বাঁধনের ‘অতঃপর ভালোবাসা’
পাঁচ বছর পর এসেছে ‘ক্লোজআপ ওয়ান—তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার তারকা বাঁধনের দ্বিতীয় একক অ্যালবাম। নাম অতঃপর ভালোবাসা। বাঁধন বলেন, ‘আমি বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক করেছি। এরপর চাকরি নিয়ে ব্যস্ত হয়ে যাই। পড়াশোনা আর চাকরির কারণেই মাঝে কয়েক বছর অ্যালবাম করতে পারিনি। তবে গানের চর্চা অব্যাহত ছিল। চেষ্টা করেছি নিজের মনের মতো একটি অ্যালবাম সবাইকে উপহার দেওয়ার। আশা করছি, গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’ অতঃপর ভালোবাসা অ্যালবামে রয়েছে ১০টি আধুনিক গান ও একটি নজরুলসংগীত। বাঁধন জানান, অ্যালবামের ১০টি আধুনিক গানের মধ্যে তিনটি দ্বৈত কণ্ঠে গাওয়া। গানগুলোতে সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন কিশোর, মুহিন ও সাব্বির। অতঃপর ভালোবাসা অ্যালবামের গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ বড়ুয়া, আবিদ রনি, শিহাব রিপন, সজীব, কিশোর ও সাব্বির। কণ্ঠ দেওয়ার পাশাপাশি অ্যালবামের জন্য গানও লিখেছেন বাঁধন। অ্যালবামের অন্য গীতিকারেরা হলেন আকিদুল ইসলাম, রবিউল ইসলাম, মাহমুদ মানজুর প্রমুখ। অ্যালবামটি প্রকাশ করেছে সংগীতা।২০০৮ সালে গানচিল থেকে বাজারে আসে বাঁধনের প্রথম অ্যালবাম ইচ্ছের বৃষ্টি।