বাঁধন এখন
‘মিডিয়ার চেয়ে পরিবার আমার কাছে অনেক বড়। স্রোতে গা ভাসিয়ে মিডিয়ার তথাকথিত রঙিন জগতের সঙ্গে আমি কখনোই অভ্যস্ত হতে পারিনি।’সায়রা নামের মেয়েটি কাঁদছে। ‘কাঁদে না। সায়রা, কাঁদে না। লোকে কী বলবে! আমি তো লজ্জায় শেষ। দেখি দেখি, সায়রা বেবিটা কত বড় হয়েছে। আমার জানটুসটা।’—এসব কথায় মেয়ের কান্না থামানোর চেষ্টা করছেন মা আজমেরী হক। কী, আজমেরী হককে চেনা গেল না, তাই না?আরেকটি ছোট্ট নাম আছে তাঁর। বললেই ঝটপট চিনে ফেলবেন সবাই—বাঁধন। লাক্স-চ্যানেল আই সুপারস্টার বাঁধন।সুপারস্টার হওয়ার কিছুদিন পরই বসলেন বিয়ের পিঁড়িতে। এরপর কোলজুড়ে এল সন্তান—সায়রা। তারপর আবার অভিনয়ে ফেরা। এখন অভিনয় করছেন আকাশ মেঘে ঢাকা ও জীবন সংসার ধারাবাহিক নাটকে। দীর্ঘ বিরতির পর বেশ ভালোভাবেই আবার তারা-ঝলমল ভুবনে পা রেখেছেন তিনি। ভাবছিলাম, এসব নিয়েই কথা হবে তাঁর সঙ্গে। কিন্তু গত রোববার তাঁর মিরপুরের বাসায় গিয়ে দেখা গেল অন্য এক বাঁধনকে—দেড় বছর বয়সী মেয়ের কান্না থামাতে ব্যস্ত তিনি।‘মেয়ে আমার জান।’—বাঁধনের কথা। তারপর কথা এ-গলি ও-গলি ঘুরল। একসময় বললেন, ‘অভিনয়ে ফেরার জন্য আমি ২৭ কেজি ওজন কমিয়েছি। তবে জিম করিনি।’পাঠক, এবার জেনে নেওয়া যাক বাঁধনের ‘স্লিম’ হওয়ার বটিকা, ‘পুরো ব্যাপারটাই ইচ্ছাশক্তির। আমি একজন ডায়েটিশিয়ানের সঙ্গে দেখা করি। তিনি একটি চার্ট করে দেন। সেখানে চর্বিযুক্ত খাবারের চেয়ে প্রোটিনযুক্ত খাবার বেশি ছিল। আর ছিল প্রতিদিন বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো এবং হাঁটাচলার নির্দেশ। এভাবেই মাত্র পাঁচ মাসে ওজন কমিয়েছি।’বাঁধন দন্ত্য চিকিৎসক। পড়ালেখা করেছেন বাংলাদেশ মেডিকেলে। ২০০৯ সালে চুকেছে পড়ালেখার পাট। তত দিনে লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার বদৌলতে তাঁর নামের সঙ্গে যোগ হয়েছে ‘তারকা’ শব্দটি। টেলিভিশনে তখন অহরহ দেখা যায় তাঁকে। কিন্তু এর মধ্যে ২০১০ সালে হুট করেই বিয়ে করলেন।বাঁধনের দিকে এরপর বিয়েসংক্রান্ত প্রশ্নটি আসতে পারে ভেবে আগেভাগেই যেন উত্তর দিলেন। ‘ছোটবেলা থেকেই আমি খুব নিয়মানুবর্তী ও গোছানো স্বভাবের। লেখাপড়া শেষ হয়েছে, বিয়ে করেছি। তা ছাড়া বাসা থেকেও চাপ ছিল। আর আমারও মনে হচ্ছিল, বয়স তো কম হয়নি, বিয়ে আর কবে করব? এবার জীবনটা অন্যভাবে সাজানো উচিত। আসলে সময়ের কাজ সময়েই করা ভালো। বিয়েটা কিন্তু আমি বেশ ভেবেচিন্তেই করেছি।’