বসগিরিতে অন্য মিজান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসগিরি ছবিতে মাজনুন মিজান
বসগিরি ছবিতে মাজনুন মিজান

ভালো চরিত্র পেলে টিভি নাটকের মাজনুন মিজান মাঝেমধ্যে চলচ্চিত্রেও অভিনয় করেন। সম্প্রতি সেরকম একটি চরিত্র পেয়ে গেছেন তিনি। নতুন ছবি ‘বসগিরি’তে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে শুরু হয়ে গেছে শামীম আহমেদ পরিচালিত ওই ছবির শুটিং। ছবিটিতে একেবারে অন্য এক মাজনুন মিজানকে দেখতে পাবেন দর্শকেরা।
প্রথম আলোর সঙ্গে আলাপে মাজনুন মিজান বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের ছবির মাধ্যমে বড় পর্দায় আমার যাত্রা শুরু হয়। সাম্প্রতিক সময়ে কাজ করলাম ‘ভুবনমাঝি’ ছবিতে। সেই ছবিতে আমার সহশিল্পী ছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত। ‘ভুবনমাঝি’ ছবির পরই শুটিং শুরু করলাম ‘বসগিরি’র। এই ছবিতে আমি নায়ক শাকিব খানের বন্ধু। ছবিতে আমার নাম সিস্টেম। আর শাকিব খান হচ্ছেন আমার বস। ঘরে এবং বাইরের তাঁর নানা কাজে আমাকে বেশ সক্রিয়ভাবে দেখা যাবে। খুবই গুরুত্বপূর্ণ চরিত্র। শুটিং করতে বেশ ভালো লাগছে।’
‘বসগিরি’ ছবিতে মজার কয়েকটি সংলাপ শোনা যাবে মাজনুন মিজানের মুখে। তাঁর আশা, ছবি মুক্তির পর সংলাপগুলো মানুষের মুখে মুখে ফিরবে। মিজান বলেন, ‘অভিনয়ের একেবারে শুরুর দিকে আমার ‘লাগবা বাজি’ সংলাপটি বেশ জনপ্রিয়তা পায়। বহুদিন পর অভিনয় করতে এসে মনের মতো সংলাপ পেলাম। এই যেমন ‘বসিগিরি’ ছবিতে ‘সিস্টেম আমার নাম, ওয়ান টু’র মধ্যে সিস্টেম আমার কাম,’ এবং ‘চাপ নিয়েন না বস, ওয়ান-টুর মধ্যে সিস্টেম কইরা ফালামু।’