বলিউডের সর্বকালের সেরা অমিতাভ, মাধুরী

বলিউডের সর্বকালের সেরা তারকা নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন ও মাধুরী দীক্ষিত। হিন্দি চলচ্চিত্রের ১০০ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।ব্রিটিশ-এশিয়ান সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই পরিচালিত এ জরিপে চলচ্চিত্র শিল্পের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পাশাপাশি আরও অংশ নিয়েছেন চলচ্চিত্র সমালোচক এবং সাধারণ দর্শক। তাঁদের রায়ের ভিত্তিতে বলিউডের সর্বকালের সেরা ১০০ তারকার নামের তালিকা প্রকাশ করেছে ইস্টার্ন আই।
সবচেয়ে বেশি ভোট পেয়ে সর্বকালের সেরা বলিউডের অভিনেতা নির্বাচিত হয়েছেন অমিতাভ বচ্চন। আর সেরা অভিনেত্রীর তকমা জুটিয়েছেন ‘আজা নাচলে’ তারকা মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘পিটিআই’।অমিতাভের পর সবচেয়ে বেশি ভোট ঝুলিতে ভরেছেন দিলীপ কুমার ও শাহরুখ খান। তাঁরা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন। তালিকায় চতুর্থ স্থানে থাকলেও, বলিউডের অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন মাধুরী। তালিকায় সেরা দশে ঠাঁই পেয়েছেন যথাক্রমে রাজ কাপুর, নার্গিস, দেব আনন্দ, ওয়াহিদা রেহমান, রাজেশ খান্না এবং শ্রীদেবী।
তালিকায় ঠাঁই পাওয়া অন্য তারকাদের মধ্যে আছেন সালমান খান (১১), আমির খান (১৪), ধর্মেন্দ্র (১৫), হেমা মালিনী (১৮), মধুবালা (২৪), কাজল (৩০), হূতিক রোশন (৩২), রানি মুখার্জি (৩৮), কারিনা কাপুর খান (৪৩), মুমতাজ (৫০), সাইফ আলী খান (৫৯), প্রিয়াংকা চোপড়া (৮৬) এবং ক্যাটরিনা কাইফ (৯৩)।
সর্বকালের সেরা বলিউডের অভিনেত্রী নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে মাধুরী বলেন, ‘এমন স্বীকৃতি পেয়ে চমত্কার লাগছে। পাশাপাশি কাঁধের ওপর দায়িত্বের বোঝাটাও অনেক ভারী হয়ে গেল। সামনে আমাকে অনেক বেশি ভালো কাজ উপহার দিতে হবে। ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন কর্মী হিসেবে আমি গর্বিত। এই শিল্পকে সামনে এগিয়ে নেওয়ার যাত্রায় অবদান রাখার সুযোগ পাওয়ায় নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি আমি।’
অমিতাভ সম্পর্কে ইস্টার্ন আই পত্রিকার বিনোদন সম্পাদক আসজাদ নাজিরের ভাষ্য, ‘তারকাখ্যাতির স্থায়িত্ব, প্রভাব, ভক্তের সংখ্যা এবং কাজের ব্যাপকতা বিবেচনা করলে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অমিতাভ বচ্চনই সেরা চলচ্চিত্র তারকা। বিশ্বের আর কোনো চলচ্চিত্র তারকাই এত দীর্ঘ সময় ধরে সেরার আসনটি ধরে রাখতে পারেননি। চার দশকের দুর্দান্ত পেশাজীবনে অনেক মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছেন ৭০ বছর বয়সী এ তারকা অভিনেতা।’