বসন্তের রঙে রঙিন ফাগুয়া উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের রং-রূপে নতুন হয়ে উঠেছে প্রকৃতি। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর আদিবাসীরা গত রোববার বসন্তের ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসবের আয়োজন করেছিল নাচোল উপজেলার রাজবাড়ীতে। তিন জেলার ৩০টিরও বেশি গ্রাম থেকে হাজার হাজার আদিবাসী উৎসবে যোগ দেয়।ওরাঁও আদিবাসীদের বছর শুরু হয় বসন্তের ফাল্গুন মাসে, আর বসন্তের পূর্ণিমায় উদ্যাপিত হয় ফাগুয়া উৎসব। পুরোনো বছরের দুঃখ-কষ্ট-অকল্যাণ দূরে ঠেলে দিয়ে নতুন বছর, নতুন প্রকৃতিকে বরণ করতে এ উৎসবের আয়োজন করা হয়। নয় বছর ধরে আদিবাসীদের উন্নয়নে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তিন জেলার আদিবাসীদের নিয়ে সম্মিলিতিভাবে উদ্যাপন করছে ফাগুয়া উৎসব।দুপুরের পর থেকেই বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আদিবাসীরা আসতে শুরু করে রাজবাড়ী কলেজ মাঠে। বেলা তিনটায় কলেজ মাঠ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢোল-মাদল-বাঁশির বাদন, নারীদের খোঁপায় খোঁপায় ফুল, মাথায় নকশা আঁকা কলস। কলসে রাখা বসন্তের নতুন পাতা, নতুন ফুল শোভাযাত্রাকে রাঙিয়ে তোলে। শোভাযাত্রাটি শেষ হয় বিডিও কার্যালয় চত্বরে। এখানেই আয়োজন করা হয় মূল অনুষ্ঠানের। রীতি অনুযায়ী একে অন্যকে রং মাখিয়ে দেয়। এরপর শুরু হয় আদিবাসীদের ঐতিহ্যবাহী নাচ-গান।মঞ্চ ছাড়িয়ে খোলা মাঠেই গ্রামভিত্তিক দলে নাচ-গানের পরিবেশনা। মাঠের কোথাও নারীরা একে অন্যকে ধরে বিশেষ ভঙ্গিমায় করছে ঐতিহ্যবাহী নৃত্য। কোথাও হচ্ছে কলস মাথায় নিয়ে ‘কলসনৃত্য’। আবার কোথাও গানের তালে তালে নৃত্য। আদিবাসীদের বাদ্যযন্ত্র মাদল-বাঁশি, ঢোল-করতালের বাজনায় অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। মাঠের চারদিক গমগম করে দর্শকে।পরে বিভিন্ন গ্রাম থেকে আসা সাংস্কৃতিক দলগুলো মঞ্চে তাদের নির্ধারিত পরিবেশনায় অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল ওরাঁও আদিবাসীদের সাদরি ভাষায় রচিত নাটক।চা-বাগানে ফাগুয়া উৎসবকমলগঞ্জ (মৌলভীবাজার) অফিস জানায়, কমলগঞ্জের ফাঁড়িসহ ২২টি চা-বাগানের শ্রমিকেরা গত রোববার থেকে চার দিনব্যাপী ফাগুয়া উৎসব পালন করছেন। বাংলা মাস ফাল্গুন থেকে চা-বাগানে চলে এসেছে ফাগু বা ফাগুয়া। গত রোববার পূর্ণিমায় হিন্দু ধর্মীয় চা-শ্রমিকেরা পরস্পরের মধ্যে রং মাখামাখি করে উৎসব পালন করেন। এ ছাড়া ছিল ঐতিহ্যবাহী কাদা খেলা, কাঠি নৃত্য বা কাঠি খেলা ইত্যাদি।