বসন্ত এসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
মাহিয়া মাহি,আরফান নিশো,কোনাল,নিরব,মেহজাবিন
মাহিয়া মাহি,আরফান নিশো,কোনাল,নিরব,মেহজাবিন
ঋতুরাজ বসন্ত এসে গেছে। প্রকৃতি নিয়ে এসেছে বৈচিত্র্যময় ফুলের সম্ভার। এ ঋতু তারকাদের মনেও দোলা দেয়। কয়েকজন জানালেন তাঁদের অনুভবের কথা

মাহিয়া মাহি

স্কুল-কলেজে পড়ার সময় বসন্তের শুরুতেই হলুদ শাড়ি পরে রিকশায় ঘুরতাম, বইমেলায় যেতাম। কিন্তু চলচ্চিত্রে কাজ শুরু করার পর শুটিংয়ের ব্যস্ততায় সেটা আর করা হয় না। এখন হয় কী, বসন্ত আসার কথা অনেক সময় মনেও থাকে না। কখনো কখনো হলুদ শাড়ি আর মাথায় ফুল গুঁজে মেয়েরা যখন শুটিং দেখতে আসে, তখন বুঝতে পারি বসন্ত এসে গেছে। রাস্তায় বের হলে হলুদ শাড়ি পরা মেয়েদের রিকশায় ঘুরতে দেখলেই বসন্তের সেই হারানো দিনের কথা মনে পড়ে। শপিং মলে গেলেও দোকানে দোকানে সাজিয়ে রাখা পোশাকে বসন্তের আগমনী বার্তা পাই।

আরফান নিশো
বাংলা একাডেমির বইমেলা বসন্তের আগমনের কথা মনে করিয়ে দেয়। মনে পড়ে রবীন্দ্রনাথের দুটি লাইন—‘বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। দেখিস নে কি শুক্নো–পাতা ঝরা–ফুলের খেলা রে।’
ঝরা পাতা আর ফুল মনে বসন্তের আবেশ জাগায়। জীবনের রং আসে ধূসরতাকে মুছে দিয়ে। বসন্ত মানেই সুবাস, বসন্ত মানেই আমেজ, বসন্ত মানেই নতুন কিছু।

কোনাল
বিকেলবেলার রোদ, সঙ্গে মিষ্টি বাতাস মিলেমিশে মনটা কেমন আনমনা করে দেয়—এটাই বোধ হয় বসন্ত। বসন্ত এলেই প্রকৃতি তার রূপ চারপাশে মেলে ধরে, তখন বুঝি বসন্ত এসে গেছে।

নিরব
প্রকৃতির পরির্বতনটা চোখে পড়ে। রোদের উত্তাপ আছে কিন্তু গরম লাগে না। সঙ্গে হালকা বাতাসে মন জুড়াই। তখনই বসন্তের আগমন মনে পড়ে। কোকিলের ডাক শোনার একটা ব্যাপার তো আছেই। সময়টাতে মেয়েদের পোশাকেও বসন্তের আগমনী বার্তা দেয়। হলুদ রঙের শাড়ি আর মাথায় ফুল গুঁজে ঘুরতে বেরিয়ে পড়ে। তা ছাড়া চারদিকে বাঙালির বসন্তবরণের আয়োজন দেখে বুঝে নিতে পারি বসন্ত এসে গেছে।

মেহজাবিন
বাতাসের স্পর্শ কিংবা আবহাওয়ার পরিবর্তনেই বুঝে নিতে পারি, এখন বসন্ত। রাস্তা ধরে যাওয়ার সময় দুই ধারে গাছে গাছে নতুন পাতার সমারোহ ও ফুল দেখি। কোকিলের ডাকও ঘন ঘন কানে আসে। বুঝতে বাকি থাকে না—এটাই বসন্ত।
গ্রন্থনা: শফিক আল মামুন