ইদানীং বলিউডের অনেক ছবিই তৈরি হয় বড় বাজেট আর বড় তারকা নিয়ে। গানের দৃশ্য, ভালো কাহিনি, ভালো নির্মাণের কারণে এসব ছবির অনেক ছবিই ব্লকবাস্টার হয়, আর জনপ্রিয়তার জের ধরে আসে ব্যবসার সাফল্যও। কোনো ছবির কোনো কোনো দৃশ্য হয়ে ওঠে বারবার দেখার মতো, অনেক দর্শকও ছবির এমন দৃশ্য আরেকবার দেখার জন্য সিনেমা হলে যান। কিন্তু মজার বিষয় হচ্ছে, বড় ছবিতেও অনেক ছোটখাটো ভুল থাকে, যা আবেগের কারণে দর্শকের নজর এড়িয়ে যায়। যেমন ভাগ মিলখা ভাগ ছবির কথাই ধরা যাক। ১৯৫০ সালের কাহিনির এ ছবিতে নিশ্চয়ই মোবাইল ফোনের টাওয়ার থাকার কথা নয়। কিন্তু এ ছবিতে দিব্যি দেখানো হয়েছে মোবাইল ফোনের নেটওয়ার্কের জন্য বসানো দীর্ঘ টাওয়ার। চলুন জেনে নেওয়া যাক বলিউডের এমন আরও কিছু বড় ছবির ছোটখাটো ভুল!
কুইনের ভুলের ‘কুইনাইন’!
কঙ্গনা রনৌতের অসাধারণ অভিনয় ছাড়াও কুইন ছবিটির কাহিনির কারণেও এটি দর্শক-আদৃত হয়েছে। কিন্তু এ ছবিরও পিছু ছাড়েনি ভুল। এ ছবিতে কঙ্গনা যে ট্রেনটিতে চেপে প্যারিস ছাড়েন, সেটি আদতে নেদারল্যান্ডসের একটি লোকাল ট্রেন! আবার কুইন ছবিতে যে প্লেনে করে দিল্লি ছাড়ছিলেন কঙ্গনা, সেই একই দৃশ্যের ছোট ছোট অংশে সেটি কখনো এয়ারবাস এ৩২০ আবার কখনো এ৩৩০ আবার কখনোবা তা হয়ে যায় এ৩৮০! একই দৃশ্যের ভেতরে বারবার বিমানের এমন বদলে যাওয়ার বিষয়টিকে ভুল না বলে বলা ভালো মানুষই তো ভুল করে!

ধুম: ৩-এর ১৩৮ ভুল!
সম্প্রতি ইউটিউবে একটি সাড়ে আট মিনিটের ভিডিও ছেড়েছে ‘বলিউড সিন’ নামের একটি ইউটিউব চ্যানেল। ভিডিওটির মূল বিষয় ধুম: ৩ ছবির ১৩৮টি ভুল! একটি নয় দুটি নয়, এ ছবিতে সব মিলিয়ে ভুলের সংখ্যা নাকি ১৩৮টি। আমির খানের মোটরবাইক বদলে জেট স্কি হয়ে যাওয়া ছাড়াও উড়ন্ত অভিষেকসহ ১৩৮টি ভুলের কথাই জানিয়েছে এই ইউটিউব চ্যানেলটি।
চেন্নাই এক্সপ্রেসের জাদু!
জাদুই তো! রীতিমতো জাদু না হলে কি আর এমন ঘটে! ট্রেনের স্লিপার কোচের কামরায় উঠে পড়ার পর নামার দৃশ্যে যখন দেখা গেল ট্রেনের সাধারণ একটি কামরা থেকে সেই স্লিপার কোচের আরোহীই নামছে। তখন সেই স্লিপার কোচের সাধারণ কামরায় বদলে যাওয়ার বিষয়টিকে জাদু ছাড়া আর কীই-বা বলা যেতে পারে! চেন্নাই এক্সপ্রেস-এর একটি দৃশ্যে এমনই অসংগতি রয়েছে।

