বহুমাত্রিক শিল্পী ছিলেন মিঠু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালিদ মাহমুদ মিঠু স্মরণে আয়োজিত শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী দেখছেন তাঁর স্ত্রী কনকচাঁপা চাকমা। ছবিটি গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনু​ষদ থেকে তোলা l প্রথম আলো
খালিদ মাহমুদ মিঠু স্মরণে আয়োজিত শিল্পীর শিল্পকর্মের প্রদর্শনী দেখছেন তাঁর স্ত্রী কনকচাঁপা চাকমা। ছবিটি গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনু​ষদ থেকে তোলা l প্রথম আলো

গত বছরের এই দিনে শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর জন্য অপেক্ষা করছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার। একটি প্রামাণ্যচিত্র দেখতে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু প্রামাণ্যচিত্র আর দেখতে যাওয়া হয়নি। সেদিনই এক দুর্ঘটনায় মারা গেলেন মিঠু।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উঠোনে চলচ্চিত্র নির্মাতা ও শিল্পী খালিদ মাহমুদ মিঠুর প্রথম মৃত্যুবার্ষিকীতে এমনভাবে তাঁকে স্মরণ করলেন প্রধান অতিথি শিল্পী মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠানে শিল্পসমালোচক মইনুদ্দীন খালেদ স্মৃতিচারণা করলেন খালিদকে নিয়ে। বললেন, খালিদ মাহমুদ মিঠু একজন বহুমাত্রিক শিল্পী ছিলেন। সে হিসেবে এ সমাগম খুবই স্বাভাবিক। এমন বহুমাত্রিক শিল্পী চারুকলা থেকে তেমন বের হয়নি। শিল্পী আবুল বারক আলভী বলেন, তাঁর যে বিভিন্ন ক্ষেত্রে পদচারণ ছিল, এটা তাঁর সঙ্গে কাজ করেই বোঝা যায়। প্রথমে তিনি ছিলেন শিল্পী, তার পরে আলোকচিত্রী, শেষে সিনেমা পরিচালক। তাঁর কোনো নির্দিষ্ট কর্মক্ষেত্র ছিল না। তিনি শিল্পের বহু ক্ষেত্রে পদচারণ করেছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আলোকচিত্রী আবদুল মালেক ও খালিদ মাহমুদ মিঠুর স্ত্রী শিল্পী কনকচাঁপা চাকমা। সভাপতি ছিলেন চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন।
আলোচনা পর্ব শেষে দেওয়া হয় শিল্পীর স্মরণে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার। দেখানো হয় শিল্পীকে নিয়ে বানানো একটি তথ্যচিত্র। এ ছাড়া জয়নুল গ্যালারিতে খালিদ মাহমুদ মিঠুর আলোকচিত্র ও শিল্পকর্ম দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে ১৩ মার্চ পর্যন্ত।
খালিদ মাহমুদ মিঠুর জন্ম ১৯৬০ সালে। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে এমএফএ পাস করেন। তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র গহীনে শব্দ। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ছবিটি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে ২০১০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।