বহুভাষাবিদ ঐশ্বরিয়া!
ঐশ্বরিয়া রাই বচ্চনের সৌন্দর্য আর গুণের কদর ভারতের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রতিষ্ঠিত। সম্প্রতি তাঁর আরেকটি গুণের কথা প্রকাশ করল টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ঐশ্বরিয়াকে বহুভাষাবিদ বললেও অত্যুক্তি হবে না। একটি কিংবা দুটি নয়, ছয়-ছয়টি ভাষায় কথা বলতে পারেন সাবেক এ বিশ্বসুন্দরী।হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, তামিলসহ কর্ণাটকের টুলু ভাষার ওপরও দখল রয়েছে ঐশ্বরিয়ার।১৯৭৩ সালে ঐশ্বরিয়ার জন্ম হয়েছিল ভারতের কর্ণাটকে। শৈশবটা কেটেছে সেখানেই। সেই সূত্রে টুলু ভাষার ওপর পূর্ণ দখল রয়েছে তাঁর। মহারাষ্ট্রেও কিছুদিন বসবাস করেছেন ঐশ্বরিয়া, সেখানে শিখেছেন মারাঠি ভাষা। ঐশ্বরিয়ার অভিনয়জীবন শুরু হয়েছিল তামিল ছবি দিয়ে, পরে বলিউডে অভিষেক হয় তাঁর। আর বাংলা ভাষায়ও কথা বলতে পারেন ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী।রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ উপন্যাস অবলম্বনে একই শিরোনামে চলচ্চিত্র বানিয়েছিলেন চলচ্চিত্রনির্মাতা ঋতুপর্ণ ঘোষ। ২০০৩ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটিতে রবীন্দ্রনাথের অমর সৃষ্টি বিনোদিনী চরিত্রে অভিনয় করেন ঐশ্বরিয়া। এ ছাড়া ‘দেবদাস’ ও ‘রেইনকোট’ চলচ্চিত্রেও বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে এ অভিনেত্রীকে।