বলিউডের তিন তারকা ও ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের তিন জনপ্রিয় তারকা গোবিন্দ, গ্রেসি সিং আর সেয়ালি ভগতের সঙ্গে একই ছবিতে অভিনয় করছেন ফেরদৌস। ছবির নাম সমাধি। পরিচালক দীপক সান্যাল। ছবিতে বাপ্পী লাহিড়ীর সুর করা এবং গাওয়া ‘পাচু বাজাবে ঢোল, সুপারহিট গানের বোল’ গানের সঙ্গে নেচেছেন এই চার তারকা। গত শুক্রবার ছিল ফেরদৌসের জন্মদিন। সন্তানদের আবদার—যত কাজই থাকুক, জন্মদিনে বাবাকে তাদের সঙ্গে বাসায় থাকতে হবে। ওই দিনটি তারা সবাই একসঙ্গে উদ্যাপন করবে। আবদার রক্ষা করতে শুক্রবার সকালে এক দিনের জন্য ঢাকায় আসেন ফেরদৌস। কলকাতায় এখন সমাধি ছবির টানা শুটিং চলছে। গতকাল শনিবার কলকাতায় যাওয়ার আগে ফেরদৌস বললেন, ‘একটি দিন পরিবারের সবার সঙ্গে কাটিয়ে যাচ্ছি।’ফেরদৌস জানালেন, গত সোমবার দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজের মিলনায়তনে গোবিন্দ, গ্রেসি সিং আর সেয়ালি ভগতের সঙ্গে একটি গানের দৃশ্যে তিনি নেচেছেন। বলিউডের তারকাদের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে ফেরদৌস বললেন, ‘তাঁদের পেশাদারি মনোভাব আমাকে মুগ্ধ করেছে। আমাদের মধ্যে অনেক আবেগ কাজ করে। তাঁরা কিন্তু কাজের ব্যাপারে আবেগকে প্রশ্রয় দেন না। আর গোবিন্দের সঙ্গে নাচব—আমি তো ভয়ই পেয়েছিলাম। কিন্তু পরে আমার নাচ দেখে গোবিন্দ প্রশংসা করেছেন। তিনি আমাকে মুম্বাই যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’