বলিউডের রেকর্ড গড়ার বছর ২০১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ধুম ৩’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দ্য লাঞ্চ বক্স’ ও ‘মাদ্রাজ ক্যাফে’ ছবির দৃশ্য
‘ধুম ৩’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘দ্য লাঞ্চ বক্স’ ও ‘মাদ্রাজ ক্যাফে’ ছবির দৃশ্য

২০১৩ সালে বলিউডের ছবির অগ্রযাত্রায় ভিন্ন এক মাত্রা যুক্ত হয়েছে। একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়েছেন তারকা ও নির্মাতারা। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’, ‘কৃশ ৩’, ‘ধুম ৩’ ছবিগুলো দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা।
২০১৩ সালে মুক্তি পাওয়া এসব ছবি নিত্যনতুন সব রেকর্ড গড়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সাধারণ দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র বোদ্ধা ও কলা-কুশলীদেরও। এ বছর বিশ্বব্যাপী ২০০ কোটি ডলারেরও বেশি ব্যবসা করেছে হিন্দি ছবি। সব মিলিয়ে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়েই থাকবে ২০১৩ সাল।
এ বছর বলিউডের ছবিগুলো সবচেয়ে বেশি সাফল্য দেখিয়েছে বক্স অফিসে। বলিউডের ছবির ইতিহাসে অতীতের নানা রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে এ বছর মুক্তি পাওয়া একাধিক ছবি। চলতি বছরের আগস্টে মুক্তি পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি। মুক্তির পরপরই হইচই ফেলে দেয় ‘চেন্নাই এক্সপ্রেস’। মাত্র চার দিনে ১০০ কোটি রুপি আয় করে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করে রোহিত শেঠি পরিচালিত ছবিটি। দুই সপ্তাহের মাথায় এর ঝুলিতে জমা পড়ে ২০০ কোটি রুপি। ৩৯৫ কোটি রুপি আয় করে আমির খানের ‘থ্রি ইডিয়টস’কে টপকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি আয়ের রেকর্ড গড়ে ‘চেন্নাই এক্সপ্রেস’। 

আমির খানের ‘ধুম ৩’ মুক্তি পায় ২০ ডিসেম্বর। মুক্তির পরপরই ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির রেকর্ড ভেঙে রীতিমতো তোলপাড় তোলে ‘ধুম ৩’। আমির খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ছবিটি মাত্র তিন দিনে আয় করে ১০৭ কোটি ৬১ লাখ রুপি। এর মধ্য দিয়ে হিন্দি চলচ্চিত্রের বক্স অফিস ইতিহাসে অনন্য এক নজির গড়ে অ্যাকশন-থ্রিলার ঘরানার ছবিটি।

২০১৩ সালে বেশ কয়েকটি ছবি ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে। সেগুলোর মধ্যে রয়েছে ‘রেস ২’, ‘আশিকি ২’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘কৃশ ৩’ ও ‘ধুম ৩’।

ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন সুপরিচিত বলিউড। ২০১৩ সালে হিন্দি ছবির বিস্তৃতি বেড়েছে বহুগুণ। পেরু, পানামা, মরক্কোসহ এমন অনেকে দেশে বলিউডের ছবি মুক্তি পেয়েছে, যা আগে কখনো ঘটেনি। বিশ্বের ৫০টিরও বেশি দেশে মুক্তি দেওয়া হয় ‘চেন্নাই এক্সপ্রেস’। বলিউডের ছবির ইতিহাসে ভারতের বাইরে এত বেশি দেশে আগে কখনোই কোনো ছবি মুক্তি পায়নি। হিন্দির পাশাপাশি ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, জার্মান, হিব্রুসহ ১০টি ভাষায় ডাবিং করে ছবিটি মুক্তি দেওয়া হয়। এমনকি ছবির পোস্টারেও এসব ভাষা ব্যবহার করা হয়। হিন্দি ছবির ইতিহাসে এমন ঘটনা বিরল।

‘কৃশ ৩’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘রাম-লীলা’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘ধুম ৩’ ছবির পোস্টার
‘কৃশ ৩’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘রাম-লীলা’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘ধুম ৩’ ছবির পোস্টার

সবচেয়ে বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে বলিউডের ছবি মুক্তির রেকর্ডও হয়েছে ২০১৩ সালে। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি ভারতের সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের আরও ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। কিন্তু বছর শেষে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির গড়া রেকর্ড ভেঙে দিয়ে কেবল ভারতেই সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ধুম ৩’। এর মাধ্যমে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক প্রেক্ষাগৃহে ছবি মুক্তির রেকর্ড এখন ‘ধুম ৩’-এর দখলে।  
এ বছরের অন্যতম আলোচিত ঘটনা ছিল হলিউডের ছবিতে অমিতাভ বচ্চনের অভিনয়। চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে দাপটের সঙ্গে বিচরণ করলেও এবারই প্রথম ‘দ্য গ্রেট গ্যাটসবি’ ছবির মাধ্যমে অমিতাভের হলিউড অভিষেক হয়। এ ছাড়া হলিউডের অ্যানিমেশন ছবি ‘প্লেনস’-এ এশিয়ান একটি চরিত্রে কণ্ঠ দেন ‘দেশি গার্ল’ তারকা প্রিয়াঙ্কা চোপড়া। চলতি বছরেই প্রকাশিত হয় তাঁর ‘এক্সোটিক’ গানটি। আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পাওয়া প্রিয়াঙ্কার দ্বিতীয় গান এটা। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দেন মার্কিন র্যাপ সংগীতশিল্পী পিটবুল। এদিকে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের অভিনীত হলিউডের ছবি ‘সিলভার লাইনিংস প্লেবুক’ ২০১৩ সালের অস্কার আসরে মোট আটটি বিভাগে মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে আলোচিত হয়।
শাহরুখ, খান, মনোজ বাজপায়ী ও বিদ্যা বালানের মতো তারকাদের শুরুটা হয়েছিল ছোট পর্দায়। পরবর্তী সময়ে চলচ্চিত্রে সাফল্য পান তাঁরা। এ বছর ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করে আলোচিত হয়েছেন সুশান্ত সিং রাজপুত, অমিত সাদ, করণ কুন্দ্রা ও মনীশ পাল।

বরাবরের মতো এ বছরও বিদেশি অভিনয়শিল্পীর অভিষেক হয়েছে বলিউডে। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অভিনেত্রী এলি আবরাম, অস্ট্রেলিয়ান অভিনেত্রী ক্রিস্টিনা আখিভা ও রেকেকা ব্রিডস। তাঁরা অভিনয় করেছেন ‘মিকি ভাইরাস’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ এবং ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে। দক্ষিণী তারকাদের বলিউড অভিষেকও আগের তুলনায় বেশি হয়েছে ২০১৩ সালে। রাম চরণ তেজা, ধানুশ, তামান্না ভাটিয়া ও তাপসী পান্নু অভিনয় করেছেন যথাক্রমে ‘জঞ্জির’, ‘রাঞ্ঝা’, ‘হিম্মতওয়ালা’ এবং ‘চশমে বদ্দুর’ ছবিতে।

নাচ-গানে ভরপুর মসলাদার ছবির পাশাপাশি বিকল্প ধারার চলচ্চিত্রও এ বছর আলোচিত হয়েছে বলিউডে। সেগুলোর মধ্যে রয়েছে ‘দ্য লাঞ্চবক্স’, ‘শিপ অব থিসিয়াস’, ‘শহীদ’ এবং ‘বিএ পাস’। ভিন্ন ধারার বিষয়বস্তু নিয়ে নির্মিত কয়েকটি ছবিও সাফল্য দেখিয়েছে ২০১৩ সালে। ছবিগুলোর মধ্যে রয়েছে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘শর্টস’, ‘বোম্বে টকিজ’ এবং এবিসিডি: অ্যানিবডি ক্যান ড্যান্স’। দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে ছবিগুলো।

এ বছর ছবির প্রচারণার ক্ষেত্রেও নিত্যনতুন কৌশল দেখিয়েছেন নির্মাতারা। এ ক্ষেত্রে এগিয়ে আছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘কৃশ ৩’ এবং ‘ধুম ৩’। ভিডিও গেমস, খেলনাসহ বিভিন্ন পণ্য বাজারে ছেড়ে ছবিগুলোর প্রচারণা চালানো হয়েছে। এর মধ্যে কেবল ‘কৃশ ৩’ ছবিরই ১৫০টি পণ্য বাজারে ছাড়া হয়। পণ্যগুলোর মধ্যে রয়েছে মুখোশ, ব্রেসলেটসহ আরও অনেক কিছু। আর ‘কৃশ ৩’-কে টপকে ২০০ ধরনের পণ্য বাজারে ছাড়ে ‘ধুম ৩’ ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।