বলিউডের রাহুল বোস ঢাকার ছবিতে
বলিউডের অভিনেতা রাহুল বোস অভিনয় করবেন ঢাকার ছবিতে। ২৫ আগস্ট তিনি ঢাকায় আসবেন। ছবির নাম আন্ডার কনস্ট্রাকশন। পরিচালক রুবাইয়াত হোসেন। গতকাল শনিবার সকালে রুবাইয়াত বলেন, ‘রাহুল আমার খুব ভালো বন্ধু। মেহেরজান-এর (রুবাইয়াতের প্রথম ছবি) পর রাহুলের সঙ্গে আমার কথা হয়। তখন তাঁকে আন্ডার কনস্ট্রাকশন ছবির গল্প শুনিয়েছিলাম। গল্পটি রাহুল পছন্দ করেন। তখনই তিনি আমাকে ছবিটিতে অভিনয়ের ব্যাপারে প্রতিশ্রুতি দেন। রাহুল বোস এ মাসেই ঢাকায় আসবেন। ছবিতে অভিনয়ের জন্য তিনি সপ্তাহ দু-তিনেক ঢাকায় থাকবেন।’এই ছবিতে আরও অভিনয় করছেন বলিউডের শাহানা গোস্বামী এবং বাংলাদেশের শাহাদাৎ। আন্ডার কনস্ট্রাকশন ছবিতে একজন সাধারণ মানুষের আধুনিক জীবনযাপনের নানা পর্যায় তুলে ধরার চেষ্টা করা হয়েছে।রাহুল বোস সর্বশেষ ঢাকায় আসেন এ বছরের ফেব্রুয়ারি মাসে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। প্রতিবছর দেশ-বিদেশে কয়েকটি স্কুল-কলেজে বক্তব্য দেন তিনি।