বহু দিন পর ক্যামেরার সামনে শাবনাজ-নাঈম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু দিন পর ক্যামেরার সামনে এলেন দেশীয় চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈম। অবশ্য কোনো নাটক কিংবা ছবির শুটিংয়ের জন্য তাঁরা ক্যামেরার সামনে আসেননি। এসেছিলেন চলচ্চিত্রে নতুন একটি জুটিকে শুভকামনা জানাতেই। সাইফ চন্দন পরিচালিত নতুন এই ছবির নাম ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’। সম্প্রতি রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির অডিও অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।এ প্রসঙ্গে নাঈম বলেন, ‘“চাঁদনী” ছবিটির মাধ্যমে বাংলাদেশে চলচ্চিত্রের গান নিয়ে প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল। আজ আবারও “ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল” ছবির অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে অংশ নিলাম। নামেই বোঝা যায়, ছবির গল্প ও উপস্থাপনায় ভিন্নতা রয়েছে। আশা করছি, ছবির গানগুলো সবার ভালো লাগবে। নবাগত চলচ্চিত্র পরিচালক ও নতুন জুটির প্রতি শুভকামনা।’শাবনাজ বলেন, ‘ছবিটির অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে এসে নব্বইয়ের দশকের কথা মনে পড়ে গেল। নাঈম আর আমি শুটিং করার সময় খবর পেলাম, সোহান ভাই (সোহানুর রহমান) নতুন জুটি সালমান-মৌসুমীকে নিয়ে “কেয়ামত থেকে কেয়ামত” ছবির শুটিং করছেন। নাঈম আর আমি সেই নতুন জুটিকে দেখতে গিয়েছিলাম। তাঁদের বরণ করে নিয়েছিলাম। আজ আবারও বহু দিন পর “ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল” ছবির এই নতুন জুটিকে ফুল দিয়ে বরণ করে নিলাম।’ছবির অডিও অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান, বৈশাখী টেলিভিশনের অনুষ্ঠান-প্রধান আহসান কবীর, নির্মাতা দেবাশীষ বিশ্বাসসহ আরও অনেকে। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত আরজু ও আইরিন। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিত্, আরফিন রুমী, কিশোর, ইমরান, তৌসিফ, বেলাল খান, কাজী শুভ, কনা, লিজা, পড়শী, নওমী, পূজা ও মোহনা। গানের কথা লিখেছেন মাহমুদ মানজুর, সোমেশ্বর অলি প্রমুখ।