
উত্তর আধুনিক নাট্যধারার সমকালীন বৈশ্বিক মাত্রার প্রযুক্তিনির্ভর শিল্পমাত্রিক প্রযোজনা ম্যাকাব্রে। এখানে অভিনয়ের সঙ্গে ভিডিওগ্রাফি, মাল্টিস্ক্রিন প্রক্ষেপণ প্রযুক্তি, অ্যানিমেশন, ত্রিমাত্রিক প্রক্ষেপণ ম্যাপিং, স্থাপনাশিল্প, বহুমাত্রিক শব্দ ব্যবহার করা হয়েছে। ম্যাকাব্রে ইউরোপীয় বিশ্বের একটি বিশেষ কৃত্য হিসেবে প্রতিষ্ঠিত। মৃত্যুভীতির খ্রিষ্টানধর্মীয় কৃত্যের জায়গা থেকে এর উদ্ভব ঘটলেও শিল্প-সাহিত্যে ম্যাকাব্রে বিশেষ স্থান দখল করে আছে। শিল্পের ক্ষেত্রে ম্যাকাব্রে ভয়ংকর বা বীভৎসতার পরিবেশকেই চিহ্নিত করে। ম্যাকাব্রের কাজগুলো ঝোঁক দেয় জীবনের গভীরতর বাস্তব সত্যের বিধ্বংসী কিংবা ভীতিমূলক অবস্থার নৈর্ব্যক্তিক উপস্থাপনে। সে জন্য ম্যাকাব্রেশিল্পে কঙ্কালের ভীতিকর উপস্থাপন বেশি থাকে।
দুটি চরিত্রের বন্দিদশায় অবশ্যম্ভাবী মৃত্যুমুখী মানুষের মুক্তির অন্বেষণের সমকালীন জীবন বাস্তবতার বহুমাত্রিক চিত্র সেন্টার ফর এশিয়ান থিয়েটারের ম্যাকাব্রে। পুরো নাটকটি এক রাতের ঘটনা। মঞ্চে পাঁচটি পর্দায় সৃষ্ট গৃহাভ্যন্তরে এক বেহালাবাদকের মধ্য দিয়ে শুরু হয়। তার মুখোশ বিজ্ঞানী আইনস্টাইনের। পাশে আবেগপ্রবণ স্ত্রী চরিত্র। আইনস্টাইনের জ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যায় কাহিনির শুরু। হঠাৎ দুম করে শব্দে ঘরের আবহ ভেঙে যায়। ভেসে ওঠে হাসপাতালের করিডর। হৃৎস্পন্দন দৃশ্য; শুরু হয় দুটি মানুষের মৃত্যুমুখী যাত্রা। গানে গানে দৃশ্যমান হয়ে ওঠে শোষিত শ্রমিকের শ্রমবব্ধ জীবনের অতীত। শ্যাডোতে পরিস্ফুট হয়ে ওঠে দুজনের পালানো। একের পর এক ইমেজের মধ্য দিয়ে বিশেষিত হয়ে ওঠে জীবনসংগ্রাম, হত্যা-গণহত্যা, বীভৎসতার নানা চিত্র। জেলখানার প্রতীকের মধ্য দিয়ে বন্দিত্বই প্রকাশ পায়। মৃত্যু আর মুক্তির অনিবার্য প্রসঙ্গ ফুটে ওঠে চরিত্রের উক্তি-প্রত্যুক্তির পরতে পরতে। বহুমাত্রিক নানা প্রতীকে ১৯৭১ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশের নানা গুরুত্বপূর্ণ ঘটনা স্থান পায়। সঙ্গে সমকালীন বিশ্ব বাস্তবতার চিত্র। মুক্তিকামী একজনকে সৈনিকেরা ধরে নিয়ে যায়।
রাতের দ্বিতীয় প্রহর ঘনিয়ে আসে। তবু মুক্তির সন্ধানে ছোটে দুজন। কল্পনা আর বাস্তবতার অপূর্ব সমন্বয় ঘটেছে এখানে। ব্যঙ্গ-বিদ্রূপ কিংবা খাঁচার প্রতীক বা বন্দিত্বের চিত্রের মেধ্য জীবন সার্কাস-ভিন্ন আর কিছুই মনে হয় না। পর্দায় কঙ্কালের নৃত্যদৃশ্য ভেসে ওঠে। সমকালীন জাতীয়-জাতীয়তা বিতর্ক, রাজনীত-অপরাজনীতি-সংস্কৃতি অর্থনীতি প্রভৃতি চলে আসে সামনে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও ভালোবাসে ইউটোপিয়ায় বিভোর থাকতে। স্বপ্নচারী সমুদ্রে সাঁতারে নতুন জীবনের স্বপ্নকে তুলে ধরে। চারদিকে বন্ধ দেয়ালে এ যেন মুক্তির খোঁজে যাত্রা। সংবাদ, ওবামার ভাষণ কিংবা জনশক্তি প্রসঙ্গের মধ্য দিয়ে সমকালীন বিশ্বরাজনীতিতে বীভৎসতা ছাড়া আর কিছুই লক্ষ করা যায় না। তার পরও গাছের রঙিন পাতা ঝরায় মানুষ নবজীবনের সন্ধানেই ব্যাপ্ত থাকে। কিন্তু সবকিছুকেই গ্রাস করে চলে ক্রমেই মায়াবী রাক্ষুসী। চারদিকে অশুভ শক্তির পদচারণ।
ম্যাকাব্রে নাটকে মানুষের মুক্তির অনিষ্টতায় সমকালীন জীবন বাস্তবতাই দার্শনিক ব্যাখ্যায় তুলে ধরেছেন নির্দেশক কামালউদ্দীন নীলু। নাটকটি স্থান-কালকে ছাড়িয়ে ভিন্ন এক বিশেষ উপলব্ধ মাত্রায় উন্নীত। প্রযুক্তির কাছে অভিনয় যেন তুচ্ছ হয়ে না যায়। অসাধারণ অভিনয়। আলো অসাধারণ। অসাধারণ মাল্টিমিডিয়ার ব্যবহার। বাংলাদেশে এত প্রযুক্তিনির্ভর প্রযোজনা বোধ হয় এবারই প্রথম। ইউরোপীয় প্রসেনিয়াম মঞ্চধারায় উপস্থাপিত ম্যাকাব্রে। নাটিকটির নাট্যকার আনিকা মাহিনকেও ধন্যবাদ।