দিলওয়ালে দুলহানিয়ার ‘কী চমৎকার দেখা গেল’
শাহরুখ খান-কাজল অভিনীত ব্লকবাস্টার ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এ ছবির দর্শকেরা এতটাই মুগ্ধ হয়ে এই দুই তারকার ভালোবাসার গল্প দেখেন যে ছবির অনেক ভুলই নজরে পড়ে না তাঁদের। একটি দৃশ্যে সবুজ ঘাসে ছাওয়া এক মাঠে কাজল দাঁড়িয়ে, তখনই শুরু হয় সেই বিখ্যাত গান: ‘তুঝে দেখা তো’...কিন্তু কাজল যখন শাহরুখ খানের দিকে দৌড়ে আসতে থাকেন, সে সময় সেই সবুজ ঘাসে ছাওয়া মাঠটিই হঠাৎ বদলে যায় তীব্র হলুদ সরষে ফুলে ঢাকা এক সরষের খেতে! আরেকটি দৃশ্যে যেখানে ট্রেনের ভেতরে কাজল তাঁর স্যুটকেসে কাপড়চোপড় ভরছেন, ট্রেনের মেঝেতে তখন আর কাজলের কোনো কিছুই পড়ে নেই। কিন্তু তারপরও কী এক জাদুমন্ত্রে সে সময় শাহরুখ আরও বেশ কিছু কাপড়চোপড় হাজির করেন কাজলের সামনে।

‘কাভি’ চপ্পল ‘কাভি’ স্টিলেটো, ‘কাভি’ ল্যাম্বারগিনি ‘কাভি’ মার্সিডিজ
পারিবারিক বিনোদনের উজ্জ্বল উদাহরণ বলিউডের ছবি কাভি খুশি কাভি গাম। এ ছবির ব্যবসা-সাফল্য ঈর্ষণীয়। কিন্তু ছবিতে কারিনা কাপুর তাঁর কলেজের এক অনুষ্ঠানে লাল চপ্পল বা স্যান্ডেল পরে গেলেও অনুষ্ঠানে ‘ইউ আর মাই সোনিয়া’ গানের সঙ্গে নাচের দৃশ্যে কারিনার সেই চপ্পল বদলে যায় স্টিলেটোয়! শুধু চপ্পলই নয়, কারিনার লাল স্কার্ফটিও বদলে হয়ে যায় লাল কোট। এদিকে আবার হৃতিকের বাহন যে গাড়িটি, সেটি একটি ল্যাম্বারগিনি। কিন্তু পরে সেই ল্যাম্বারগিনি হয়ে যায় মার্সিডিজ।
ছবির ফ্রেমে ক্যামেরা, আলোকসম্পাতের যন্ত্র!
রেস ছবিতে নানা রকমের গাড়ির ভুলের বিষয় থাকলেও সবচেয়ে যে বিষয়টি দৃষ্টিকটু, সেটি হচ্ছে, সম্পাদনার পরও ছবির একটি দৃশ্যে অসাবধানতার কারণে রয়ে গেছে শুটিংয়ের ক্যামেরা এমনকি আলোকসম্পাতের যন্ত্রও! আর এসব যন্ত্রপাতিসহই এ ছবি সম্পাদনার টেবিল পেরিয়ে সিনেমা হলে পৌঁছেছে। হলভর্তি দর্শক সে ছবি দেখেছেনও।
জাদু জানে কৃষ ৩
ভারতের নিজস্ব সুপার হিরো চরিত্র ‘কৃষ’-এর তারকা হৃতিক রোশন। কৃষ ৩ ছবির একটি দৃশ্যে প্রিয়া মেহরা যখন তাঁর গাড়িতে করে কৃষ্ণ ও রোহিতকে অফিসে পৌঁছে দিতে যান, সে সময় হৃতিক সে গাড়ির সামনের আসনে ছিলেন না। কিন্তু নামার সময় সামনের আসনের দরজা খুলেই সুপার হিরো ‘কৃষ’ নামেন! আবার একটি গানের দৃশ্যে হৃতিকের ফুলহাতা শার্ট বদলে হাফশার্ট, আবার তা বদলে ফুল, আবারও তা হাফহাতা শার্ট হয়ে যায়। একেই বলে সুপার হিরো কৃষের জাদু!
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি