বলিউডের লেট লতিফরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর, কারিনা কাপুর খান
সালমান খান, শাহরুখ খান, রণবীর কাপুর, কারিনা কাপুর খান

পেশাজীবনে সাফল্য পাওয়ার ক্ষেত্রে সময়জ্ঞান থাকাটা অত্যন্ত জরুরি বিষয় বলেই বিবেচিত হয়। কিন্তু সময়জ্ঞানের যথেষ্ট ঘাটতি সত্ত্বেও বলিউডে নিরঙ্কুশ সফলতা পেয়েছেন এমন কয়েকজন তারকার হাঁড়ির খবর জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। এসব তারকার মধ্যে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান থেকে শুরু করে বর্তমান প্রজন্মের হার্টথ্রব অভিনেতা রণবীর কাপুর এবং পতৌদির নবাব পরিবারের পুত্রবধূ ‘হিরোইন’ তারকা কারিনা কাপুর খানের নামও ঠাঁই পেয়েছে। তাঁরা বেশির ভাগ সময়ই ছবির সেটে দেরি করে যান। তাঁদের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় ছবির দলের অন্য সদস্যদের। এভাবে অন্যের সময় নষ্ট করার জন্য ভালোই সমালোচিত হয়েছেন বলিউডের এই লেট লতিফরা।
সালমান খান
ছবির সেটে দেরি করে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগের তির ছোড়া হয়েছে ‘দাবাং’ তারকা সালমান খানের দিকে। খান সাহেবের বিরুদ্ধে অভিযোগ, কখনোই তিনি সময়মতো ছবির সেটে যান না। তাঁর অভিনীত প্রায় সব ছবির পরিচালক, প্রযোজক ও সহশিল্পী সালমানের এই বদভ্যাস নিয়ে মুখ খুলেছেন। সময়জ্ঞানের অভাবের কারণে বহুবার নেতিবাচক খবরের শিরোনামও হয়েছেন ‘ব্যাড বয়’ তকমা পাওয়া ৪৮ বছর বয়সী তুমুল জনপ্রিয় এ তারকা অভিনেতা। তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী আমির খান ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি পর্বে বলেছিলেন, ‘আমরা ‘‘আন্দাজ আপনা আপনা’’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম। ছবির সেটে প্রায়ই দেরি করে আসত সালমান। তার এমন অপেশাদার আচরণের কারণে আমাদের মধ্যে কিছু সমস্যাও তৈরি হয়েছিল।’

শাহরুখ খান

লেট লতিফ তকমা পাওয়া বলিউডের তারকাদের মধ্যে অন্যতম ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। বলিউডের আরেক প্রভাবশালী অভিনেতা সালমানের মতো তিনিও সব সময় ছবির সেটে দেরি করে হাজির হন। শাহরুখের এই বদভ্যাসের কথা ফাঁস করেছিলেন তাঁরই কাছের বন্ধু নির্মাতা-প্রযোজক করণ জোহর। ‘মাই নেম ইজ খান’ ছবির প্রচারণামূলক একটি অনুষ্ঠানে শাহরুখ সম্পর্কে করণের মন্তব্য ছিল, ‘সব ছবির ক্ষেত্রেই নির্ধারিত সময়ের অন্তত দুই ঘণ্টা পর সেটে গিয়ে হাজির হন শাহরুখ।’   

কারিনা কাপুর খান

বলিউডের অভিনেতা ও পতৌদির নবাব সাইফ আলী খানকে বিয়ে করে পতৌদির নবাব পরিবারের সদস্য হয়েছেন কারিনা। তাঁর আচরণেও যেন নবাবি আচরণ ভর করেছে। এমনিতেই বদমেজাজি তারকা হিসেবে দুর্নাম আছে কারিনার। তার ওপর প্রায় সময়ই ছবির সেটে দেরিতে হাজির হন তিনি। শুধু তাই নয়, মেকআপ নেওয়া কিংবা পোশাক পরার পেছনেও প্রচুর সময় ব্যয় করেন তিনি। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হয়েছিলেন কারিনা, অক্ষয় কুমার ও লারা দত্ত। কথা প্রসঙ্গে অক্ষয় বলেন, ‘বরাবরই আমি সময়মতো কাজ করার চেষ্টা করি। নির্ধারিত সময়ে ছবির সেটে হাজির হই। সবার ভেতরেই সময়ানুবর্তিতা থাকা উচিত। শুধু শুধু আমার কারণে অন্যের মূল্যবান সময় অপচয়ের কোনো মানে হয় না।’ অক্ষয়ের এই মন্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও, দেরি করে ছবির সেটে হাজির হওয়ার বিষয়ে নিজের পক্ষে সাফাই গেয়ে কারিনা বলেন, ‘আমি সব সময় বিকেলের শিফটে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ, সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না আমি।’

রণবীর কাপুর

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের ছেলে ও কারিনার চাচাতো ভাই ‘ওয়েক আপ সিড’ তারকা রণবীর কাপুরও প্রায় নিয়মিতই দেরি করে ছবির সেটে হাজির হন।

রণবীর সিং

‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে চার বছর আগে বলিউডে পা রাখেন রণবীর সিং। পরে ‘লেডিস ভার্সেস রিকি বেহেল’, ‘লুটেরা’, ‘গোলিও কি রাসলীলা: রাম-লীলা’ ও ‘গুন্ডে’র মতো ছবিতে সাবলীল অভিনয় উপহার দিয়ে হাল আমলের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন তিনি। কিছুটা বুনো আচরণের জন্য সমালোচিত হয়েছেন ২৮ বছর বয়সী রণবীর সিং ভবানি। ছবির সেটে দেরি করে হাজির হওয়ার জন্যও দুর্নাম কুড়িয়েছেন তিনি। সময়মতো ছবির সেটে হাজির হওয়ার চেয়ে চুলের যত্ন কিংবা জিমে গিয়ে ঘাম ঝরানোতেই তাঁর বেশি মনোযোগ। ‘গুন্ডে’ ছবিতে রণবীরের সহ-অভিনেতা অর্জুন কাপুর। কিছুদিন আগে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অর্জুন জানান, ‘গুন্ডে’ ছবির সেটে পৌঁছতে প্রতিদিনই অন্তত ১৫ মিনিট দেরি করেছেন রণবীর।

গোবিন্দ

একসময়ের পর্দা কাঁপানো বলিউডের তারকা অভিনেতা গোবিন্দ। অভিনয়ে নৈপুণ্য ও নাচে পারদর্শিতার কারণে সুনাম কুড়ালেও ছবির সেটে দেরি করে হাজির হওয়ার জন্য অনেক সমালোচনা সইতে হয়েছে তাঁকে।