বসন্ত লেগেছে বলিউডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

মাঘের শুরুতেই বসন্তের ডাক পড়ে গেল বলে অবাক হচ্ছেন? এই বসন্ত সেই বসন্ত নয়! এ অন্য এক ইঙ্গিত দিচ্ছে। বলিউডে এই বসন্তের হাওয়া বইছে বছর খানেক আগে থেকেই। নতুন বছরে এসে বসন্তের রং যেন আরও বেশি গাঢ় হয়ে উঠেছে। আর কৌতূহল না বাড়িয়ে বলে দেওয়া যাক আসল গল্পটাই। বলিউডে ইদানীং প্রেমিক যুগলেরা যে হারে হাতে হাত রেখে ঘুরে বেড়াচ্ছেন, তাতে বসন্তের আমেজ ছড়িয়ে গেছে সর্বত্র। খবরের শিরোনামে রোজই দেখা যাচ্ছে রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা-বিরাট কোহলি আর রণবীর সিং-দীপিকা পাড়ুকোনের সাহসী রোমান্টিক দৃশ্য। তাই সেই বসন্ত বাতাসের কিছুটা আমেজ থাকছে এ প্রতিবেদনেও।

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন

একটা সময় ছিল, বলিউডে নায়ক-নায়িকারা প্রেম আর বিয়ের ব্যাপারটি গোপন রাখতে পছন্দ করতেন। ‘জাস্ট ফ্রেন্ডস’ তকমার আড়ালে প্রেম করে যেতেন চুটিয়ে। মুখে কারও রা পর্যন্ত ছিল না। লুকিয়ে চলত অভিসার। ভয় থাকত মনে, প্রেমের খবর ছড়িয়ে গেলে যদি বাজারে কদর কমে যায়! তাই নায়ক কিংবা নায়িকা সবার কাছেই প্রেম হয়ে থাকত ‘গোপনীয়’ এক বিষয়। তবে মাঝেমধ্যে কেউ কেউ সেই নিয়ম ভেঙে প্রকাশ্যে মনের কথা বলে বেড়াতেন। কিন্তু তাঁদের পরিণতি খুব একটা শুভ হতো না। উদাহরণ হিসেবে আসতে পারে কারিনা কাপুর আর শহীদ কাপুরের প্রেমকাহিনি কিংবা জন এব্রাহাম আর বিপাশা বসুর ভেঙে যাওয়া সম্পর্কের কথা। দুই জুটির প্রেমের সাহসী গল্প সবাই জেনে যায় একসময়। কিন্তু তাঁদের ট্র্যাজিক বিচ্ছেদ বারবার সবাইকে মনে করিয়ে দেয়, বলিউডে সম্পর্কের কোনো ঠিক নেই। তাই কাজে মন দিয়ে, প্রেমকে আড়াল করে রাখাই শ্রেয়। কারিনা-শহীদ কিংবা জন-বিপাশার পর সাহসী প্রেমিক যুগল বলিউডে খুব একটা দেখা যায়নি। বিদ্যা বালান আর সিদ্ধার্থ রায় কাপুর কিংবা আদিত্য চোপড়া আর রানী মুখার্জির লুকোচুরি প্রেম অতঃপর বিয়ের গল্পই ধরে নিন। কতটা আড়ালে রেখেছিলেন তাঁরা তাঁদের জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়কে!

বিরাট কোহলি ও আনুশকা শর্মা
বিরাট কোহলি ও আনুশকা শর্মা

অতীত হাতড়ানো বাদ দিয়ে এবার বর্তমানে আসা যাক। গত বছর হঠাৎ করেই বলিউডবাসীরা প্রেম আর সম্পর্কের ব্যাপারে উদার হয়ে ওঠেন। তরুণ-তরুণীরা হয়ে ওঠেন সাহসী। কালো কাচের গাড়িতে নয়, যুগলদের দেখা যায় জনসমক্ষে, বাজারে, মাঠে, সমুদ্রসৈকতে। স্টেডিয়ামভর্তি মানুষের সামনে ক্রিকেটার প্রেমিক বিরাট কোহলি চুমু ছুড়ে দেন আনুশকা শর্মাকে, আবার ক্যাটরিনা কাইফকে নিয়ে আলাদা ফ্ল্যাট কেনেন রণবীর কাপুর। এমন কাণ্ড এখন হরহামেশাই ঘটছে বলিউডে। সম্প্রতি রণবীর সিং তো একেবারে পেছনেই ফেলে দিলেন সবাইকে। একেবারে দীপিকার বাড়ি গিয়ে পরিবারের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লেন কেনাকাটা করতে। এরপর বাজারভর্তি মানুষ আর দীপিকার পরিবারের সামনেই হাত ধরাধরি করে হাঁটলেন তাঁরা। এর কদিন পরই আবারও দেখা গেল রণবীরকে দীপিকার পেছনে ফুল হাত ঘুরে বেড়াতে। দিন দিন বলিউডের এই তারকাদের প্রেম যেন বেড়েই চলছে। তাই বাড়তি প্রেম দেখে গুঞ্জনপ্রেমীদের মুখে এখন বিয়ে নিয়ে হচ্ছে কানাকানি। রণবীর-ক্যাটরিনার আংটি বদলের খবর ছড়ানোর পর যেন আগুনে আরও ঘি পড়েছে। সাহসী প্রেমিক যুগলদের এই প্রেম কত দূর গড়ায়, তা দেখতেই অধীর হয়ে আছে সবাই। ভাঙন নয়, সবাই শুভ পরিণয়ের কথাই ভাবছে। তবে তা কবে, অপেক্ষায় থাকুন, বিয়ের বাদ্যি বাজলেই তো শোনা যাবে!

টাইমস অব ইন্ডিয়া
হিন্দুস্তান টাইমস অবলম্বনে