বাঁধনছেঁড়া জয়িতা
লেখাটি শুরু হতে পারে এভাবে, জয়িতা এলেন, গাইলেন এবং জয় করলেন—এটা তেমন কোনো ঘটনা নয়। শৈশব থেকেই দেখছেন মা মিতা হক গান করছেন, প্রতিদিন তাঁর কাছে তালিম নিতে আসছে অসংখ্য ছাত্রছাত্রী। অন্যদিকে বাবা খালেদ খান অভিনেতা হওয়ার সুবাদে এই মাধ্যমের মানুষজনকেও দেখেছেন কাছ থেকে। বাবার হাত ধরেই দেওয়ান গাজীর কিস্সা, অচলায়তন, নুরলদীনের সারা জীবন—এমন আরও কত নাটকের মহড়ায় বেইলি রোডে কেটেছে তাঁর দিন! নিজে অভিনয় করবেন—একসময় এমন বাসনাও জেগেছিল মনে। তবে শেষমেশ মায়ের পথেই হাঁটলেন মেয়ে। সম্প্র্রতি কলকাতার ভাবনা অডিও থেকে বাঁধন ছেঁড়ার গান শিরোনামে রবীন্দ্রসংগীতের একটি সিডি বেরিয়েছে জয়িতার। এ ছাড়া এখন বিভিন্ন মঞ্চে গান করছেন নিয়মিত। তাহলে মায়ের মতোই রবীন্দ্রসংগীতের পথে হাঁটলেন, বাবার রাস্তায় যাওয়া হলো না...। জয়িতার সঙ্গে তাঁর ধানমন্ডির বাসায় বসে আমাদের কথা যখন মাত্র এটুকু এগিয়েছে, তখনই কথায় বাদ সাধলেন জয়িতা। তীব্রভাবে মাথা নাড়িয়ে বললেন, ‘না, না, এমন নয়। বাবা-মা দুদিক থেকেই আমার রক্তে গান আছে। মায়ের কথা সবাই জানেন। তবে আমার বাবাও অসাধারণ গান করেন। তাঁর গানের সংগ্রহ বিশাল। পুরোনো দিনের অনেক গান আছে বাবার সংগ্রহে। বলা যায়, এসব গান শুনতে শুনতেই কান তৈরি হয়েছে আমার। আর বাবা-মা সব সময়ই আমাকে দিয়েছেন স্বাধীনতা। ভবিষ্যতে আমি কী করব, অভিনয়, না গান—সিদ্ধান্ত পুরোটাই আমার ওপর। শেষে একসময় মনে হলো, গানটা তো আমি ভালোই পারি, তবে গাই না কেন! গাইতে গাইতে গায়েন বলতে পারেন। মা শিল্পী হলেও নিয়ম করে ওস্তাদের কাছে নাড়া বেঁধে গান শেখা আমার হয়নি কখনো। আমি একটু উড়নচণ্ডী টাইপের তো। পরিকল্পনা করলে আমার পরি উড়ে যায় আর কল্পনা থাকে, হা হা হা!’লম্বা কথার অবসরে এখন হাসছেন জয়িতা। বসার ঘরের এক পাশে বাবা-মেয়ে খালেদ খান ও জয়িতার যুগলবন্দী ছবি। সেদিকে তাকিয়ে যেন ফিরে গেলেন শৈশবে। বললেন নিজের ছোট্টবেলার গল্প, ‘মায়ের কাছে গান শিখতে আসতেন অনেকেই। কিন্তু আমাকে ছাত্রী হিসেবে পেতেন না তিনি। এ নিয়ে ছোটবেলায় আমার মায়ের আক্ষেপের অন্ত ছিল না। তবে মা তাঁর ছাত্রছাত্রীদের যখন শেখাতেন তখন খাড়া থাকত আমার কান। গুণী বাবা-মায়ের সন্তান হওয়ার কারণে সবার অতিরিক্ত নজর ছিল আমার ওপর। এটা আমার ভালো লাগত না। তাই আমি যে খালেদ খান-মিতা হকের সন্তান এ তথ্য লুকিয়ে রাখার চেষ্টা করেছি অনেক দিন।’ গানের প্রতি মনোযোগী হলেন কবে? ‘তা দেড়-দুই বছর হবে। সবাই বলত আমি নাকি ভালো গান করি। তো, সেই থেকেই শুরু। এখন নিয়ম করে গানের চর্চা করছি। কলকাতার জয়ন্ত সরকারের কাছে শিখছি উচ্চাঙ্গসংগীত।’ আড্ডায় এতক্ষণে উঠে এল তাঁর সিডির প্রসঙ্গ। জয়িতার ভাষায়, ‘সে এক চমকপ্রদ ঘটনা! ভাবনা অডিও থেকে আগে মায়ের সিডি বেরিয়েছিল। তো, ভাবনার কর্ণধার বিশ্ব রায় কোত্থেকে যেন শুনলেন আমিও গান করি। মাথায় খেয়াল চাপল তাঁর—আমার সিডি বের করবেন। সব শুনে আমি তো অবাক! কিন্তু এমনই নাছোড়বান্দা তিনি, আমার সিডি বের করেই ছাড়লেন। তবে মজার ব্যাপার হলো, সিডিটি কলকাতায় মাত্র বাজারে এলেও বাংলাদেশে এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। সবই ঘটল এ বছর—কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে সবকিছু।’