বলিউডের ছবিতে সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার বলিউডের ছবির শুটিং হচ্ছে বাংলাদেশের সুন্দরবনে। ছবির নাম রোয়ার। পরিচালক কমল সাদানা। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র থেকে জানা গেছে, ১৯ নভেম্বর সুন্দরবনে ছবিটির শুটিং শুরু হয়েছে। চলবে টানা ২৫ দিন। শুটিংয়ে অংশ নিচ্ছেন বলিউডের অভিনয়শিল্পী অভিনব শুক্লা, অচিন্ত্য কাউর, আহরান চৌধুরী, আলী কুলি, প্রণয় দীক্ষিত, সন্দীপ চৌহাল, বিরেন্দর সিং, সুব্রত দত্ত, পুলকিত জাভার, নোরা ফাত্তি প্রমুখ। সুন্দরবনে রোয়ার ছবির শুটিংয়ের ব্যাপারে যাবতীয় সহযোগিতা করছে গ্রিন চ্যানেল ট্যুরিজম নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পরামর্শক মোহাম্মদ সেলিম বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গেও রয়েছে সুন্দরবনের একটি অংশ। কিন্তু রোয়ার ছবির নির্মাতারা শুটিংয়ের জন্য বেছে নিয়েছেন সুন্দরবনের বাংলাদেশ অংশকে। এটা আমাদের জন্য অবশ্যই আনন্দের খবর।’ছবিটি প্রযোজনা করছে এবিস রিজভি ফিল্মস। ছবির প্রোডাকশন ব্যবস্থাপক ইয়াসমিন জৈন জানান, রোয়ার জীববৈচিত্র্য ও বনজীবীদের জীবনধারা নিয়ে বাণিজ্যিক ধারার ছবি। শুটিং হচ্ছে সুন্দরবনের করমজল, হাড়বাড়িয়া, কটকা, নীলকমল ও দুবলার চরে। ছবিটি নির্মাণে ব্যবহার করা হচ্ছে সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমেজেস) প্রযুক্তি। ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীর ৭২ সদস্যের একটি দল গত শনিবার বিকেলে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। সুন্দরবন (পশ্চিম) বন বিভাগের ডিএফও জহির উদ্দিন আহমেদ ছবির শুটিংয়ের ব্যাপারটি নিশ্চিত করেছেন।