বসদের এই শহর: বসগিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্র সমালোচনা

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে বসগিরি, শ্যুটার ও রক্ত নামের তিনটি চলচ্চিত্র। ছবিগুলো নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ফেসবুকসহ নানা মাধ্যমে আলোচনা হয়েছে ছবিগুলো নিয়ে। আমরা তিনজন স্বনামধন্য চলচ্চিত্রনির্মাতাকে অনুরোধ করেছিলাম ছবি তিনটি দেখে সমালোচনা লেখার জন্য। আনন্দ-এর পাঠকদের জন্য প্রকাশ করা হলো সেই সমালোচনা

চলচ্চিত্রে আদর্শ পিতার সন্তান হয়ে আইন নিজের হাতে তুলে নেন শাকিব খান
চলচ্চিত্রে আদর্শ পিতার সন্তান হয়ে আইন নিজের হাতে তুলে নেন শাকিব খান

রবীন্দ্রনাথ ঠাকুর জগৎ সংসারকে দেখেছেন এক অনন্ত প্রেমের লীলা হিসেবে। আবার সসীম মানুষকেও পরামর্শ দিয়েছেন প্রেমের প্রেরণায় উদ্বুদ্ধ হতে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলার সোনার ছেলে প্রেমের আছরে ভাঙচুর করবে। পছন্দের মেয়েকে উত্ত্যক্ত করবেই তো। বর্তমানে এ বিষয়টি নিত্যদিন ঘটিত ঘটনা। এ ধরনের অপ্রার্থিত ঘটনার চিত্ররূপ বসগিরি।
চলচ্চিত্র নামক শিল্পমাধ্যমের দুটি দিক বিদ্যমান থাকে। এক. প্রসঙ্গত এবং দুই. পদ্ধতি। বসগিরি চলচ্চিত্রের প্রসঙ্গত উপাদান প্রথমত প্রেম এবং দ্বিতীয়ত দুষ্টের দমন। প্রাসঙ্গিকভাবেই কাহিনি উপাদানে এসেছে ভূমিদস্যুদের উৎপাত, উৎখাত অস্বভাবী মানুষের কথায় কথায় খুন করা এবং কিডন্যাপের ঘটনা। এর সঙ্গে যুক্ত আছে কয়েকজন ন্যায়পরায়ণ মানুষের প্রত্যক্ষতা, সক্রিয় অথবা নাটকীয় ঘাত-প্রতিঘাতমূলক ব্যঞ্জনা। এসবের সারমূলে গেঁথে আছে বস ও বুবলীর প্রেমকাহিনি।
প্রযোজক উম্মে নাহার এই প্রসঙ্গত উপাদান ছাড়া তেমন কিছু আশা করেননি পরিচালক শামীম আহমেদের কাছে; বিধায় স্থির সূত্রে বা ফর্মুলায় সাজানো হয়েছে বসগিরি গল্প। গল্পে দর্শক দেখেন বস (শাকিব খান) আদর্শ বাবার সন্তান হয়ে আইন নিজের হাতে তুলে নেয় ভূমিদস্যুদের পরাস্ত করে। বস থেকে সুপার বস হওয়ার বাসনায় প্রলয় ধ্বনিতে ঢাকা শহর কাঁপিয়ে বেড়ায়। শাগরেদ-শিষ্যদের বুকের ব্যথার চিকিৎসায় মহিলা সার্জারি ডাক্তারকে বস্তাবন্দী করে তুলে আনে। বস্তাবন্দী থেকে বের হওয়া বুবলী নামের ডাক্তারকে প্রথম দর্শনেই বস (শাকিব খান) নামক ত্রাসের পাথর মন গলে টগবগে পারদ হয়ে যায়। শবনম বুবলীকে পাওয়ার বাসনায় বস