
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মেতেছেন কোটি কোটি ফুটবল ভক্ত। বাদ যাননি বিটাউনের তারকারাও। পছন্দের দলকে সমর্থন জানাতে শুটিংয়ের ফাঁকে খেলা দেখার সুযোগ করে নিচ্ছেন ব্যস্ত বলিউড তারকারা। কেউ ঘরে বসে, কেউবা বন্ধুদের সঙ্গে নিয়ে বসে পড়ছেন টেলিভিশন সেটের সামনে৷ সে সঙ্গে বিশ্বকাপ নিয়ে নিজেদের আবেগ-অনুভূতি শেয়ার করতে মাঝেমধ্যেই ঢুঁ মারছেন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে।
ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে পরিবারের সবাই মিলেই বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী খেলা দেখেছেন বলিউড তারকা শাহরুখ খান। বিশ্বকাপের প্রতি সমর্থন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারে তিনি লিখেছেন, ‘ফুটবল মানেই চরম উত্তেজনা । বিশ্বকাপের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি। আগামী এক মাস টিভির সঙ্গে আঠার মতো লেগে থাকব!’ তবে শাহরুখ এবার কোন দলকে সমর্থন করছেন সেটা এখনো প্রকাশ করেননি। অন্যদিকে শুটিং শেষে বাড়ি ফিরেই রাত জেগে বিশ্বকাপ ফুটবল নিয়ে মেতে ছিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। উদ্বোধনী খেলা দেখে পরদিন টুইটারে এক বার্তায় অমিতাভ বচ্চন লিখেছেন, ‘কাজ করছি ফুর্তিতে। আগের রাতে ব্রাজিলের জয় দেখেছি, এখন আমার মন সাম্বা নাচছে!’ প্রিয় দল ব্রাজিল ছাড়াও বিশ্বকাপের অধিকাংশ ম্যাচই উপভোগ করবেন বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। আর খেলা দেখার সঙ্গী হিসেবে কখনো থাকেন জয়া বচ্চন কখনো বা পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন।

জেনারেশন ওয়াইয়ের নতুন তারকা জ্যাকি শ্রফপুত্র টাইগার শ্রফ অবশ্য বাড়িতে বসে বাবার সঙ্গেই উপভোগ করতে চান বেশির ভাগ ম্যাচ। তিনি চান স্পেন অথবা আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ ঘরে তুলুক। প্রিয় ফুটবল খেলোয়াড় কে? এই প্রশ্নের জবাবে এক বাক্যেই টাইগারের জবাব, ‘অবশ্যই মেসি’। ফুটবল খেলা নিয়ে তৈরি ২০০৭ সালের ধান ধানা ধান গোল ছবিতে গোলকিপার ছিলেন আরশাদ ওয়ার্সি। বিশ্বকাপের সময়টাতে গুড্ডু রাঙ্গিলা ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন তিনি। তবে শিডিউল বদলে খেলা দেখার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বলিউডের এই ফুটবলপ্রেমী অভিনেতা । নিজেকে কোচ লুইস ভ্যান গালের অনেক বড় একজন ভক্ত দাবি করে বলেন, এবারের বিশ্বকাপে তাঁর দল নেদারল্যান্ডস । তবে প্রিয় খেলোয়াড় ব্রিটিশ ওয়েইন রুনি। বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা বোমান ইরানির পছন্দের দল ব্রাজিল। ব্রাজিলের প্রথম গোলের সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাস প্রকাশ করে টুইটারের নিজের অভিব্যক্তি জানিয়েছেন এই অভিনেতা। সালমান খান বিশ্বকাপে কোন দলের সমর্থক সেটা না জানালেও নিজের টুইটে শুধু একটা প্রশ্ন রেখে দিয়েছেন, ‘ফিফা বিশ্বকাপ দেখার কী পরিকল্পনা করেছেন?’

বলিউড সুন্দরীদের পছন্দের ফুটবল তারকা হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আছে ক্রিস্টিয়ানো রোনালদো। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও কারিনা কাপুর দুজনেরই পছন্দের খেলোয়াড় পর্তুগালের এই ফুটবলার। আরেক বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরিও রোনালদোর জন্যেই পর্তুগালকে সমর্থন করছেন এবারের বিশ্বকাপে। প্রিয়াঙ্কার পছন্দের রোনালদো হলেও তাঁর চাচাতো বোন পরিণীতি চোপড়ার পছন্দ কিন্তু জার্মান তারকা মেসুত ওজিল। জার্মানি এবারের বিশ্বকাপ ঘরে তুলবে এমনটাই চান পরিণীতি। অন্যদিকে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের পছন্দেও রয়েছে চমৎকার মিল। দুজনেই ঘোর আর্জেন্টিনা-সমর্থক। তবে দীপিকার পছন্দ মেসি হলেও ক্যাটরিনার পছন্দ সার্জিও অাগুয়েরো। দীপিকার চোখে বিশ্বের সেরা খেলোয়াড় হলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। তাই আর্জেন্টিনার পতাকা নিয়েই মেসিকে সমর্থন করবেন দীপিকা। বলিউডের প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহার পছন্দের খেলোয়াড় ছিলেন ইংল্যান্ডের ফুটবল তারকা ডেভিড বেকহাম। আর বাবার পছন্দই মেয়ে সোনাক্ষীর পছন্দ। তবে বেকহামের যুগ সেই কবে শেষ হলেও বাবার সঙ্গে ইংল্যান্ডকেই সমর্থন করেন সোনাক্ষী সিনহা। এদিকে অভিনেত্রী কঙ্গনা রানাউত সমর্থন করছেন স্পেনকে। পছন্দের খেলোয়াড় হিসেবে স্পেনের ফুটবল তারকা ফার্নান্দো তোরেসকেই সবচেয়ে বেশি পছন্দ কুইনখ্যাত কঙ্গনার। আরেক অভিনেত্রী বিপাশা বসু ফুটবলের এতই ভক্ত যে বিশ্বকাপের খেলা দেখা কখনো বাদ দেন না তিনি। এ বছরও সবগুলো ম্যাচ নিজের বাড়িতে বসে কিংবা বন্ধুদের সঙ্গে দেখার পরিকল্পনা করছেন তিনি। বিপাশার প্রিয় দলের তালিকায় রয়েছে আর্জেন্টিনা ও স্পেন।
সাজিদুল হক
মিড ডে, এনডিটিভি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টাইমস, উইকিপিড়িয়া অবলম্বনে