বলিউডের তারকারা: শরীরে নয় মনেও যাঁরা সুন্দর

বলিউডের অভিনেত্রীদের মধ্যে সুন্দর মায়াবী মিষ্টি হাসি আর সবুজ চোখ ঐশ্বরিয়া রাই বচ্চনের আর অসাধারণ দেহসৌষ্ঠব প্রিয়াংকা চোপড়ার। শুধু শরীরেই নয়, মনেও তাঁরা স্বচ্ছ-সুন্দর আর মানুষের প্রতি সহানুভূতিশীল। এক খবরে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, তাঁরা তাঁদের এ সবকিছুই দান করে যাবেন মানুষের কল্যাণে।
বলিউডের তারকাদের মধ্যে মরণোত্তর অঙ্গদানের প্রচলন শুরু হয়েছে বেশ আগেই। এ ধারায় সম্প্রতি যোগ দিয়েছেন আমির খান ও তাঁর পত্নী কিরণ রাও।
অনুপ্রেরণার ঐশ্বর্য ঐশ্বরিয়া
বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া যখন তাঁর সৌন্দর্য-সম্পদ সবুজ চোখজোড়াকে মানবতার স্বার্থে দান করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তা শুনে অনেকেই চমকে উঠেছিলেন। এ প্রসঙ্গে ঐশ্বরিয়া জানিয়েছিলেন, ‘আমার চোখের কারণে আমি ভক্তদের কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছি। তাই আমার মরণোত্তর চক্ষুদানের ফলে আমার চোখ তাঁদের কারও একজনের চোখে হয়তো বেঁচে থাকবে।’
অ্যাশের পর অঙ্কিতা
ঐশ্বরিয়া রাই বচ্চনের পর ফেমিনা মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ২০১১ অঙ্কিতা শোরে মরণোত্তর চোখ দান করার সিদ্ধান্ত নেন। তিনি বলেছিলেন, আমরা যখন থাকব না, আমাদের দান করা চোখই আরেকজনকে এই সুন্দর পৃথিবীকে প্রাণ ভরে দেখার সৌভাগ্য দেবে।
প্রিয়াংকা চোপড়ার অনুপ্রেরণা
বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া মরণোত্তর দেহদান করার ইচ্ছা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিকেল সেন্টারের (ইউআরএমসি) অঙ্গ প্রতিস্থাপন কর্মসূচির আওতায় মরণোত্তর দেহ দান করার ঘোষণা দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।
সর্বশেষ আমির খান-কিরণ রাও দম্পতি
নিজস্ব প্রোডাকশনের ছবি ‘শিপ অব থিসিয়াস’ থেকে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান ও তাঁর স্ত্রী কিরণ রাও মরণোত্তর অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘শিপ অব থিসিয়াস’ ছবিটির কাজ যখন করেন তখন মরণোত্তর দেহ দান করার আগ্রহটা আরও বেড়ে যায় বলেই জানিয়েছেন আমির। আর কিরণ রাও বলেছেন, ‘আপনি যখন ক্লিনিক্যালি ডেড হবেন তখন আপনার চোখ, লিভার, কিডনি নিয়ে আরেকজন বেঁচে থাকতে পারবে। পুড়িয়ে ফেললে তো আপনার শরীরটা কারও কোনো কাজেই লাগল না; বরং তা দান করলে আপনার জীবনের বিনিময়ে কেউ বেঁচে থাকতে পারবে। আমি দেখেছি, আপনি যদি নিয়মমাফিক এটা করে থাকেন, তবে খুব সহজভাবেই আপনি আপনার দেহটি দান করে যেতে পারবেন। অনেক হাসপাতালই বেশ সুষ্ঠুভাবে এ প্রক্রিয়া সম্পন্ন করে। আসলে অনেক সময় একটি কিডনি কিংবা লিভারের জন্য অনেকের মৃত্যু হয় এবং একটি পরিবারে একজনের মৃত্যু পরিবারের সবার বেঁচে থাকার স্বপ্নটাও নষ্ট করে দেয়। আমাদের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে যদি কেউ বেঁচে থাকে, তবেই আমাদের এই দেহ দানের সার্থকতা।’
আমির খান এ প্রসঙ্গে জানিয়েছেন, “শিপ অব থিসিয়াস’ দেখেই অনুপ্রেরণা পেয়েছি। আমরা মারা গেলেও আমাদের শরীরে অঙ্গ অন্যের শরীরে বেঁচে থাকবে। এটাই হবে জীবনের সার্থকতা।’