বহুমুখী নওশীন
কিন্নরের বয়স চার। এক বছর আগেও মাকে সে সব সময় কাছে পেত। কিন্তু এখন মা দেশের ব্যস্ত তারকা। তাই বলে অবশ্য কিন্নরের অভিযোগ নেই। শুধু একটাই আবদার, ‘আম্মু যদি সকাল নয়টা-১০টায় ঘর থেকে বের হয়, তবে তাঁকে গাড়িতে চড়িয়ে পুরো মিরপুর ১ নম্বর ঘুরিয়ে তবেই কাজে যেতে হবে। কাজে যাওয়ার আগে হাতে চকোলেট, চিপস তো চাই-ই চাই; সঙ্গে কপালে ও গালে চুমু।’ ছেলেকে নিয়ে নওশীনের কথার ঝুড়ি শেষ হয় না। ‘আবার আমি যখন কাজ থেকে ফিরে আসব, তখনো আমার ব্যাগে কিছু না কিছু থাকতে হবে। ছেলে আমার দৌড়ে এসে ব্যাগ কেড়ে নেবে।মজার ব্যাপার হলো, আমার এবং আমার ছেলের জন্মদিনও একই দিনে ৪ আগস্ট।’ নওশীন নাহরিন। এক বছর আগেও তাঁর পরিচিতি, খ্যাতি ছিল ‘আরজে’র মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এখন ভিজে, মডেল, টিভি অভিনেত্রীর পরিচয় ছাপিয়ে নওশীন চলচ্চিত্রেও কাজ করতে যাচ্ছেন। শফিকুল ইসলাম ভৈরবী পরিচালিত ছবির নাম সুয়াচান পাখি। চলচ্চিত্রে যুক্ত হওয়া প্রসঙ্গে নওশীন বলছিলেন, ‘মিডিয়ায় আমি কাজ করছি, এটা আমার পরিবারকে মানাতেই দীর্ঘদিন লেগেছে; যে কারণে মূলধারার চলচ্চিত্রে কখনোই কাজ করতে চাইনি। একদিন মিলন ভাই (আনিসুর রহমান) এসে বললেন, ‘তুই শুধু কাহিনিটা শোন।’ গল্পটা ভালো লাগল। দেখলাম, ছবির সঙ্গে জড়িত প্রায় সবাই নাটকের মানুষ। তা ছাড়া আব্বার একটা কথা মাথায় সব সময় ছিল। আব্বা একবার বলেছিলেন, ‘মা, তোর যদি ছবি করতে ইচ্ছা হয়, শিল্পসম্মত ছবি করিস।’ ভাবলাম, সুয়াচান পাখি করলে আব্বা-আম্মাও অখুশি হবেন না। ব্যস, রাজি হয়ে গেলাম। তা ছাড়া আমার বয়স এখন ২৫। আমি আর বেশি হলে পাঁচ বছর নায়িকা চরিত্র করতে পারব। এরপর প্রস্তাব পেলেও নায়িকা চরিত্র করব না। যত দিন বয়স আছে, তত দিন ভালো প্রস্তাবগুলো কাজে লাগাব।’ সোজাসাপ্টা কথা বলায় ওস্তাদ নওশীন, যে কারণে অনেকে তাকে ‘অহংকারী’ও মনে করেন। ‘এ অভিযোগ গুটিকয়েক নির্মাতার—যাদের কাজ করি না।’ স্বপক্ষে যুক্তি দেখান নওশীন। ‘অনেকের অভিযোগ, আমি আমার কাজের ব্যাপারে মনোযোগী নই। যদি তাই হয়, তাহলে মাসের ২৫ দিনই কী করে ব্যস্ত সময় কাটাই? আমার সমস্যা হলো, নির্মাতা যতই অখ্যাত-বিখ্যাত হোক, আমি যখন প্রস্তাব পাই, গল্প, চরিত্র, সহশিল্পী সম্পর্কে জানতে চাই।’ এক বছর অভিনয় করেই মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের মনোনয়ন আমাকে সেই গন্তব্যে পৌঁছে দিয়েছে। এখন শুধু এই অর্জন ধরে রাখার পালা।’এক বছরের অভিনয় জীবনে নওশীন এখনই তাঁর প্রজন্মের অভিনেত্রী মমর ভাবি, নোভার মায়ের চরিত্রে অভিনয় করছেন। কেন? ধূপছায়া ধারবাহিকে মমর ভাবি হিসেবে নয়, শোয়েবের স্ত্রীর চরিত্রটি ভালো লেগেছিল বলেই কাজ করতে রাজি হয়েছিলাম। তা ছাড়া সেখানে ভাবির চরিত্রটি কিন্তু যথেষ্ট গ্ল্যামারাস। আর নিভৃতে নির্জনে নাটকের পেছনে আছে একটি গল্প। ফ্যান ক্লাব টুর্নামেন্টের সেটে একদিন লিনু আপা (জোবেরা রহমান) বলছিলেন, দুই বছর ধরে তিনি একটি পাণ্ডুলিপি নিয়ে বসে আছেন। কোনো নায়িকা সিঙ্গেল মায়ের চরিত্র করতে রাজি হচ্ছেন না। গল্প শুনে তো আমি তৎক্ষণাৎ রাজি। আমি নিজেও একজন সিঙ্গেল মা। আমার মাধ্যমে দেশের মানুষ যদি সিঙ্গেল মায়েদের সম্পর্কে কিছু বার্তা পায়, আমিই তো সবচেয়ে বেশি খুশি হব। আর নোভার নাম প্রস্তাব দিয়েছিলাম আমি নিজেই।’ অভিনয়ের ফাঁকফোকর দিয়ে ‘আরজে’ পেশাকে মিস করেন না? ‘করি না আবার! প্রথম প্রেম কি কখনো ভোলা যায়! তবে আমি আবার ফিরে আসব। ভবিষ্যতে নিজে রেডিও স্টেশন খোলার স্বপ্ন দেখি।’ নওশীনের পড়াশোনায় একটু ছেদ পড়েছে। তবে তিনি মা-বাবার কাছে প্রতিজ্ঞা করেছেন, ‘৩০ বছর হওয়ার আগেই তোমাদের হাতে অনার্স, মাস্টার্স ডিগ্রি এনে দেব।’ নওশীনের মা-বাবার অবশ্য অভিযোগ নেই। সন্তানের স্বতন্ত্র সত্তা তো সব মা-বাবারই কাম্য।