বশীরের ক্যানভাসে বৈচিত্র্যময় নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অকৃত্রিম দুই বন্ধু এম সাইদুজ্জামান (মাঝে) এবং এস এ সামাদকে নিজের করা কোলাজ নিয়ে কিছু বলছেন শিল্পী মুর্তজা বশীর l ছবি: প্রথম আলো
অকৃত্রিম দুই বন্ধু এম সাইদুজ্জামান (মাঝে) এবং এস এ সামাদকে নিজের করা কোলাজ নিয়ে কিছু বলছেন শিল্পী মুর্তজা বশীর l ছবি: প্রথম আলো

চিকিৎসকের বারণ ছিল তেলরঙে ছবি আঁকা যাবে না। ড্রয়িং, কোলাজ আর অয়েল প্যাস্টেল দিয়ে আঁকা ছবিই ঠাঁই পাবে প্রদর্শনীতে। কিন্তু যে শিল্পী তেলরঙে ছবি আঁকতে এত ভালোবাসেন, তিনি সে নির্দেশ পুরোপুরি মানবেন কেন! চিকিৎসকের বিধিনিষেধ মেনে ছবি আঁকতে বহু বছর পর হাতে তুলে নেন অয়েল প্যাস্টেল। তবে প্রদর্শনী আয়োজনের শেষ মুহূর্তে তেলরঙে এঁকে ফেলেন দুটি ছবি। সেগুলো এখন গ্যালারি কায়ার দেয়ালে শিল্পীর অন্য ৪৪টি ছবির সঙ্গে ঝুলছে।
উত্তরার গ্যালারি কায়ায় গতকাল শুক্রবার শুরু হলো মুর্তজা বশীরের এই একক চিত্র প্রদর্শনী, যার শিরোনাম ‘আ কালেকশন অব ড্রয়িংস, কোলাজেস অ্যান্ড অয়েল প্যাস্টেলস (১৯৫৪-২০১৪)’। চলবে ২৫ সেপ্টেম্বর, প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।
মূলত তিন সময়ের ছবি আছে এ প্রদর্শনীতে। ছবিগুলো পঞ্চাশের দশকে ঢাকায় ও ইতালির ফ্লোরেন্সে, ১৯৯০-৯১ সালে চট্টগ্রামে এবং ২০১৪-তে ঢাকায় আঁকা। এ বছরেরগুলো ছোট ছোট কাগজে আঁকা। এর একটা গল্প আছে। ছবি আঁকার জন্য বড় বহরের কাপড়ের ক্যানভাস থেকে তিন বাই তিন ফুট ক্যানভাস তৈরি করার পর কিছু কাপড় বেচে যায়। সেই কাপড়গুলো বেশ কয়েক বছর ধরে শিল্পী জমিয়েছেন। চিকিৎসকের নিষেধ, বড় ছবি আঁকা যাবে না। তাই ছোট ছোট ছবিগুলো আঁকা।
ঠিক বিকেল পাঁচটায় গ্যালারির দরজা ঠেলে সবান্ধব ঢুকলেন শিল্পী মুর্তজা বশীর। ঘুরে ঘুরে কথা বলছিলেন নানাজনের সঙ্গে। বলছিলেন, যেখানে বেশি মানুষ, সেখানে যাওয়া মানা। ফুসফুসে কার্বন ডাই-অক্সাইড জমে। তাই কিছুক্ষণ পরপর অক্সিজেন নিতে হয়।
খানিক পরে মেয়ে মনিরা বশীর এসে অক্সিজেন দিলেন তাঁকে। এ অবস্থাতেই শুরু হলো আনুষ্ঠানিক পর্ব। অতিথি ছিলেন শিল্পীর দুই ‘অকৃত্রিম বন্ধু’ এস এ সামাদ ও এম সাইদুজ্জামান। বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেন, শিল্প জীবনের চেয়েও বড়, কারণ শিল্প সময়কে থামিয়ে দিতে পারে। মুর্তজা বশীরের ইচ্ছাশক্তি প্রবল, সাহস অনেক। তাই মাথা নত না করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারেন। আর সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান বললেন, জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, খারাপ শিক্ষার চেয়ে অশিক্ষা ভালো। তাঁর ছোট এই সন্তানের মধ্যে সুশিক্ষার একটা স্পষ্ট ছাপ পাওয়া যায়।
এ সময় শিল্পী মুর্তজা বশীর বলেন, প্রদর্শনীতে থাকা সাম্প্রতিক সময়ের ১৬টি নারীচিত্রের সিরিজ ‘রিভিউ’ নিয়ে। তাঁর কথায়, বেশির ভাগ আধুনিক চিত্রকরের আঁকা মুখগুলো এক হয়ে যায়। কিন্তু প্রতিটি মানুষ আলাদা। এ জন্য চেষ্টা ছিল কোনোটাই যেন অন্যটার সঙ্গে না মেলে।
গ্যালারিতে ছবি দেখতে এসেছিলেন জন্মসূত্রে মার্কিন ডেবরা ইফ্রমসন। বিয়ের পর এ নারী প্রায় ১৬ বছর বাংলাদেশে। বেশ ভালো বাংলাতেই বললেন, বড় চোখ কিন্তু চাপা মুখের এই শহুরে নারীমুখগুলো যেন কিছু বলছে। প্রতিটি ছবিতেই যেন একটা চিন্তা আছে। একটি কোলাজে নারীর মাতৃরূপ যেভাবে এসেছে তা অসাধারণ। কেউ ভাবতে পারে এমন কল্পনাই করা যায় না!
প্রদর্শনীতে এসেছিলেন শিল্পী বীরেন সোম, মাহমুদুল হক, হামিদুজ্জামান খান, রণজিৎ দাশ, মো. ইউনুস, রতন মজুমদার; ইতিহাসবিদ মুনতাসীর মামুন, অভিনেত্রী শমী কায়সার, অর্থনীতিবিদ বিনায়ক সেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী প্রমুখ।