বলিউডের ছবিতে শোয়ার্জেনেগার!
সবকিছু ঠিক থাকলে এবারে হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জেনেগারকে দেখা যাবে বলিউডের ছবিতে। পাঞ্জাবি কুস্তিগির ও ব্যায়ামবীর ভারিন্দর সিং তাঁর ‘ফতেহ-দ্য ভিক্টরি’ ছবিতে আর্নল্ডকে অন্তর্ভুক্ত করার জন্য সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে কয়েকবার আলোচনার টেবিলেও বসেছেন তাঁরা।এ প্রসঙ্গে ভারিন্দর সিংয়ের উদ্ধৃতি দিয়ে ‘মিড’ডে জানিয়েছে, ‘এশিয়ায় আমার কিছু স্বাস্থ্যপণ্য এবং খাদ্যপণ্যের মুখপাত্র হিসেবে কাজ করতে রাজি হয়েছেন আর্নল্ড। সবকিছু চূড়ান্ত করতে দুই মাস আগে আমরা স্পেনে একত্রিত হয়েছিলাম। আমার ফতেহ-দ্য ভিক্টরি ছবিতে তাঁর অভিনয়ের বিষয়েও আলোচনা চলছে। আশা করছি, তিনি ইতিবাচক সাড়া দেবেন। আর এমনটা হলে এই প্রথম ভারতীয় ছবিতে আর্নল্ডকে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।’ ভারিন্দর আরও বলেছেন, ‘গত দুই বছরে আর্নল্ডের সঙ্গে তিন-তিনবার সাক্ষাতের সুযোগ হয়েছে আমার। আর্নল্ড তাঁর ফেসবুক প্রোফাইলে আমার সম্পর্কে লিখেছেন, ‘ভারতের বিস্ময়কর প্রতিভা।’ তাঁকে আদর্শ মেনেই আমি শরীরচর্চা শুরু করেছিলাম। সেই আর্নল্ডের সংস্পর্শে আসা, করমর্দন করা, বৈঠকে বসা এবং চুক্তি স্বাক্ষর—এসব কিছুই ছিল আমার কাছে স্বপ্নের মতো।’