
সেই রাস্তাটা হয়তো আর আগের মতো নেই যে রাস্তা ধরে নেচেছিলেন বলিউডের নায়িকা মুমতাজ তাঁর হরে রামা হরে কৃষ্ণা ছবিতে। কারণ, সেই পথ এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। বলিউডের নজর থেকে দেখা সেই নেপাল এখন ভূমিকম্পের ভয়াবহতায় হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া সেই নেপালকে হয়তো ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে পুরোনো স্মৃতিগুলো রোমন্থন করতে বলিউডের নেপালস্মৃতি হাতড়ে দেখা যাক।
বলিউডের কালজয়ী গান ‘দম মারো দম, মিট যায়ে গাম’ গানটি নাকি নেপাল থেকে অনুপ্রাণিত হয়েই চিত্রায়িত। হরে রামা হরে কৃষ্ণা ছবির বেশির ভাগ অংশের শুটিং হয়েছে নেপালে। কখনো কাঠমান্ডুর দরবার স্কয়ার, কখনো পোখারার পাহাড়—পরিচালক ও অভিনেতা দেবানন্দ তাঁর ছবিতে নেপালের নৈসর্গিক সৌন্দর্যের সবটুকুই তুলে ধরেছিলেন। সেই ছবির শুটিংয়ের সময় একদল বিদেশিকে গেরুয়া কুর্তা, রুদ্রাক্ষ ও গাঁদা ফুলের মালা গলায় জড়িয়ে দরবার স্কয়ারে ঘোরাঘুরি করতে দেখলেন দেবানন্দ। সেই থেকেই ওই ফ্রেমটা মাথায় গেঁথে যায় তাঁর। এরপরই জিনাত আমানকে সেই বেশে সাজিয়ে, তেমনই আবহ তৈরি করে তিনি দৃশ্যায়ন করেন ‘দম মারো দম’ গানটি।

নেপালকে ঘিরে এমন অনেক স্মৃতি রয়েছে বলিউডে। বলিউড মহাতারকা ‘বিগ বি’ অমিতাভও তো আছেন সেই কাতারে। তাঁর তো দু-দুটো ছবির দৃশ্যায়ন হয়েছে। মহান ছবিতে জিনাত আমানকে নিয়েই তিনি নেচেছিলেন ‘পেয়ার মে দিল পে মার দে গোলি’ গানটি আর শ্রীদেবী নিয়ে তৈরি খুদা গাওয়া ছবিটির জন্য নেপালে এসে মুগ্ধ হয়েছিলেন।
এ তো গেল ৮০ আর ৯০ দশকের গল্প। হাল আমলে সুইজারল্যান্ড কিংবা আমস্টারডামের সৌন্দর্যের প্রভাবে বলিউডে নেপালের গুরুত্ব কিছুটা ম্লান হলেও, তা একেবারে দৃষ্টিগোচর হয়ে যায়নি। খুব সম্প্রতি অক্ষয় কুমারের বেবি ছবিতে বর্তমানের নেপাল উঠে এসেছিল। বক্স অফিসে হিট হওয়া এ ছবিতে অক্ষত নেপালের সৌন্দর্য সবার মন কাড়ে আরও একটিবারের মতো। সবশেষ গত মাসেই শাহরুখ খান প্রথমবারের মতো গিয়েছিলেন নেপালে। মুগ্ধ হয়েছিলেন সেখানকার প্রাচীন মন্দির, পাহাড় আর মানুষদের দেখে। কিন্তু আজকের নেপাল দেখে তিনিও ব্যথিত—হতবাক। তাই শাহরুখসহ বলিউডের সবাই এখন একজোট হয়েছেন। সরকারি সহায়তার বাইরেও বলিউড আলাদাভাবে দাঁড়িয়েছে নেপালের পাশে। অমিতাভ বচ্চন, শাহরুখ, সালমান, অনিল কাপুরের মতো তরুণ বলিউড সদস্য, যেমন আলিয়া ভাট, বরুন ধাওয়ান, শ্রদ্ধা কাপুররাও যে যাঁর মতো দাতব্য সংস্থার হয়ে আওয়াজ তুলছেন সাহায্যের জন্য। কারণ, নেপাল তো আর তাঁদের জন্য দূরের দেশ নয়। ছোট্ট এই দেশকে আবারও সাজাতে, সেখানকার মানুষকে বাঁচাতে তাই বলিউডের তারকারা হয়েছেন একজোট। পুরোনো নেপালকে ফিরিয়ে আনা না গেলেও, বিধ্বস্ত এই নেপালের পরিস্থিতি বদলাতে বি-টাউন সক্রিয় হয়ে উঠেছে।
জি নিউজ, ডিএনএ ইন্ডিয়া, পিটিআই অবলম্বনে