বলিউডের শিক্ষকেরা

বাস্তব জীবনের শিক্ষক আর চলচ্চিত্রের পর্দায় শিক্ষকের ভূমিকায় অভিনয়—দুটো এক জিনিস নয়। চরিত্রের প্রয়োজনে এসব চরিত্রে অভিনয়-শিল্পীরা এমন কারিশমা দেখান, যা গতানুগতিক শিক্ষকের চেয়ে অন্য রকম এক ব্যক্তিকে তুলে ধরে। শিক্ষক হিসেবে কখনো তাঁদের হতে হয়েছে আদর্শবান, কখনো বা রঙ্গরসে ভরপুর। শিক্ষকের চরিত্রে অভিনয় করে যাঁরা সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন বোমান ইরানি, অমিতাভ বচ্চন, আমির খান, শাহরুখ খান, সুস্মিতা সেন, বিনোদ খান্না, রাজ কুমার।
থ্রি ইডিয়টসের শিক্ষক বোমান ইরানি: কলেজের ডিন চরিত্র বললেই যাঁর ছবি ভেসে ওঠে, তিনি বোমান ইরানি। ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্নাভাই এমবিবিএস’ চলচ্চিত্রে ডিনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। পর্দায় তিনি কড়া শিক্ষক, যাঁর কার্যকলাপ যথেষ্ট হাস্যরস জোগায়।
দেশি বয়েজের চিত্রাঙ্গদা সিং: ‘দেশি বয়েজ’ চলচ্চিত্রটি যাঁরা দেখেছেন, তাঁরা চিত্রাঙ্গদা সিংকে অর্থনীতি বিষয়ের অধ্যাপক হিসেবে দেখেছেন। আবেদনময়ী শিক্ষক হিসেবে চিত্রাঙ্গদা সিং শিক্ষার্থী অক্ষয়কে নানা কৌশলে পাঠ দেন।
ইমতিহানে বিনোদ খান্না: ১৯৭৪ সালের ‘ইমতিহান’ চলচ্চিত্রে বিনোদ খান্না অভিনয় করেছিলেন আদর্শ একজন অধ্যাপকের চরিত্রে। শিক্ষার্থীদের মানুষ করার ব্রত ছিল তাঁর চরিত্রে।
বুলন্দির শিক্ষক রাজ কুমার: ‘বুলন্দি’ চলচ্চিত্রে অধ্যাপক সতীশ খুরানার চরিত্রে অভিনয় করেছিলেন রাজ কুমার। বড়লোক পরিবারের এক শিক্ষার্থীকে পড়ানোর দায়িত্ব ছিল তাঁর।
পরিচয়ে শিক্ষক জিতেন্দ্র: ‘পরিচয়’ চলচ্চিত্রে শিক্ষক হিসেবে পাঁচ দুষ্ট বাচ্চাকে পড়ানোর দায়িত্ব পান জিতেন্দ্র। দুষ্টুমিতে অতিষ্ঠ জিতেন্দ্র তাঁর যত্নশীল আচরণ দিয়ে দুষ্টু বাচ্চাদের শিষ্ট করে তোলেন।
স্যার চলচ্চিত্রে নাসিরুদ্দীন শাহ: ‘স্যার’ চলচ্চিত্রে নাসরুদ্দিন শাহ একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করে বাকপ্রতিবন্ধী শিক্ষার্থীকে সাহায্য করেন।
ব্ল্যাকের শিক্ষক অমিতাভ বচ্চন: ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে অমিতাভের চরিত্রের নাম দেবরাজ সাহাই। শিক্ষক হিসেবে বলিউডে অমিতাভ বচ্চনকে অসাধারণ মানায়। ‘মোহাব্বত’ এবং ‘অরক্ষণ’ চলচ্চিত্রেও শিক্ষক হিসেবে অসাধারণ ছিলেন অমিতাভ।
মোহাব্বতের শিক্ষক শাহরুখ খান: শাহরুখ খান ‘মোহাব্বতে’ চলচ্চিত্রে পিয়ানো শিক্ষক হিসেবে অভিনয় করেছিলেন। ছবিটিতে একগুঁয়ে প্রিন্সিপ্যাল নারায়ণ শঙ্করকে নীতি পাল্টাতে চ্যালেঞ্জ নিতে দেখা যায় তাঁকে।
তারে জামিন পারের শিক্ষক আমির খান: ‘তারে জামিন পার’ ছবিতে রাম শঙ্কর নিকুম্ভ নামে একজন শিক্ষকের চরিত্রে দেখা যায় আমির খানকে। হাস্যোজ্জল ও সাহায্যকারী একজন শিক্ষক হিসেবে অটিস্টিক শিশুকে সাহায্য করেন তিনি।
ম্যায় হুঁ না-তে সুস্মিতা সেন: ‘ম্যায় হুঁ না’ চলচ্চিত্রে রসায়নের শিক্ষিকা হিসেবে অভিনয় করেন সুস্মিতা সেন। চলচ্চিত্রে তাঁর চরিত্রটির নাম চাঁদনি চোপড়া। রসায়নের শিক্ষিকা হিসেবে অসাধারণ অভিনয় করেছিলেন সাবেক এ বিশ্বসুন্দরী।