বশ হতে সংস্কারের বশীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহড়া শুরু হয় সন্ধ্যা ছয়টায়। ঘড়িতে সময় প্রায় আটটা। এখনো শিল্পকলার মহড়াকক্ষে পৌঁছাতে পারেননি সেলিম রেজা। সঠিক সময়ে পৌঁছাতে রওনা দিতে হয় পাঁচটারও আগে, হাতে সময় নিয়ে। রাস্তায় যে জ্যাম থাকে। কিন্তু সেলিম সঠিক সময়ে যেতে পারেন না। দোকানের কাজ মিটিয়ে তবেই যেতে হয়।

মিটফোর্ড হাসপাতালের কাছে সার্জিক্যাল দোকানের সাধারণ বিক্রয়কর্মীর কী এমন দায় থিয়েটার করার? সেলিম বললেন, ‘শুধুই আনন্দ পাওয়ার জন্য।’ কেরানীগঞ্জে পালাগান শুনে বড় হয়েছেন যে! দোকানে চাকরি করেও তাঁর মনটি পড়ে থাকে শিল্পের ভুবনেই।

তবুও দেরিতে পৌঁছে, জ্যাম সহ্য করে, ঘর্মাক্ত হয়ে হাজির হন মহড়াকক্ষে। নাটকের নির্দেশক তাঁকে আলাদা করে সময় দিতে পারেন না। সেলিম মহড়া করেন নিজেই। কখনো মিটফোর্ড হাসপাতালের খোলা জায়গায়, কখনো সংলাপে ‘গিন্নি’ বলে ডাকলে চলে আসেন নিজেরই স্ত্রী। নিজের ছোট ছেলেকে সামনে বসিয়ে সংলাপ আওড়ান। ছোট ছেলেটি হেসে কুটি কুটি হয়। বাবাকে কি তার পাগল পাগল লাগে? ওর লাগে কি না, তা জানা হয়নি। সেলিমের পাশের লোকেরা বাঁকা চোখে তাকায়, এ সত্য।

শিল্পকলায় চলছে বশীকরণ–এর মহড়া
শিল্পকলায় চলছে বশীকরণ–এর মহড়া

তবু সেলিম রেজা থিয়েটার করেন। শান্তি পান। সেলিম রেজার মতো এমন রোজকার খাটা মিজানুর রহমান, কৃষ্ণ সাহা, লিপি দে-দের থিয়েটারের সংসার সংস্কার নাট্যদল। মঞ্চে আনছে রবীন্দ্রনাথ ঠাকুরের বশীকরণ নাটকটি। নির্দেশনা দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ইউসুফ হাসান অর্ক।

এই শহরে শিল্প-সংস্কৃতির ধারক-বাহক হিসেবে পরিচিত শিক্ষিত মধ্যবিত্ত। থিয়েটারে অংশগ্রহণও তাদের বেশি। সেই জমিনে সংস্কার নাট্যদলের যেন অনাহূতের মতো প্রবেশ। অনেকের কাছে এ এক অবাক করার মতো ব্যাপারও। নির্দেশক ভাবেন অন্য কথা। বললেন, ‘এ দলটির একটি বিশেষত্ব আছে। এর বেশির ভাগ সদস্য তথাকথিত প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত না। এরা বেশির ভাগই শ্রমিক শ্রেণির। কেউ হয়তো ইটের ভাটায় কাজ করে, কেউ কার্পেন্টার, বাসের ইঞ্জিন মিস্ত্রি। ওরা এসে আমাকে বলল, “স্যার, সুস্থ সংস্কৃতিচর্চা করতে চাই।” দলটি যেহেতু বিশেষায়িত; এ কারণেই উৎসাহিত হয়েছি।’

শুরুটা কেমন ছিল—জানালেন দলপ্রধান এন ডি চঞ্চল। ২০০৯ সালে শখের নাটক দিয়ে শুরু হয় তাঁদের। এরপর নির্দেশকের সঙ্গে যোগাযোগ। ফিরিয়ে দিয়েছিলেন এই বলে, তাঁর সঙ্গে কাজ করতে গেলে পাঁচ বছর লাগবে। তবু তাঁরা দমে যাননি। আঁকড়ে ধরে থাকেন নির্দেশকের হাত। এরপর একটি কর্মশালা দিয়ে তাঁদের অভিনেতা হিসেবে তৈরি হওয়ার শুরু। কর্মশালা প্রযোজনা হিসেবে করেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভুলস্বর্গ। এবার তাঁরা মঞ্চে আনছেন এই প্রযোজনাটি।

নাটকে দেখা যাবে, দুই বিপরীতমুখী মানসিকতার বন্ধু আশু ও অন্নদা। একজন ধর্মীয় সংস্কারে বিশ্বাসী, অন্যজন কিছুটা যুক্তিবাদী ও আধুনিক। বিয়ে নিয়ে দুই বন্ধুর মধ্যে দেখা দেয় মতবিরোধ। এদিকে অন্নদার স্ত্রী তাঁর শ্বশুরের গোঁড়ামিতে কাশী গিয়ে মন্ত্রে দীক্ষাদাত্রী মাতাজি সেজে শহরে আসেন। এদিকে এক বিধবা মা তাঁর মেয়েকে পাত্রস্থ করার জন্যও আসেন। দুজন একই মালিকের ভিন্ন ভিন্ন নম্বরের বাড়িতে ওঠেন। দুই বন্ধুর একজন আশু মন্ত্রে দীক্ষিত হতে আসেন আর অন্নদা আসেন কন্যা দেখতে। কিন্তু বাড়ির নম্বরের উল্টা-পাল্টা হওয়ায় ঘটে বিভিন্ন নাটকীয়তা। শেষমেশ দেখা যায় মেয়েটিকে পছন্দ হয় আশুর আর মাতাজি সাজা স্ত্রী লোকটি অন্নদারই স্ত্রী।

আজ বৃহস্পতিবার পরীক্ষণ থিয়েটার হলে সন্ধ্যা সোয়া সাতটায় উদ্বোধনী প্রদর্শনীতে দর্শকেরা দেখতে পারবেন নাটকটি।