বহুরূপী সজল
প্রতিদিন খবরের কাগজ খুলে কার কোথায় বিয়ে, জন্মদিনের অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকীর আয়োজন—এসব দেখে বেড়ানো যেন অভিনেতা সজলের নিত্যদিনের কাজ। আর সে ঠিকানা অনুযায়ী পৌঁছে খাওয়া-দাওয়া করে আসাটাও যেন একটা দায়িত্ব। এ ছাড়া এমন কোন দুষ্টুমি নেই যা সজল করেন না। তার এ দুষ্টুমির মধ্যে ফকির হওয়াটাও বাদ যায় না। আর সজলের এ স্বভাবের কারণে পরিবার ও বন্ধু-বান্ধবরা কেউ তাকে দেখতে পারে না। সজল অভিনীত ‘ফাও’ নামের একটি এক ঘণ্টার নাটকের গল্প এটি। নাটকে এভাবেই বহুরূপে দেখা যাবে তাঁকে। রচনা করেছেন জুয়েল এলিয়েন এবং যৌথভাবে পরিচালনা করেছেন সোহেব আলম ও এম রাসেল। নাটকের গল্পটাই গড়ে উঠেছে বিভিন্ন অনুষ্ঠানে ফাও খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে। সজল বলেন, ‘আমাদের চারপাশে এ ধরনের কিছু মানুষ দেখা যায়। যারা কেবলই ফাও খাওয়ার তালে থাকে। চরিত্রগুলো নেগেটিভ হলেও দারুণ মজার। এমনই একটি চরিত্রে অভিনয় করেছি এ নাটকে।’নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন বিন্দু ও আহসানুল হক প্রমুখ।