বাঁধন নয় অহনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈতা পাগল নাটকের মদিনা চরিত্রে বাঁধনকে আর দেখবেন না টিভি দর্শক। তাহলে কে হচ্ছেন পরবর্তী মদিনা? নাটকটির পরিচালক মাহফুজ আহমেদ বলেন, ‘এবার শুটিংয়ের জন্য প্রায় এক মাস ধরে বাঁধনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাসায় লোক পাঠানোর পরও বাঁধন কোনো সাড়া দেননি। গত মঙ্গলবার হঠাৎ বাঁধন জানান, তিনি আর শুটিং করবেন না। এর পরই মদিনা চরিত্রটির জন্য অহনার সঙ্গে আলোচনা করা হয়। এখন থেকে মদিনা চরিত্রে তিনিই অভিনয় করবেন।’মাহফুজের অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঁধন বললেন, ‘অসুস্থতা এবং কিছু ব্যক্তিগত কারণে আমি এখন চৈতা পাগল ধারাবাহিকে কাজ করতে পারছি না। আর তা নাটকের সঙ্গে সংশ্লিষ্টদের অনেক আগেই জানিয়েছি। কিন্তু তাঁরা এ ব্যাপারে গুরুত্ব দেননি। এখন তো আমার কিছু করার নেই।’এরই মধ্যে বিক্রমপুরে অহনাকে নিয়ে চৈতা পাগল নাটকের শুটিং শুরু করছেন মাহফুজ আহমেদ। অহনা বললেন, ‘হঠাৎ করেই আমাকে নাটকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। আমিও রাজি হয়েছি। শুনেছি, নাটকে আমাকে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ বলতে হবে। আশা করছি, এ ব্যাপারে সংশ্লিষ্টদের কাছ থেকে সহযোগিতা পাব।’