‘সবাই জীবনে এক ঝলক রোদ দেখার অপেক্ষায় থাকে। আজ আমার জীবনে সেই এক ঝলক রোদ।’ বললেন প্রথমবার জন্মভূমিতে ফেরার আনন্দে আপ্লুত সাবিত্রী চট্টোপাধ্যায়।গতকাল শুক্রবার কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আয়োজিত বহ্নিশিখার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে কথাটি বললেন ভারতের পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্রশিল্পী সাবিত্রী চট্টোপাধ্যায়। জানালেন, অনেকবার ইচ্ছা হলেও সময়-সুযোগ করে জন্মভূমিতে আসা হয়নি। বাংলাদেশে কাটানো ছোটবেলার স্মৃতিচারণাও করলেন তিনি। অনুষ্ঠানে কলকাতার সমলয় এবং বাংলাদেশের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। সমলয়ের শিল্পী অদিতি ব্যানার্জি একক সংগীত পরিবেশন করেন। তিনি গেয়ে শোনান, ‘সাত ভাই চম্পা’, ‘সব কটা জানালা খুলে দাও না’, ‘গঙ্গা আমার মা, পদ্মা আমার মা’ এবং ‘ওকি গাড়িয়াল ভাই’ এ গানগুলো। সমলয়ের শিল্পীরা সমবেত কণ্ঠে করেন, ‘ধনধান্য পুষ্পভরা’, ‘ধিতাং ধিতাং বোলে’ এবং ‘হে পার্থ সারথী’। দীপশিখা বাগচী শোনান, ‘আজি এ নিশি সখী’। বাংলাদেশের বহ্নিশিখার শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন, ‘দাও শৌর্য, দাও ধৈর্য’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন সানু ব্যানার্জি, শাহ আলম সারোয়ার, বহ্নিশিখার সাধারণ সম্পাদক রুপু খান ও সভাপতি গোলাম কুদ্দুছ।