বলিউডের নতুন প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আথিয়া ও সুরজ
আথিয়া ও সুরজ

এক জোড়া নতুন মুখের অভিষেক হবে কাল ১১ সেপ্টেম্বর। এ নিয়ে বলিউডে একেবারে হইহই রইরই অবস্থা। কারণ নতুন মুখজোড়া তো আর দশজন নবাগতের মতো নয়। তাঁরা হলেন বলিউডের ‘স্টার কিড’ সারির নবাগত। ঠিক যেমন স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ ব্যক্তির সন্তানদের জন্য থাকে বিশেষ কোটা। তেমনই বলিউডের তারকা সন্তানদের অভিষেকের জন্যও রয়েছে বিশেষ ‘কোটা’। সেই কোটাতেই অভিষেক হচ্ছে আদিত্য পাঞ্চলির ছেলে সুরজ ও সুনীল শেঠির মেয়ে আথিয়ার। কাল মুক্তি পাবে তাঁদের প্রথম ছবি হিরো। আর এর মধ্য দিয়েই বলিউডে পথচলা শুরু করবেন নতুন প্রজন্মের এই দুই উত্তরসূরি।
হিরো ছবি শুটিং শুরু হওয়ার আগে থেকেই খবরের শিরোনামে উঠে আসে। বছর দুয়েক আগে হিরো ছবির ‘হিরো’ সুরজকে নিয়ে সেই আলোচনার শুরু। তাঁর প্রেমিকা অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার পর এই ‘হিরো’ সবার চোখে ‘ভিলেন’ হয়ে যান। কারণ তখন জিয়ার লেখা শেষ চিঠিতে প্রকাশ পায় সুরজ তাঁকে কীভাবে ধোঁকা দিয়েছে, নির্যাতন করেছে এবং ত্যাগ করেছে। এ কারণে সুরজকে ওই সময় কারাগারে যেতে হয়। সুদর্শন সুরজকে তাঁর এই বিতর্কের পর কোনো পরিচালক কিংবা প্রযোজক কাজ দিতেই ভয় পেত। কিন্তু ‘ভিলেন’ বনে যাওয়া সুরজের জীবনে হিরো আসে আশীর্বাদ হয়ে।

হিরো ছবিতে আথিয়া ও সুরজ
হিরো ছবিতে আথিয়া ও সুরজ

একদিকে সুরজ যেমন তাঁর অভিনয়জীবন শুরুর আগে থেকে আলোচনা-সমালোচনার মধ্যমণি ছিলেন, আথিয়া ঠিক এর উল্টো। এই মেয়ে নাকি কখনো মুখ ফুটে নায়িকা হওয়ার কথাটা পর্যন্ত বলতে পারেননি। যখন কলেজের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয় পর্ব শুরু করবেন, তখন নাটকীয়ভাবে কাঁদো কাঁদো স্বরে তারকা বাবা সুনীলকে জানান তাঁর মনের অভিলাষের কথা। হিথরো বিমানবন্দরে টিস্যু দিয়ে নাক-চোখ মুছতে মুছতে বাবাকে জানান, ছেলেবেলা থেকেই ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নাচতেন আথিয়া, আওড়াতেন বাবার ছবির সংলাপগুলো।
ভালো কথা, হিরো দিয়ে কিন্তু আরও একজনের অভিষেক ঘটছে। তিনি হলেন সালমান খান! চোখ ছানাবড়া হয়ে গেল তো? প্রযোজক হিসেবে অভিষেক ঘটছে তাঁর এবং তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান ‘সালমান খান প্রোডাকশনস’-এর। তাই তো ছবির প্রচারে কোনো ঘাটতি রাখছেন না। ছুটেই চলছেন ছবির প্রচারণার জন্য। এতটা ছোটাছুটি তো সাল্লুকে নিজের ছবির জন্যও করতে দেখা যায় না! সুরজ আর আথিয়ার বাবাদের চেষ্টাকেও হার মানিয়ে দিয়েছেন এই দুই নবাগতের ‘গডফাদার’ হয়ে।
১৯৮৩ সালে সুভাষ ঘাই পরিচালিত সফল ছবি হিরো­র রিমেক এটি। তাই যৌথভাবে সালমানের সঙ্গে সুভাষ ঘাইয়ের মুক্তা আর্টসও ছবিটি প্রযোজনা করছে। আগের ছবিতে ছিলেন জ্যাকি শ্রফ ও মীনাক্ষী শেষাদ্রি। আর এবার আছেন সুরজ ও আথিয়া। মজার একটা বিষয় আছে এ ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে ১১ সেপ্টেম্বর। ২৩ বছর আগে ঠিক একই দিনে নাকি আথিয়ার বাবা সুনীল শেঠিরও অভিষেক হয়েছিল বলবান ছবির মধ্য দিয়ে। অন্যদিকে সুরজের জন্য দিনটি বিশেষ। কারণ গেল সপ্তাহেই মুক্তি পেল তাঁর বাবা আদিত্যর ছবি লাখো হ্যায় ইয়াহা দিলওয়ালে। আর এ সপ্তাহে বিরাট পরিসরে আসছেন সুরজ। বাবা-ছেলের এই ‘ব্যাক টু ব্যাক’ মুক্তি তাই পাঞ্চলি পরিবারের উত্তেজনা যেন আরও বাড়িয়ে দিয়েছে।
টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া এবং জি নিউজ অবলম্বনে