
ফাগুনের আগুনঝরা দিনের শেষে ম-ম মুকুলের গন্ধমাখা বসন্তের মিষ্টি গন্ধ। গাছগাছালির ছায়াঘেরা সবুজ ক্যাম্পাসে থেমে গেছে পাখির কলতান। মুখরিত ক্যাম্পাসে আলো ঝলমলে মঞ্চকে ঘিরে হাজারো দর্শকের সমাগম। ক্যাম্পাসমুখী মানুষের এই স্রোত স্বর্ণালি সুর ছোঁয়ার খোঁজে। সুরের জাদু নিয়ে মঞ্চে ওঠেন কণ্ঠশিল্পী খুরশীদ আলম।
গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের মুক্ত মঞ্চে আয়োজন করা হয় স্বর্ণালি সুরের সন্ধ্যা। গুণী এই শিল্পীকে কলেজের পক্ষ থেকে দেওয়া হয় আজীবন সম্মাননা।
খুরশীদ আলম প্রথমেই তাঁর সংগীতজীবনের স্বর্ণালি অতীতের স্মৃতিচারণা করেন। এ পর্যন্ত তিনি ৪৩৫টি ছায়াছবিতে আড়াই হাজার গান গেয়েছেন। শুধু মাকে নিয়েই গেয়েছেন ৫০টি গান। অভিনেতা রাজ্জাক অভিনীত সর্বাধিকসংখ্যক ছায়াছবিতে গান করেছেন তিনি।
খুরশীদ আলম গাইলেন, ‘আলতো পায়ে, ছন্দ তুলে’, ‘বন্দী পাখির মতো মনটা কেঁদে মরে’, ‘সূর্যটা আগুনের’, ‘ওই আকাশটা কোনো দিন জ্বলল না’, ‘মাগো মা, ওগো মা’, ‘ছবি যেন শুধু ছবি নয়’, ‘বাপের চোখের মণি নয়’, ‘হায়রে কি সৃষ্টি’, ‘ওই প্রেমের দরজা খোল না’, ‘ধীরে ধীরে চল ঘোড়া’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘চুপি চুপি বলো কেউ জেনে যাবে’, ‘যদি বউ সাজো গো’ এবং ‘এ আকাশকে সাক্ষী রেখে’, ‘চঞ্চল দু নয়নে বলো না কী খুঁজছ’, ‘তোমার দু হাত ছুঁয়ে শপথ নিলাম’, ‘চুরি করেছ আমার মনটা’সহ আরও কিছু জনপ্রিয় গান গেয়ে শোনান।
সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন।