিকভাবে। মেগাস্টার অমিতাভ বচ্চন হলিউডে অতিথি চরিত্রে অভিনয় করা প্রথম ছবি দ্য গ্রেট গেটসবি-এর প্রচারণা ও বলিউডের প্রতিনিধিত্ব করতে গিয়ে কান উৎসবে লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে মঞ্চে উঠে বলিউডের ১০০ বছর পূর্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

বলিউড টুকিটাকি

মীনা কুমারী
মীনা কুমারী

১৯৩১ সালে প্রথম সবাক ছবি আলম আরায় প্রথম গান ব্যবহার হয়। ডাবলিউ এইচ খান এ গান গেয়েছেন। ১৯৩২ সালের ছবি ইন্দ্র সভায় ৭১টি গান ব্যবহার করা হয়! প্রথম ড্রিম গার্ল দেবিকা রানী ক্যারিয়ার শুরু করেন ১৯৩০-এর দশকে। ইতালির সঙ্গে বলিউডের প্রথম আন্তর্জাতিক যৌথ প্রযোজনার ছবি নালা দামায়ান্তি ১৯২১ সালে নির্মিত হয়। ফাতিমা বেগম প্রথম ভারতীয় নারী প্রযোজক ও পরিচালক, যিনি ১৯২৬ সালে বুলবুল-এ-পারাস্তান নির্মাণ করেন।
বলিউডের নির্বাক যুগ (১৯১৩-১৯৩০) 
নির্বাক যুগ, অর্থাৎ ১৯১৩ থেকে ১৯৩০ সাল পর্যন্ত যেসব ছবি দর্শক পছন্দ করেছেন ও আলোচিত হয়েছে, সেগুলো হলো:
রাজা হরিশচন্দ্র (১৯১৩), লঙ্কা দহন (১৯১৭), দাদাসাহেব ফালকে পরবর্তী সময়ে আরও কিছু ছবি তৈরি করেন যেমন ১৯১৩ সালে মোহিনী ভস্মাসুর, ১৯১৪ সালে সত্যবান সাবিত্রী। তবে ১৯১৭ সালে তাঁর ছবি লঙ্কা দহন ছিল ব্যতিক্রম। কারণ, বলিউডের ইতিহাসে এটি বক্স অফিসে হিট করা প্রথম ছবি। মজার ব্যাপার হলো, রাম আর সীতা চরিত্র দুটি করেছেন একই অভিনেতা—সালুনকে। শকুন্তলা (১৯২০), ভক্ত ভিদুর (১৯২১), বিলাতফেরত (১৯২১), এটি বাঙালি প্রযোজক ধীরেন গাঙ্গুলির নির্মাণ করা ভারতীয় ইতিহাসের প্রথম লাভ স্টোরি। ছবির পরিচালক ছিলেন এন সি লাহিড়ি। পতি ভক্তি (১৯২২)—এটি ভারতের প্রথম ছবি, যা সেন্সরশিপ-বিতর্কে জড়িয়ে পড়ে। প্রেম সন্ন্যাস ( ১৯২৫)—পরিচালক হিমাংশু রায় ও ফ্রেঞ্জ অস্টিনের এ ছবিটি ভারত ও জার্মানির প্রথম কো-প্রোডাকশন। দেবদাস (১৯২৮), গোপাল কৃষ্ণা (১৯২৯), এ থ্রো অব ডাইস (১৯২৯)।

তথ্যসূত্র: বলিউড লাইফ ডট কম, কালচারোপিডিয়া ডট কম, উইকিপিডিয়া, জি নিউজ ডট ইন্ডিয়া ডট কম, আইএমডিবি।