বাঁধনের কথা কি শেষ হলো?না। আবার বললেন, ‘এবার নিশ্চয়ই বাচ্চার বিষয়ে কথা উঠবে। বাচ্চাও আমরা পরিকল্পনা করে নিয়েছি। বাঁচবই বা কয় দিন। সময়মতো বাচ্চা না নিলে তাকে ভালোভাবে মানুষ করব কীভাবে? মা না হলে আমার জীবনটা যেন অপূর্ণ থেকে যেত। আমার মেয়েকে আমি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। মিডিয়ার চেয়ে পরিবার আমার কাছে অনেক বড়। স্রোতে গা ভাসিয়ে মিডিয়ার তথাকথিত রঙিন জগতের সঙ্গে আমি কখনোই অভ্যস্ত হতে পারিনি।’অনেক কথা বলতে বলতে আবারও বাঁধনের নজর তাঁর মেয়ের দিকে। আলাপের ফাঁকে পাশের ঘরে গিয়ে মেয়েকে একবার সঙ্গও দিয়ে এলেন।আলাপের পরের কিস্তি শুরু হলে আবার তাঁর মুখে কথা, ‘মেয়ে আমার সৌভাগ্যের প্রতীক। ২০১১ সালে ওর জন্মের পর আবার কাজ করতে এসে আমি এমন কিছু চরিত্র পেয়েছি, যা আগে পাইনি। এসএ টিভিতে প্রচারিত আকাশ মেঘে ঢাকাতে আমার চরিত্রের নাম বর্ণা। বর্ণাকে ঘিরেই পুরো নাটকের গল্প গড়ে উঠেছে। আর এশিয়ান টিভির জীবন সংসার নাটকেও আমি কেন্দ্রীয় চরিত্র। তবে মেয়ের লালন-পালনের জন্য আমি এখন খুব বেশি কাজ করছি না—মাসে মাত্র ১২ দিন কাজ করি। তা-ও আবার রাত আটটার পর কোনো কাজ করি না। এসব শর্ত মেনে যাঁরা আমাকে নিতে পারেন, তাঁদের নাটকেই কাজ করি।’ ঢাকার মিরপুরের মেয়ে বাঁধনের জীবনে অনেক গল্প—ছোটবেলা, বড়বেলা, বিয়ের আগে, বিয়ের পরে; কিন্তু এর মধ্যে লাক্সের গল্প যেন আর ফুরোয় না। ‘লাক্স আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। ২০০৭ সালে যখন এই প্রতিযোগিতা শুরু হয়, তখন ব্যক্তিগত কারণে আমি খুব বিধ্বস্ত ছিলাম। হতাশা থেকে বাঁচতেই নাম লিখিয়েছিলাম এ প্রতিযোগিতায়। তারপর প্রতিনিয়ত সংগ্রাম করতে করতে আজ এই পর্যন্ত। লাক্সে আমাকে সবাই চিনত “ফাইটার” নামে। হতাশার সেই সময়গুলোয় বারবার মনে হতো, আমার জীবনের না-বলা গল্পগুলো যদি হুমায়ূন স্যারকে বলে যেতে পারতাম! পরে তাঁকে বলেও ছিলাম আমার হতাশার কাহিনি।’ কথাশিল্পী হুমায়ূন আহমেদের মহাভক্ত অভিনেত্রী বাঁধন বলে চলেছেন তাঁর জীবনে ফেরার গল্প। এই জীবনে তাঁর আছে সংসারের হাসি-গান-আনন্দ। কথার এক ফাঁকে বললেন, ‘হুমায়ূন আহমেদের “হিমু” সিরিজের বই পড়ে একসময় যে আমি নিজেকে রূপা ভাবতাম, এ কথা একটু লিখে দেবেন।’বাঁধন হাসছেন। আমরা ভাবছি, এতক্ষণ কে কথা বললেন—বাঁধন, না রূপা?