বলিউডের নতুন যুবরাজ সুশান্ত সিং রাজপুত
সদ্য মুক্তি পাওয়া ‘কাই পো চে’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে ছোটপর্দায় জনপ্রিয়তা পাওয়া অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। প্রথম ছবিতেই চমত্কার অভিনয়ের কল্যাণে সবার মন জয় করে নিয়েছেন তিনি।ছবিতে তাঁর সাবলীল অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের প্রথম সারির একাধিক নির্মাতা। নবাগত এই তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাঁরা। সুশান্ত প্রসঙ্গে সঞ্জয় লীলা বনশালী বলেছেন, প্রত্যেক তরুণের কাছে অনুকরণীয় হতে পারেন সুশান্ত। আমাদের চলচ্চিত্র শিল্পে তাঁকে স্বাগত জানাতেই হবে। এক খবরে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’। সুশান্ত সম্পর্কে একতা কাপুর বলেন, সুশান্ত আন্তরিক, প্রতিভাবান ও পরিশ্রমী। তিনি বলেন, ‘আমাদের “পবিত্র রিশতা” টিভি সিরিয়ালে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের মাধ্যমেই প্রথম সবার নজরে এসেছিলেন সুশান্ত। এবার তিনি চলচ্চিত্র জগতে পা রেখেছেন এবং বিভিন্ন মহল থেকে প্রশংসিত হয়েছেন। এ জন্য আমি অনেক খুশি। সুশান্ত আন্তরিক, প্রতিভাবান ও পরিশ্রমী একজন ছেলে।’সুজয় ঘোষ বলেন, ‘সুশান্তের অভিনয়শৈলী সত্যিই আমার অনেক ভালো লেগেছে। ছবিটিতে সুশান্ত দারুণ অভিনয় করেছেন। নিজের চরিত্রটিকে বাস্তবসম্মতভাবে উপস্থাপনের ক্ষেত্রে শতভাগ সফল হয়েছেন তিনি। সুশান্তের অভিনয়শৈলী সত্যিই আমার অনেক ভালো লেগেছে। সামনে আরও অনেকবার রুপালি পর্দায় দেখতে চাই তাঁকে।’সুশান্তকে নিয়ে আশুতোষ গোয়ারিকর বলেছেন, নতুন একটি তারকার জন্ম হলো। ‘কাই পো চে’ ছবিতে সূক্ষ্ম অভিনয় উপহার দিয়েছেন সুশান্ত। সত্যিই দারুণ অভিনয় প্রতিভা রয়েছে তাঁর ভেতর। চেতন ভগত, ইউটিভি এবং অভিষেক কাপুরের হাত ধরে নতুন একটি তারকার জন্ম হলো। অভিনয়ের প্রতি সুশান্তের সততায় মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন বিপুল শাহ। তিনি আরও জানান, স্বাগত সুশান্ত! চমত্কার ব্যক্তিত্বের অধিকারী তিনি। তাঁর সাবলীল অভিনয় দেখে ভালো না লেগে উপায় নেই। যেভাবে পর্দায় তিনি নিজেকে তুলে ধরেছেন, তা সবারই ভালো লাগবে। সত্যিই অনেক ভালো করেছেন সুশান্ত।