অসামঞ্জস্য আচরণ শুরু করে। উন্মাদ হওয়ার ঘটনা শুধু বাকি থাকে। এরপর বস ও বুবলীর পরিবারের পিতা ও মাতাদ্বয় গল্পের গতি বাড়াতে এসে যোগ হয়। এবং গল্পের কম্পন গতি বাড়াতে অপ্রক্রিয়াশীল শক্তিধর ডিকে (অমিত হাসান) ও ডবল ডিকেও (রজতাভ দত্ত) পর্দায় এসে যত ধরনের ধাপ্পাবাজি, স্বাক্ষরিত দলিল উদ্ধার এবং জমি দখল উৎসবে মেতে ওঠে। মানব শরীরের তিন ভাগ জলীয় পদার্থের মতো বসগিরির গল্পরসে তিন ভাগ অ্যাকশনধর্মী দৃশ্যের উপস্থাপনা ঘটে। অবশেষে বস ও বুবলীর প্রেমের জয়গান এবং আইন প্রশাসনের কাছে ডিকেদের এসব ঘটনা-দুর্ঘটনা দেখে বর্তমান জেনারেশনের দর্শকেরা হাততালি দিলেন।
চলচ্চিত্রটি দর্শকপ্রিয় হলো। হংকং চলচ্চিত্র নির্মাতা ওঙ্কার ওয়াইয়ের সুর মিলিয়ে ওখানে বলা প্রয়োজন, বর্তমান জেনারেশন চিনতে বা জানতে শেখে সিনেমার হাত ধরে। বসগিরির দর্শকেরা কোন ধরনের পাঠ গ্রহণ করলেন?
পরিচালকের কাজ শুধু চলচ্চিত্র নির্মাণ করা নয়, দর্শকদের দীক্ষা দেওয়া এবং উন্নত মানসিকতার সাধনভক্ত করে তোলা। যদিও বাণিজ্য ধারার চলচ্চিত্র আজও হলিউডপ্রাপ্ত ফর্মুলায় রসসিক্ত। আবশ্যিকভাবে চলচ্চিত্রে থাকতে হবে দামি তারকা শিল্পী। হতে হবে পোশাক, গেট, লোকেশন ও ফটোগ্রাফি দৃষ্টিনন্দন। এই ফর্মুলায় বসগিরি সার্থক।
বুবলীর পোশাক, মেকআপ এবং বস (শাকিব খান) ও বুবলীর দ্বৈত কণ্ঠের ‘তোকে ছাড়া একদিন মনে মনে’ গানের কোরিওগ্রাফি লোকেশন নির্বাচন সুধী দর্শকদের তুষ্ট করেছে। ক্যামেরায় ধারণ করা কিছু শট, বিশেষ করে বুবলীর ইন্ট্রোডাকশন দৃশ্যে রোমান্টিক দৃশ্য ক্লোজআপ শট ও স্নেহপল্লির এরিয়াল শট প্রশংসাযোগ্য। শব্দ গ্রহণ ও মিশ্রণ জগাখিচুড়ি নিঃশব্দের ভাষা আছে অথবা সম্পাদনার একটি সিনেমাটিক ভাষা নির্মাণের শক্তি আছে। এই সত্যটি শব্দ কারিগর ও সম্পাদকের অজানা থাকার কথা ছিল না। শুধু শিল্পমানের চলচ্চিত্রের নয়, বাণিজ্য ধারার চলচ্চিত্রেরও দায় আছে দর্শকের কাছে, নিজস্ব সংস্কৃতির কাছে। শুধু দর্শকপ্রিয়তা দিতে পারলেই দায়মুক্তি ঘটে না।

সিনেমাবিজ্ঞানীরা বলছেন, স্বপ্ন, কল্পনা অসম্ভব চাওয়া পূরণ ও অপরাধ বাণিজ্য ধারার চলচ্চিত্রের আবশ্যিক উপাদান। পাশাপাশি থাকতে হবে অসাধ্যকে সাধন করার মতো বলীয়ান নায়ক চরিত্র। বসগিরিতে সব আছে।

বসগিরি

পরিচালক: শামীম আহমেদ

অভিনয়শিল্পী: শাকিব খান, শবনম বুবলী, অমিত হাসান, রজতাভ দত্ত, মাজনুন মিজান